তুমি আসো বড় ধীরে,
আমার ধৈর্য্যের বাঁধ ভাঙ্গা অশান্ত তীরে,
যেথায় আমি দাঁড়িয়ে থাকি তোমার অপেক্ষায়,
আমার মৃত-প্রায় আত্মার শেষ নিঃশ্বাসটুকুর
অস্থির পদধ্বনি নিয়ে,
তারপরও তুমি আসো বড় ধীরে,
যখন ব্যস্ত পৃথিবীও তার সমস্ত ক্লান্তি নিয়ে ঘুমিয়ে থাকে,
তুমি আসো মধ্যরজনীতে পারুলের লতায় দোল খেয়ে যাওয়া
স্নিগ্ধ বাতাস হয়ে,
কখনো হয়তো অলক্ষ্যে আমার ঘরে ঢুকে যাওয়া বেলী ফুলের
মৌ মৌ সুবাসের মতো তুমি আসো বড় নিশ্চুপে,
হয়তো হেসে হেসেই,
কিন্তু আমার শুকিয়ে যাওয়া অনুভূতির কাছে সেই হাসির আওয়াজ
বড় দূরের মনে হয়, শত আলোকবর্ষ দূরের,
তারপরও তুমি জানি কেমনে আমারে প্রাণ দাও, আর আমি আমার প্রাণ
ফিরে পাওয়া অনুভূতিটার সমস্তটুকু দিয়ে যখন তোমায় ছুঁতে যাই,
তখনই তুমি হারিয়ে যাও, আবার শুরু হয় আমার অপেক্ষাও,
হ্য়তো তুমি আসোই তোমার তরে আমার অপেক্ষার নতুন আরেক
প্রহর সাজাতে, আমি আবার অপেক্ষায় থাকি,
আবার আমার কবিতার খাতা খুলি,
আর সেই খাতাটার সমস্তটা জুড়ে তখনো থাকে কেবলই একটাই আর্তনাদ--
তুমি আসো বড় ধীরে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


