- কি ব্যাপার তুমি কে ?
- আমি , আমি হাসিব , কিন্তু তুমি ?
এই মধ্যরাতে পিচ্চি ছেলেটা কোথা থেকে আসলো ভেবে চরম অবাক হলাম ।
- তুমি আমাকে চেনোনা ? তাহলে আমার কথা ভাবছিলে কেন ?
প্রচন্ড শক খেলাম ! আমি সামিউলের কথা ভাবছিলাম কিন্তু তাই বলে সে আসবে এটা ভাবিনি , কিছুটা কেঁদেই ফেললাম ।
- তুমি সামিউল ? এস ভাই এইখানে আমার পাশে বসো ।
সামিউল আমার পাশে বসলো বেশ স্বাভাবিক ভঙ্গিতেই , আমি শুধু তার দিকে তাকিয়ে আছি আর আমার অজান্তেই কান্না আসছে , থামাতে পারছি না ।
- কি ব্যাপার তুমি কাঁদছ কেন ? আমাকে ভাবছিলে কেন তাড়াতাড়ি বলো , আমি অল্প সময় নিয়ে এসেছি , আবার চলে যেতে হবে ।
আমি বুঝতে পারছিনা কি বলবো ? বললাম
- তোমার কোথায় ব্যাথা লেগেছে ভাই ?
এবার সামিউলকে দেখলাম অনেকটাই অসহায় হয়ে তাকালো , কান্না সুরে সুরে বললো
- তুমি জানো , আমার মা আমাকে মেরে ফেলেছে , খুব কষ্ট দিয়ে মেরেছে , আমাকে মেরে আমার দেহটাকেও শান্তিমতো কোথাও কবর দেয় নি , আমি অনেকদিন রাস্তায় পরেছিলাম , আমার আত্মা খুব কষ্ট পাচ্ছিলো ।
ঝর ঝর করে কেঁদে ফেললো সামিউল , আমার বুকটা হাহাকার করে উঠলো । জড়িয়ে ধরলাম ওকে । কি করবো কি করবো ?
- আচ্ছা ভাইয়া মায়েরা এমন কেন ?
আমি চমকে উঠলাম , কি বলছে ছেলে ?
- না ভাই না , মায়েরা এমন হয় না ।
- আমি নিজের চোখে দেখলাম .....
- ভুল দেখেছ ভাই ভুল দেখেছ ।
- ভুল দেখেছি ?
কিছুটা অবাক ,
- তাহলে মায়েরা কেমন ?
আমি কি বলব বুঝতে পারছি না .... এই অবুঝ ছেলেটাকে কি করে বুঝাব?
- মায়েরা খুব ভালো ভাই খুব ভালো , তারা কখনো তাদের সন্তানকে কষ্ট দেয় না , সব সময় যত্নে রাখে , তোমাকে কি করে বলি ভাই বলো ? মায়েরা সন্তানকে এমন করে রাখে মাটিতে রাখলে পিপঁড়ায় খাবে আবার মাথায় রাখলে উকুনে খাবে , মা সবসময় তার সন্তানকে আঁচলে আগলে রাখে । মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত !
- ভুল ভুল চিৎকার করে ওঠে সামিউল ।
আমি ভয় পেয়ে যাই ।
- মায়েরা এমন হয় না , এমন হলে আমাকে যখন গলা টিপে ধরলো আমি তখন হাত পা ছড়িয়ে ছটফট করছিলাম , মায়ের দিকে বারবার তাকাচ্ছিলাম , মা মা বলে ডাকও দিচ্ছিলাম , অথচ সেই মা আমার পা দুটো ধরে রাখছিলো , আর কেমন জানি হাসছিলো । আমি কত করুন স্বরে বললাম , মা আমি ব্যাথা পাচ্ছি , আমাকে বাঁচাও । সে আমাকে আরো জোরে বালিশ চাপা দিলো । আমি মরে গেলাম আমার দেহটাকে সে রেখে দিলো ঠান্ডা ঘরে , মরার পরেও শান্তি দিলো না , তুমি যা বলছ সব ভুল , ভুল ভুল ।
সামিউলের চিৎকারে আমার দম বন্ধ হয়ে যায় , বুক ফেটে যাচ্ছে , কোনমতে বললাম
- ও তোমার মা নয় ভাই ও একটা ডাইনি ।
- কি বললে ? কি বললে ? ও ডাইনি ? তাহলে আমার মা কে ? আমার বেহেশত কোথায় ? বলো বলো জবাব দাও ।
আমি হতবাক হয়ে যাই , কি বলবো ?
সামিউল চিৎকার করে কাঁদতে থাকে , চিৎকারে আকাশ ভারী হয়ে ওঠে ।
তবু ওকে ক্ষীনস্বরে বলে উঠি
- সামিউল বিশ্বাস করো ভাই , মায়েরা এমন নয় ! আমার মা তোমাকে বেহেশতে জায়গা দিবে বিশ্বাস রেখো ।
তবু সামিউল কাঁদতে থাকে , তার নিজের মা এত নিষ্ঠুর ! আমি সহ্য করতে পারি না কিছুতে । শুধু হতবাক হয়ে থাকি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

