(আফ্রিকান গল্পকার, লী জেন , আপনি জানবেন ____
বন্যার্ত বাঙলায় জলের পাশেই কাশফুলও ফোটে ... )
বিস্তারিত জলরাশি _____ কিছুই দ্রষ্টব্য নেই আর ;
দৃশ্যাবলী পরাজিত ,তরঙ্গ-বিভঙ্গে মৃতস্বপ্নের মতো ,
পাকখাওয়া স্রোতের তলানি ; গত মধ্যরাতে,
আফ্রিকান কৃষ্ণাঙ্গী লেখক তার মুক্তাদানার দাঁতে
বিষণ্ন হাসি মেখে আমাকে বলেছে ___ এক জলমহাদেশ
সে নাকি কল্পনা আর বাস্তবের সংযত মিশ্রণে
বহুবার স্বচক্ষে দেখেছে ; যতবার আমি তার মুখোমুখি ___
সে নাকি দেখেছে এক বৃত্তায়িত সবুজায়নের দেশ ,
রাশি রাশি জল আর জলের বিস্তীর্ণ মাঠে সুবিন্যস্ত
দ্বীপের মতন গেরস্থালি ; ডারবান বেতারে সে
বাংলাকে বন্যার প্রতিশব্দে চিত্রায়িত করে ___ আমি তার
"বালিকা-ক্রন্দন " পড়ে বিস্মিত ! সলিল সমাধি যার
দুর্নিবার পরিণতি ___ আজও সেই বালিকার স্মৃতি ___
আমার নির্জন বুকে কেঁপে-কেঁদে ভিন্নতর বন্যার গান ...
রাশি রাশি ঢেউয়ের শিয়রে বসে বিনিদ্র আমিও কাঁদি ___
জলাচ্ছন্ন ; প্রতিরূপ মেঘের স্বকালে ___ যার ডাকে
দুঃখভঙ্গ হলো ___ শোনা যাচ্ছে, সে নাকি কোমল,
শরতের মেজকন্যা ___ ফর্সা ও কাশবতী, সফেদকুমারি ;
আপাতত ___ আমি তার প্রেমে মজিয়াছি ___
( বামনা, বরগুনা । ১৬ সেপ্টেম্বর, ২০০৭ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

