আমরা বন্ধুরা সবাই তৃষ্ণার জলচৌকিতে বসেছিলাম।
অবসাদ দিয়ে মোড়া বেতের কারুকার্যগুলি আমাদের
মুহূর্ত হরণ করছিল। কারুই জানা ছিল না আমরা
কীসের প্রতীক্ষায় অকারণ দিনক্ষয় করছি। কোথায়
আমরা এখন; কী হবে এরপর? জানি না কিছুই। শুধু
কখনো কখনো দ্বিধার চোখগুলো বাইরে ছুড়ে দিই।
ভয় আসে। বাইরে দেখি চৈত্রের দারুণ দুপুর ঝিমোয়।
আমাদের তাড়াহুড়ো ছিল না। লোকে যারে গন্তব্য বলে
সেইরূপ গন্তব্যরে একটি বিধুর পাখির নাম ভেবেছি, তাই
গন্তব্যকে একটি পাখির মতন আমাদের খাঁচায় নিয়ে
আমরা পা ফেলে হাঁটি। আমার বন্ধুরা সবাই সময়ের দীর্ঘতায়
অস্থির। আহ, যদি হত এটি অনায়াস রিমোট কন্ট্রোল,
কেটে কিছু বাদ দেয়া যেত। তখন কেমন হত?
আমরা জানি না অপেক্ষা কাকে বলে। পিপাসার গূঢ় অর্থ কী।
লোকে যারে এন্তেজার বলে, তার মতো একটি ছোট্ট দীপঘর
আমাদের মনপাড়ে আছে, আমরা বুঝতে পারি। ওপাশে সভ্যতা, রিজন।
বিরূপ হাওয়ার তষ্কর ঘরটিতে লুটোপুটি খেলে, আমাদের গন্তব্যহীন
করে। আর, অবসাদ দিয়ে মোড়া বেতের কারুকার্যগুলি আমাদের
মুহূর্ত হরণ করে। আমরা দীপঘরটিরে ক্রমশই পিছনে ফেলে যাই।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


