আমরা প্রবাসী। যখন সদ্যজাত বাচ্চাকে ঘুম পাড়াতাম তখন দেখলাম ওকে কোলে করে নিয়ে হাটতে হাটতে গুনগুন করে গান গাইলে বাচ্চা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। (ডিসক্লেইমার- আমরা স্বামী স্ত্রী দুজনের কেউই গান জানিনা) তবে কি গান সেটাও ১টা ব্যাপার। এমনও হয়েছে বেডরুমের মধ্যেই ১ ঘন্টা হেঁটেছি, তাও পুচকির চোখে ঘুম নেই। ৫০-৬০-৭০ দশকের মেলোডি গান (বাংলা-ইংরেজি দুটোই) , রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, দেশাত্নবোধক সবই চালাতাম। কিছু গান খুব হিট ছিলো যেমন "ফুলে ফুলে ঢলে ঢলে"।
আমার মেয়ের বয়স যখন ৯-১০ মাস তখনই বুঝতাম ও গান নকল করার চেষ্টা করছে। বছর খানেক হবার আগেই টুকটাক কথা শিখলো (যেমন- এ্যা পিততি) বাচচার মা বাবা দুজনেই হলো "বাবা"। "তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়" থেকে শিখলো "কাললালে"। ১৫-১৬ মাস থেকে ২ বছর বয়সে ভাষা শিখায় খাইলো বিরাট ডাববা। কোন অগ্রগতি নাই। মেয়ে প্রাণপণ চেষ্টা করলো বাবার ঐতিহ্য রাখতে (আমিও দেরীতে কথা শিখেছি)। ওর বয়সী বাচচারা যারা ওর চেয়ে কথায় পিছিয়ে ছিলো, তারাও কঠিন বাক্যালাপ শুরু করলো (২ বছরের ছেলে মাকে বলে "আম্মু তোমাকে খুব সুন্দর লাগছে" "আমি গরুর মাংস খাব")
আগেই দেশ থেকে কিছু বাংলা ছড়া গানের সিডি ছিলো। "নোংগর তোল তোল" শুনলে মেয়ে হাতটা উচুতে তুলে বলে "হোল হোল"। কি হোল কে জানে। হাত তুলে হোলো হলো বলতে হবে এটা শিখ গেছে দিবি (ডিভিডি) থেকে। "বায়স্কোপ" হলো বায়সসোপ, আরেকটা হিট গান। "তিংকা, তিংকা লিশাতা" গানটার কথাতো আমার আগের একটা পোস্টে বলেইছি।
আড়াই-তিনে শুরু হলো বিদ্যা চর্চা। অ-আ-ক-খ। অক্ষর চেনার একটা বই ছিলো। কোন এক বিচিত্র কারণে ব্যন্জন বর্ণের শেষের দিকের বর্ণ গুলাই তার পছন্দ হলো। ক খ চেনে না তবে বিসর্ব (বিসর্গ), অনুস্বাত (অনুস্বর), চন্নবিন্নু (চন্দ্রবিন্দু) এগুলায় কোন সমস্যা রৈলোনা।
একদিন দেখি জানালার সামনে দাঁড়িয়ে বলছে, "অনুস্বাতে পাখি, বিসর্বতে বাসা।" অনুস্বারের সাথে পাখির কি সম্পর্ক বা বিসর্গর সাথে বাসারই বা কি মিল কে জানে।
তিন বছর হবার পর শুরু হলো বাংলা ভোলার পালা। কারণ বাচচা এখন ডেকেয়ারে যায়। প্রবাস জীবনের আরেক যন্ত্রণা। ডেকেয়ারে সব বাচচারই ভাষা ইংরেজি। এখন মোট ৫-১০টা বাংলা বর্ণও চেনে কিনা কে জানে। রাতে ঘনটা চারেক সময়ে কি আর বাংলা চেনানো যায়। ভয় হয়, ভবিষ্যতে তো আরো খারাপ অবস্থা হবে, বিশেষত যখন স্কুলে যাবে। তখন তো বাসায় এসে হোম ওয়ার্ক।
প্রবাসীর মেয়ে, বাংলা আমাডের মত জানবে এটা কখনো ভাবতাম না, তবে আমরা যতটুকু ইংলিশ জানি ততটুকু বাংলাও জানবে না। তবে কি আমাদের মেয়েটাও আর দশটা প্রবাসী বাচচার মত ভাঙা ভাঙা বাংলা বলবে
(বানান বিশারদের যন্ত্রণায় বানান ঠিক করা হোল)
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৯ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


