প্রথমবারের মতো ঢাকার কোনো ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল। 'মেহেরজান' খ্যাত নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের দ্বিতীয় ছবিতে কাজল অভিনয় করবেন। এরই মধ্যে অভিনয়ের ব্যাপারে কাজলের সঙ্গে চুক্তি হয়ে গেছে। ছবিটি বাংলা এবং ইংরেজি ভার্সনে নির্মিত হবে। বাংলায় ছবির নাম রাখা হয়েছে 'হাউস ওয়াইফ' আর ইংরেজি ভার্সনে 'ডাইরি'। ছবিতে একজন বাঙালি গৃহবধূর চরিত্রে অভিনয় করবেন কাজল। এতে আরও অভিনয় করবেন ভারতের তিন অভিনয়শিল্পী ভিক্টর ব্যানার্জি, দীপ্তি নাভাল ও রাহুল বোস। বাংলাদেশ থেকেও অভিনয়শিল্পী নেওয়া হবে ছবিতে। তবে বাংলাদেশ থেকে কোন কোন অভিনয়শিল্পী অভিনয় করছেন তা এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে তা প্রকাশ করবেন নির্মাতা। রুবাইয়াত হোসেন বলেন, 'আমার প্রথম ছবিটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে। পরিকল্পনা করে ছবিটি আঁটকে রাখা হয়েছে। কিন্তু এতে মোটেও দমে যাইনি আমি। তাই আবারও ছবি নির্মাণ করছি।'
রুবাইয়াতের এবারের ছবির গল্প কোনো যুদ্ধের প্রেক্ষাপটে নয়। এবার তিনি বেছে নিয়েছেন একটি অন্যরকম গল্প। গল্প গড়ে উঠেছে, প্রবাসী এক বাঙালি পরিবারের জীবন নিয়ে। এখানে দেখা যাবে, এক বাঙালি মেয়ে বিয়ে করে স্বামীর সঙ্গে বিদেশে চলে যায়। সেখাসে সে তার স্বামীকে যেভাবে পেতে চায় ঠিক সেভাবে সে পায় না। তার মনের ইচ্ছা, আবেগ, অনুভূতি স্বামীকে স্পর্শ করে না কখনো। একাকিত্বতা তাকে কুরে কুরে খায়। এক সময় মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার স্বামীরই এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে। এমনি নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে চলচ্চিত্রটির গল্প।
আগামী মাসে ছবির প্রতিটি অভিনয়শিল্পী চূড়ান্ত হবে। তারপর শুরু হবে শুটিং প্রস্তুতি। নভেম্বরে মহরতের পর থেকে শুটিং শুরু হবে। শুটিং স্পট নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্র, কলকাতা ও বাংলাদেশে।
জানা গেছে, ছবিটি প্রযোজনা করবে দুটি প্রতিষ্ঠান। বাংলাদেশ থেকে থাকছে ইরা মোশন পিকচার্স। আর যুক্তরাজ্য থেকে থাকছে মেরা পিকচার্স। আর এটি পরিবেশনার দায়িত্ব পালন করবে ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের প্রতিষ্ঠান এবিসিএল করপোরেশন। এ বিষয়ে গত শুক্রবার দুই পক্ষের মধ্যে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এই ছবিটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

