নেইমারের ব্রান্ড ভ্যালু এই মুহূর্তে মেসি-রোনালদো থেকে কিছুটা কম হলেও ওর যে হেয়ার স্টাইল, ক্যামেরার সামনে প্রেজেন্টেশন সাথে মাত্র ২১ বছর বয়েস, তাতে আগামী কয়েক বছরের মাঝে এই একটা দিক থেকে মেসি-রোনালদোকে পিছনে ফেলা নেইমারের জন্য অসম্ভব কিছু না। আর ওর ক্যালিবারের একটা প্লেয়ারকে কিনতে বার্সা যে মাত্র ২৫ মিলিয়ন ইউরো খরচ করলো এটাও বেশিরকম বিষ্ময়ের! একদিন আগেই তো মোনাকো অচেনা বা স্বল্প চেনা কলম্বিয়ান জেমস রড্রিগেজকে কিনলো ৪৫ মিলিয়নে! মাত্র ছয় মাস আগেই নেইমারেরই স্বদেশী লুকাস মওরাকে পিএসজি কিনে নিয়েছে ৪৫ মিলিয়নে। সেখানে নেইমারের জন্য ২৫ মিলিয়নকে 'খুব কম' বলার রিস্কটা নেওয়াই যায়। আর ২৫ মিলিয়ন তো নেইমারের জার্সি বিক্রি-স্পনসর-বিজ্ঞাপন থেকে উঠতে মাত্র কয়েক মাস লাগবে। বড় বাজি জিতেছে বার্সেলোনা। রিউমার ছিলো, রিয়াল মাদ্রিদ ৬৫ মিলিয়ন অফার কয়ে বাই-আউট ক্লজ ভেঙে নেইমারকে কিনতে চেয়েছিলো। কিন্তু, নেইমারের একাগ্র ইচ্ছাই বার্সার জন্য কাজটা সহজ করে দিলো। একটা তথ্য দেই, মরিনহো রিয়ালে যাওয়ার পরের বছর একটা লেফট ব্যাক, মার্সেলোর বিকল্প হিসেবে বেঞ্চে বসিয়ে রাখার জন্য পর্তুগিজ ফাবিও কোয়েন্ট্রাওকে কিনতে খরচ করেছিলো ২৯ মিলিয়ন! গত বছর লুকা মরডিচকে কিনেছে ৩৩ মিলিয়ন দিয়ে। সেখানে নেইমার মাত্র ২৫ মিলিয়ন; একধরণের বাজি জেতাই। জ্লাতান ইব্রাহিমোভিচের 'হ্যাজার্ডাস' ট্রান্সফারটার পর থেকে বার্সাকে আর ক্যালিবার থেকে অতিরিক্ত ভ্যালু দিয়ে প্লেয়ার কিনতে দেখিনি। গত বছরের সানচেজ, সং এবং ফেব্রিগাস সাইনিং গুলোও সেকথা বলে দেবে।
নেইমার-মেসি-সানচেজ; আগামী মৌসুমে এই তিন ল্যাটিন আমেরিকান ফরোয়ার্ডকে নিয়ে গড়া আক্রমন ভাগকে দেখতে জিভে জল চলে আসার কথা। তবে কিছু খারাপ দিকও আছে। নেইমার সাধারণত ডেভিড ভিয়ার লেফট ফরোয়ার্ড পজিশনটা অপারেট করায় ভিয়াকে ক্লাব ছাড়তে হতে পারে। বার্সার বেঁচে দেওয়ার সম্ভাবনাই প্রবল। ভিয়া সাইড বেঞ্চে বসে থাকার মত প্লেয়ার না এখনও। বেচলেও আমি চাই ইংলিশ প্রিমিয়ার লীগে আসুক ভিয়া। ওটাই দেখা হয় নিয়মিত। আরেকটা ব্যাপার, একটা প্রবাদ আছে, 'অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট'; এরকম কিছু ঘটাও অমূলক না। বার্সেলোনার খেলা মেসি কেন্দ্রিক, সেখানে নেইমার কতটুকু কী করার সুযোগ পাবে সে ব্যাপারে বেশ সন্দিহান। এক বনে দুই বাঘ থাকতে পারে না। ইয়োহান ক্রুইফ তো বলেই দিয়েছেন, 'Messi & Neymar at Barca? There would be two captains on the ship. History has shown that doesn't work.'
নেইমারকে রিয়াল মাদ্রিদের বিশাল টাকার অফার ক্রস করে সাইন করানোটা রিয়ালের বিপক্ষে একটা মানসিক জয়ই এনে দিলো মৌসুম শুরু হওয়ার আগেই। পেরেজ নিশ্চয়ই টাকার বস্তা নিয়ে এখন গ্যারেথ বেল আর এডিলসন কাভানির পিছে ছুটবে বলেই ঠাওর হচ্ছে। নেইমারকে কিনতে ট্রান্সফার বাজেট কম খরচ হওয়ায় বার্সা একাধিক ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার কিনতে পারবে এখন; যেটাই সবচেয়ে বেশি প্রয়োজন এবং গেল মৌসুমে এটাই সবচেয়ে বেশি ভুগিয়েছে। একই ভুল বার্সা একাধিকবার করবে না বলেই আশা রাখি। দেখা যাক।
আরেকটা ব্যাপার, এতদিন দেখে এসেছি আর্জেন্টাইন সমর্থকেরা (মেসির জন্যই সম্ভবত: ) বার্সেলোনা সমর্থন করে, ব্রাজিল সমর্থকেরা (কাকা, মার্সেলো এবং মেসি বিরোধীতা) করে রিয়ালের সমর্থন। এদের অনেকেই ক্লাব ফুটবলে সমর্থনের মাঝে সাপোর্ট করা দেশকে খোঁজে। এবং এই পাল্লার ভারটা নেহায়েৎ কম না। নেইমার বার্সেলোনাতে যাওয়ায় কাদের কী প্রতিক্রিয়া হয় সেটা দেখার অপেক্ষা করছি।
ব্রাজিলিয়ানদের মাঝে আচরণ গত কিছু সমস্যা পাওয়া যায় মাঝে মাঝেই। নেইমার বার্সেলোনার শৃঙ্খলে আটকে সেটা কন্ট্রোল করতে পারলেই দারুন একটা কম্বিনেশন দেখার জন্য অপেক্ষা করতে পারেন।
বিশ্বের যদি বর্তমান সেরা দশটা প্লেয়ারের তালিকা করা হয় তার মাঝে মেসি, রোনালদো, জাভি, ইনিয়েস্তা এবং নেইমার থাকবেই। সবচেয়ে মজার ব্যাপার এই সেরা দশের পাঁচজনই লা লীগাতে খেলে! চারজনই বার্সেলোনার।
বি: দ্র: ব্যক্তিগত ভাবে লিভারপুলের পাড় সমর্থক হলেও স্প্যানিশ লীগে বার্সেলোনাকে সমর্থন করি অনেক আগে থেকেই। তবে উগ্রপন্থি সাপোর্টার কখনোই ছিলাম না। তাই ম্যানচেস্টার ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদ আমার অ্যালার্জির কারণ হয়না। বরং, ক্যাসিয়াস, আলনসো, ডি গিয়া, রুনিদের ভীষণ পছন্দই করি।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



