আমার দাদা প্রায় ১০-১২ বছর আগে থেকে হার্টের সমস্যায় ভুগছেন, বয়স ৮০ এর কাছাকাছি। এর মধ্য চোখের সমস্যা আছে। বেশ কিছুদিন আগে চোখের অপারেশনও হয়েছে। আরও বেশ কিছু সমস্যা রয়েছে। তারপরও আল্লাহর রহমতে এখন তিনি সুস্থ স্বাভাবিক মানুষ। তাঁর সমসাময়িক অনেকেই তাঁর সামনে দিয়ে চলে গেছেন। ইংরাজী এবং আরবী দুই ভাষারই পন্ডিত তিনি। এত কিছুর পরও কোরআন পড়া ছাড়েননি। কোরআন থেকে কি বুঝেছেন জানি না, দরিদ্র অসহায়দের প্রতি উনি খুবই দুর্বল। এজন্য একটি সংগঠন কায়েম করেছেন, এই সংগঠনের মাধ্যমে দুস্থ অসহায়দেরকে সহায়তা করে থাকেন। বলা যায় এটাই তাঁর ধ্যান জ্ঞান। বেশ সুখেই আছেন। ভাল কিছু কাজের মাধ্যমে চমৎকার সময় পার করে যাচ্ছেন। কয়েকদিন আগেও আমাকে ফোন করে বললেন ভবিষ্যতে কোন কিছু করার কথা বললে অবশ্যই ইনশাআল্লাহ বলবে, আমি কোরআনে বেশ কয়েক জায়গায় পেয়েছি।
কিছুদিন পূর্বে দাদার স্বাক্ষরিত একটা কাগজ পেলাম। যেখানে তিনি তাঁর সন্তানদের উদ্দেশ্যে অসিয়ত করেছেন। সেখানে তিনি যা লিখেছেন তা হুবহু এখানে তুলে দিলাম।
আমার জীবনের শেষ লগ্নের কিছু উপদেশ (অসিয়ত)
১. সব সময়ই শিরকের অপরাধ থেকে দুরে থাকবে। শিরক জঘন্যতম অপরাধ। আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে অপর কারও বানানো দ্বীন ও জীবন-বিধান আল্লাহর কাছে নিকৃষ্টতম শিরক ও কঠিন গুণাহ। এর কঠিন শাস্তি সেসব লোককে অবশ্যই ভোগ করতে হবে যারা আল্লাহর জমীনে নিজেদের রচিত দ্বীন অনুসরণ করছে।তাই মানব রচিত আইন-বিধান বর্জন করবে।
২. আল্লাহর দ্বীন তথা জীবন বিধান প্রতিষ্ঠা করতে মাল ও জান দিয়ে আজীবন প্রচেষ্টা চালিয়ে যাবে।
৩. মায়ের পাযের তলে সন্তানের বেহেশত। মায়ের খেদমতের জন্য সর্বদা সচেষ্ট থাকবে। সে যেন কোন সময় অসন্তুষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবে।
৪. যথারীতি নামাজ আদায় করবে। নামাজ আদায়ে কখনো অবহেলা করবে না। হিসেব করে যাকাত দিবে। আন্দাযে যাকাত আদায় করলে যাকাত আদায় হয় না। উক্ত অর্থ দানে পরিণত হয়। এতে শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না্
৫. হালাল রুজী সংগ্রহ করবে। অবৈধ উপায়ে অর্জিত একটি পয়সাও যেন পকেটে না আসে। বৈধ উপায়ে অর্জিত অর্থ বৈধ উপায়ে ব্যয় করবে।
৬. পর্দার বিধান কঠোরভাবে মেনে চলবে। আমাদের পরিবার হবে একটি আদর্শ পরিবার। আমাদের বাড়ীর চারদিকেই গরীব ও অশিক্ষিত লোকের বাস। তোমাদের ক্রিয়াকলাপ, আচার-ব্যবহার ও কথাবার্তার মাধ্যমে প্রতিবেশীরা যাতে কিছু শিখতে পারে তার চেষ্টা করবে।
৭. প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে।
৮. আত্নীয় ও অনাত্নীয় সবার সাথে হাসিমুখে কথা বলবে।
৯. দরদভরা অন্তরে নিজ স্বামীর খেদমত করবে। এমন কথা বলবে না বা এমন আচরণ করবে না যাতে তাদের মনে কষ্ট হয়। ‘সংসার সুখের হয় রমনীর গুণে’ এই নীতিবাক্য বাস্তবায়নের জন্য সর্বাত্নক প্রচেষ্টা চালাবে।
১০. গরীব রোগীদের প্রতি সহানুভূতিশীল হবে। প্রয়োজনে বিনা পয়সায় তাদের চিকিৎসার ব্যবস্থা করবে।
১১. টাকা পয়সার অভাবে কোন ভাই-বোনের ছেলেমেয়ের লেখাপড়ার যেন কোন অসুবিধা না হয় সেদিকে নজর রাখবে ও আর্থিক সহায়তা দান করবে।
১২. পারিবারিক সম্পর্ক আরও মধুর ও মজবুত করতে সম্ভব হলে পরিবারে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে।
১৩. কৃপণতা অবলম্বন করো না। কৃপণ ব্যক্তি আল্লাহর নিকট ঘৃণিত।
১৪. ভবিষ্যত কর্ম সম্পাদনে অবশ্যই ‘ইনশা আল্লাহ’ বলবে।
১৫. পিতার অবর্তমানে বড় ভাই পিতার সমমর্যাদার অধিকারী। বড় ভাইকে আন্তরিকতার সাথে শ্রদ্ধা করবে। কোন সিদ্ধান্ত গ্রহণে তার মতের প্রাধান্য দেবে।
১৬. জন্ম বার্ষিকী ও মৃত্যু বার্ষিকী পালন করা ইসরাম সম্মত নয়। কুসংস্কার ও অপসংস্কৃতি বর্জন করবে।
১৭. নিজের শ্রেষ্ঠত্ব, সম্পদ ও শক্তি প্রদর্শনের জন্য কারুকার্যময় সুরম্য দালান-বাড়ী তৈরি করবে না। এটা অহংকারের প্রতীক। একজন মুসলমান অহংকারী হতে পারে না।
১৮. গরীব আত্নীয় স্বজনের খোঁজ খবর নিবে এবং প্রয়োজনে তাদেরকে সব রকমের সহযোগিতা দান করবে।
১৯. বিধবা ও মিসকীনদের প্রতি সহানুভূতিশীল হবে। তাদেরকে আহার করাবে। কোন অনাহারী যেন তোমাদের দরজা থেকে ফিরে না যায়।
২০. আমার মৃত্যুর পর মৃত্যু সংবাদ মাইকে প্রচার করবে না এবং খুবই সাধারন কাপড়ে দাফন কাফনের ব্যবস্থা করবে। মৃত্যুর পর কোন খানাপিনার ব্যবস্থা করবে না এবং বিশেষ দিনে বা মৃত্যুবার্ষিকীতেও কোন অনুষ্ঠানের আয়োজন করবে না। একান্তি কিছু করতে চাইলে কোন আনুষ্ঠানিকতা ছাড়াই দরিদ্র মানুষদের মাঝে মধ্যে খাওয়াবে।
২১. সূরা আন নিসার ১১ নং আয়াত মনোযোগ সহকারে পড়ে ও বুঝে আমি অসিয়ত করছি যে আমার সম্পদ থেকে আমার মৃত্যুর পর বিধবা ও মিসকিনদের কল্যাণার্থে বাহাদুরপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদে (দাদার নিজের হাতে গড়া সমাজ সেবামূলক প্রতিষ্ঠান) ৫০,০০০/০০ (পঞ্চাশ হাজার টাকা) জমা দিবে। এতে তোমাদের মনে কষ্ট হতে পারে; তবে মনে রেখ এতে তোমাদেরও কল্যাণ আছে এবং আমারও কল্যাণ আছে।
আল্লাহ রাব্বুল আ’লামীন আমার পরিবারের সকল সদস্যকে সুখে ও শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। তাদেরকে হেফাজত করুন। আমাদের সবাইকে মুসলমান হিসাবে মৃত্যু দান করুন। জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। আমীন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

