সকালবেলা উঠে বসে আছি
আশ্চর্য সূর্য নয় সূর্যের আলো এসে ছেয়ে আছে পৃথিবী
আর ঘোলা মেঘ কেননা আকাশ নীল নয় এখনো_
কোন দার্শনিকতা নয়, কোন নিখুঁত ল নয়
তবু শুনলাম গান_উদ্দেশ্যহীন_অর্থ উদ্ধারও নয়
হেমন্ত গাইলেন_
‘বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলমায় ওঠে চাঁদ বাঁকা’
আমি ভাবি_কী নিয়ে ভাববো আমি
‘শুধুই পথ চেয়ে থাকা ভাল কি লাগে’
আমি ভাবি_ কী নিয়ে ভাববো আমি
বসে থেকে বসে থেকে থেকে মাথা শুধু শূন্য হয়ে আসে
‘বাতাসের ফালগুনি গান ভরে তোলে আঙিনাবিতান’
আমি ভাবি এটা তো কেবলি গ্রীস্মের সকাল আর
‘দোলে উঠে মাধবির প্রাণ কী অনুরাগে কী অনুরাগে’
আমি জানি না কোথায় বা কার কাছে যাবো এখন
আর আমার বেরিয়ে পড়া কী ভীষণ জরুরি
কে না জানে অনুরাগের চেয়ে ক্ষুধার ডাক কতো সর্বগ্রাসী
‘বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা’
ছোটভাইয়ের কাছ থেকে প্রতি সকালে টাকা নিয়ে
চলতে চলতে রোজ বিষণ্ন হলেও
কেন এই গান বেজে ওঠলো আমার সকালে, কেন?
সমস্ত বন্ধন ভেঙে পড়ার পর কেমন উন্মাদ লাগছে
মুক্তি নয় মুক্তি নয় আরো বেশি বন্ধীত্বে
জড়িয়ে গেলো জীবন
একাকিত্বে পৃথিবীর সমান বড়ো হয়ে পড়ে কারাগার কে না জানে
এক পাও আমি এগুতে বা পিছুতে পারবো না আর
সকলে কেবল আমাকে দোষে যাবে
আর সকলেই দেখিয়ে যাবে
তুচ্ছ ত্রুটিগুলো আমার
কী ভীষণ সর্বনাশা হয়ে ওঠেছে আজ আর কী বিশাল
আর এসব ত্রুটি আমি একাই নাকি গড়ে তুলেছি আর কেউ নয়
তারা ত্রুটিহীন পবিত্রদোষীর দল_
তারাই কারাগারের সফল দারোয়ান কিন্তু তা চেপে গিয়ে বলবে
মুক্ত মুক্ত আমরা কেননা এখন আমরা প্রকৃতই গান গাইতে জানি
যাতে আমাদের অপরাধী আত্মা ঘুমিয়ে পড়ে আর তোমাদেরও
জানি গানে কাজ হয় না কারো কারো
সেজন্য হাতের লাঠিটা দেখছো না _এ কিছু নয়_
গানের শব্দে ঢাকা পড়ে যাবে লাঠিপেটার চিত্কার
তো এতো সকাল সকাল জেগে ওঠে কী করবে তুমি
দুয়েকটা অপরাধ করা ছাড়া_ ঘুমিয়ে পড়ো ছোকরা ঝলদি ঝলদি
কোন দার্শানিকতা নয়, কোন নিখুঁত লক্ষ্য নয়
তবু শোনলাম গান_উদ্দেশ্যহীন_ অর্থ উদ্ধারও নয়
হেমন্ত গাইলেন_
‘বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলমায় ওঠে চাঁদ বাঁকা’
বসে থেকে বসে থেকে থেকে মাথা শুধু শূন্য হয়ে আসে
‘শুধুই পথ চেয়ে থাকা ভাল কি লাগে’
সকালবেলা উঠে বসে আছি
আশ্চর্য সূর্য নয় সূর্যের আলোয় পৃথিবী ছেয়ে আছে
আর ঘোলামেঘ কেননা আকাশ এখনো নীল নয়_
অনেকের মতো আমারও কোন বর্তমান নেই অতীত নেই
এমনকি কোন ভবিষ্যতও নেই, হে ভাস্কর
সারাটাদিন পড়ে রইলো পায়ের নিচে তার তপ্ত ফুটন্ত পিঠ পেতে দিয়ে
এইসকাল বেলায় এই সাধারণ সকালবেলায়
১৯.০৪.২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


