দুমড়ে মুচড়ে যাচ্ছে সময়ের খিলান
অনুচক্রিকারা প্রস্তুত, যাবে নির্বাসনে
অন্তর্গত রক্তে পড়েছে বিষম টান...
এখন কাব্য হবে...কাব্যতা
এইখানে প্রেম, এইখানে রাখলাম ভালোবাসা
এই নাও রক্ত-নদীর নাব্যতা...
সময়ের সামগ্রিকতা থেকে বিচ্ছেদ আঁকো
রাতজাগা পাখিরা, আমাকে করো সঙ্গীহীন
শ্রাবণের সিক্ত বাতাস,
ফিরিয়ে আনো একটি স্কুল-পালানো দিন
আমার পাশে জেগে থাকুক ছন্দের বালুচর
আমার পাশে জেগে থাকুক শব্দসিন্ধু
জ্বলে জ্বলে পারদের মত গলে পড়ুক চাঁদ
আমার কপালে লাগুক একটি চন্দ্রবিন্দু
এইখানে হৃদয়, এই নাও অর্জিত আয়ু
এই যে নিঃশ্বাস থেকে অক্সিজেন-অনু খুলে রাখলাম
এই যে এখানে হাঁপাচ্ছে নশ্বর প্রাণ-বায়ু
অ-নশ্বর আত্মাকে পাখীর গলায় বেঁধে উড়িয়ে দিলাম...
এখন কাব্য হবে...বিনির্মিত হবে সময়সূত্র
শব্দ-সিন্ধু পারে চন্দ্রকলার যাদুতে, দেখো
ধীরে ধীরে জেগে উঠছে ভূমিপুত্র...
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১০ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


