সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা... কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা ...

জীবনটা একটা নাটক নাকি নাটকই জীবন ...
২৭ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৩৩
“ জীবনটা কি একটা নাটক ? কি মনে হয় তোমাদের...” উঁচু ডায়াসটার উপর মৃদু হাঁটতে হাঁটতে তরুণ মিল্টন স্যার ভুরু নাচিয়ে যখন আমাদের এই প্রশ্নটা করলেন তখনও জীবন সম্পর্কে খুব বেশী উপলব্ধি আমাদের হয়নি । কলেজে সদ্য দ্বাদশ শ্রেণীতে উঠা একদল ছাত্র হিসেবে আমরা তখন জীবনটাকে নাটক বলার মত খুব বেশী নাটকীয়তা আমাদের এক জীবনে খুঁজে পাচ্ছিলাম না ।
মিল্টন স্যার আমাদের “রক্তাক্ত প্রান্তর” নাটকটি পড়াচ্ছিলেন । পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমির উপর রচিত এই ঐতিহাসিক নাটকে, যুদ্ধেরত বিপরীত শিবিরের দুই কান্ডারী ইব্রাহিম লোদী আর জোলায়খার অন্তরের টানের মাঝখানে ছিলো এক রক্তান্ত প্রান্তর, যেটা পেরিয়ে দুজনের কাছে আসার মাঝে ছিলো বিস্তর কিন্তু ।
মিল্টন স্যার বলে চললেন... “এই যে তোমরা প্রতিদিন সকাল আটটায় পড়িমড়ি করে ক্লাসে আসো... আবার ক্লাস শেষে দৌড়ে বাসে উঠো....কুইজ, সেশনাল, দুপুড়ে ক্যান্টিনের সিঙ্গারা নিয়ে কাড়াকাড়ি এগুলো কি নাটকের মধ্যে পড়ে না...”
আমরা মাথা দুলাই, না নাটক নয়.... নাটক হতে গেলে জীবনে আরও গভীর নাটকীয়তা চাই । জীবন হয়ত তখন অলক্ষ্যে হেসেছিলো ।
তারপর বিশ্ববিদ্যালয় জীবন পার করে দিয়ে .... চাকরির বয়স দুই – আড়াই বছর পার হতে না হতেই .... আমি ঢের বুঝতে পারি, জীবনটা শুধু নাটক নয় কখনও কখনও নাটককেও হার মানায় ।। আমার বন্ধুদের জীবনের কত নাটকেরি না নীরব সাক্ষী হয়ে রইলাম আমি ।।
ছোট থাকতে, বড়রা একটা কথা প্রায়ই বলত, “জীবন সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা কম, জীবনের কিছুই ত দেখনি এখনো...” ।তাদের সেই কথাকে তখন ছোটদেরকে না বলার অযুহাত মনে হত ।
এখন মনে হয়... জীবনের অনেক নাটক পার করে এসেই তাদের সেই উপলব্ধি হয়েছিল, আর আমাদের জীবন নিয়ে তাই এত ভয় ।
আমার মনে পরে যায়... কলেজ জীবনে শোনা ভুপেন হাজারিকার জীবনমুখি সেই গানের কথা....
“ জীবন নাটকের নাট্যকার, কি বিধাতা পুরুষ ....
যেই হোক নাটক লেখার মত নেই তার হাত...
যে নাটকে অভিনয় করতে গিয়ে দেখি ...
দিনকে করেছে সে রা.......ত ।
.....................
ভাগ্যের অজুহাতে যে নাটকের সবকটি চরিত্র
অযথাই ছুটাছুটি করছে ....
”
হা হা হা, পরিশেষে সব অভিমান সেই বিধাতার কাছেই । তবু আস্তিক বলে আমরা সেটা করতে পারি । নাস্তিকরা কার কাছে তাদের অভিযোগ জানায় জানি না ।।
আর যাই হোক... জীবনটা যে নাটককেও হার মানায় তা বলার জন্য মিল্টন স্যারকে আবার খুঁজে বের করতে হবে ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জীবন নাটক ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লাস্ট সামুরাই বলেছেন:
ধন্যবাদ চন্দ্রবিন্দু ..... কোন বিষয় নিয়ে অন্তর্যুদ্ধ নয় , জীবন যে মাঝে মাঝে চরম নাটকীয়তাকেও হার মানায় সেটাই বলতে চেয়েছি :-) ।
লাস্ট সামুরাই বলেছেন:
ধন্যবাদ অনুমান, আপনার সুন্দর অর্থবহ মন্তব্যের জন্য ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














জীবন জীবনের মতই। ঘটনা, পারিপাশ্বিক, সমসাময়িক বিভিন্ন পটভূমিতে নাটকের মত সাজানো, গোছানো আবার অগোছালো মনে হয়।
অনুভূতি, জীবনের স্বকীয়তা থেকে নাকটের ভূমিকায় অবতীর্ণ করে।
ধন্যবাদ।
তবে আপনার লেখা হঠাৎ করে, এখন থেকে জীবনে পার করা সময়ের বেশ পিছনে নিয়ে গেল।