একটি টিভি বিজ্ঞাপনচিত্রের ভাষায় বর্ণনা করছি। স্বামী-স্ত্রী দু’জনে একটি গাড়ির শোরুমে গেছেন গাড়ি ক্রয় করতে। তারা একটি গাড়ির কাছে যেতেই শোরুমের সেলসম্যান গাড়িটির উচ্ছ্বসিত প্রশংসা করতে থাকেন। প্রশংসা শেষে বলেন, গাড়ির সবকিছুই ১০০% ওকে, শুধু গাড়ির ব্রেকটি মাঝেমধ্যে কাজ করে না। সেলসম্যানের শেষের কথাটি শুনে ক্রেতা মুষড়ে পড়েন। ক্রেতার এমন বেগতিক অবস্থা দেখে সেলসম্যানের প্রশ্ন, 'স্যার প্রবলেম?' --অবশ্যই প্রবলেম। কেননা ব্রেক হচ্ছে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ছাড়া গাড়ি চালাবার দুঃসাহস কারও পক্ষেই সম্ভব নয়। গাড়ির এ গুরুত্বপূর্ণ অংশটির যথাযথ রক্ষণাবেক্ষণ করা উচিত।
সাধারণত ব্রেক পরীক্ষা করতে বা প্যাডের এবং ব্রেকসুর অবস্থা জানতে সবচেয়ে উত্তম হচ্ছে ব্রেক সিস্টেমের সবকিছু খুলে পরীক্ষা করা। তবে প্রত্যহ ব্রেক ফ্লুইডের লেভেল চেক করলে আপনি নিজেও বুঝতে পারবেন আপনার ব্রেকসু বা প্যাড কী পরিমাণ ক্ষয় হচ্ছে। ব্রেকসু বা প্যাড ক্ষয় হলে ব্রেক ফ্লুইড লেভেল কমবে। এ ছাড়া ব্রেকপ্যাড সহনসীমার বেশি ক্ষয় হলে সেনসিং প্লেট ডিস্কে লেগে শব্দ হবে। ব্রেক করতে বেশি শক্তি প্রয়োগ করতে হলে বুঝতে হবে ব্রেকবুস্টার ত্রুটি।
ব্রেক করলে প্যাডেল বসে গেলে বুঝতে হবে ফ্লাকজিবল হৌস ফুলে যাচ্ছে বা বাকেট লিক করছে। এ ধরনের সমস্যার ক্ষেত্রে দেরি না করে সমস্যা নিরূপণ করুন এবং ঝটপট সমাধান করুন। ব্রেক ফ্লুইড ব্যবহার করার ক্ষেত্রে সব সময় নির্দেশিকা মেনে চলুন। ব্রেকের মাস্টার সিলিন্ডারের ক্যাপের ওপর লেখা থাকে Dot III বা Dot IV, সুতরাং এ ধরনের লেখা অনুযায়ীই এগুলো ব্যবহার করতে হবে। মনে রাখবেন কখনও মিশ্রিত ফ্লুইড ব্যবহার করবেন না।
বছরে একবার ব্রেক ফ্লুইড পরিবর্তন করে নতুন ফ্লুইড ব্যবহার করা উত্তম। অ্যান্টিলক ব্রেক সিস্টেমে কখনও ড্যাশবোর্ডে সতর্কতার বাতি জ্বললে অবহেলা না করে দ্রুত পরামর্শ নিন। অ্যান্টিলক ব্রেক সিস্টেমে কোনোরূপ মডিফিকেশন বা মডিউল বাদ দেওয়ার চিন্তা করবেন না। মোটরযান যত বেশি চলবে ততই ব্রেকের ব্যবহার হবে। ফলে ব্রেক ডিস্ক বা ড্রাম ওভাল হওয়ার সম্ভাবনা থাকবে; এ ক্ষেত্রে ব্রেক ডিস্ক বা ড্রাম গ্রাউন্ডিং করা উত্তম। অত্যাধুনিক যুগে ব্রেক পারফরম্যান্স পরীক্ষা করার জন্য ব্রেক পারফরম্যান্স টেস্টার ব্যবহার করা হয় কম্পিউটাররাইজ এই পরীক্ষায় ব্রেক পারফরম্যান্স আলাদাভাবে পরীক্ষা করা যায়। আপনার পার্কিং ব্রেক সর্বোচ্চ কয় দাঁত ওঠে লক্ষ করুন। যদি তিন দাঁতের বেশি ওঠে, তবে বোঝা যাবে আপনার ব্রেক ক্ষয়প্রাপ্ত হয়েছে। তখন ব্রেক সার্ভিসিং করা আপনার জন্য একান্ত প্রয়োজন। সব সময় আপনার মোটরযানে এক বোতল ব্রেক ফ্লুইড অবশ্যই রাখবেন।
ব্রেক ফেইল মানেই হচ্ছে অনাকাঙ্খিত দুর্ঘটনা। একটি দুর্ঘটনা জানমালের ক্ষতির পাশাপাশি একটি পরিবারের প্রিয়জন হারানোর কষ্ট-বেদনার গ্লানি সারা জীবনেই টেনে যেতে হয়। সুতরাং এ অনাকাঙ্কিখত দুর্ঘটনা এড়াতে চাইলে গাড়ি চালাতে হবে সতর্কতার সঙ্গে। সেই সঙ্গে যান্ত্রিক অবস্থা, ত্রুটি -বিচ্যুতি পরীক্ষা করে সারিয়ে নিয়ে তবেই রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়া উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

