ফাউস্ট তো বলেছিলঃ কাল, তুমি থামো!
যা কিছু চেয়েছি আমি সব পেয়ে গেছি-
জ্ঞান বিদ্যা যৌবনের যাদুকরী ছোঁয়া
এনে দিল সর্বসুখ, অসীম ক্ষমতা;
নীতিগ্রন্থ পুড়ে গেছে কামনা শিখায়,
হরণ করেছি মন্ত্রে যা ছিল অপ্রাপ্য;
সেরা তন্বী রমনীর তীব্র ভালোবাসা
আমার দুঠোঁটে আঁকে তৃপ্ত যবনিকা ।
এইবার থামো তুমি, এভাবেই থাক,
অনাদি সময় স্রোত বন্ধ হয়ে যাক।
মেফিস্টফিলিসের বাজপাখি থাবা
শরীরের খাঁচা হতে বিনষ্ট আত্মা
নরকে নিক্ষেপ করে; মায়াভ্রস্টা নারী
স্বর্গে ঠাঁই পায় কারো অসীম কৃপায়।
পুরাতন গল্পটাকে বদলিয়ে বলিঃ
শয়তান চুক্তি আর ধর্ম জটিলতা
উহ্য রেখে কাহিনীটা এ রকম হোক -
ভালোবেসে পাগলামী করেছিল লোক,
সে তেমন দুষ্ট নয়, জানে না ম্যাজিক,
বশীকরণের নেই সোনালি কবচ,
নারীমন ভোলাবার কবিতা বা শ্লোক
কখনো ঢোকেনি তার অতীত খাতায়।
তবু তার অপরাধ - নির্বোধ লোকটা
যেখানে সেখানে শুধু ছুরি বার করে
আঙুলের রক্ত দিয়ে লেখে এক নাম,
সময়কে ডেকে বলে - এইবার থাম;
এ রক্ত মোছে না যেন তোর স্রোত-তোড়ে,
পুঁথিদের পাতাগুলো বন্ধ হয়ে যাক।
সে নারী অবাক দেখে - উম্মাদ শুধু
একা তার খুঁটি ঘিরে ঘোরে বারবার।
এটা কি নরক, নাকি এইভাবে সুখ
সময়কে আটকে রেখে ভালোবেসে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



