
আমি কোথাও নেই!
কারো পানপাত্রে নেই
কারো উনুন পাশে নেই।
কারো আগমনী বার্তায় নেই
আহবানে নেই, নিমন্ত্রণে নেই
নেই কারো নখদর্পনে।
একদিন ছিলাম
একদিন কাছে এসেছিলাম
একদিন ভালোবেসেছিলাম
তখন নদীর উজানে ছিলাম
ছিলাম ভাটিতে। ছিলাম ঈশানে
ছিলাম অগ্নিতে, ছিলাম নৈঋতে,
ছিলাম মরুতে।
ছিলাম শরতে, ছিলাম শীত-বসন্তে
ছিলাম বর্ষাতে, ছিলাম ফুলফোঁটা রাতে,
ছিলাম কারো বাড়িয়ে দেয়া ভাতে।
ভালোবেসেছিলাম উত্তাল সাগর
ঢেউয়ের পর ঢেউ আমার বুকে,
জনসমুদ্রে সর্বাগ্রে আমিই ছিলাম
বিদ্রোহে ছিলাম, বিভীষিকায় ছিলাম
ঘামঝরানো চাষী, ক্ষেতের পর ক্ষেত
ফসল উঠাতাম, গোলায় তুলতাম
এমনকি নবান্নের গানেও ছিলাম।
এখন আমি সেই নেই!
খুচরো পয়সার মত
কারো আঁচলে নেই,
সিন্দুকের চাবির মত
কারো কোমড়-বন্ধনীতে নেই
আলতায় নেই, মেহেদীতে নেই
নেই কারো কারুপণ্যে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম,
এডিটেডঃ নিজে
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১১ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



