উচ্চারিত শব্দের অজস্র প্লাবন এনে
নিজেকে পৌছে দিতে চেয়েছি
তোমার কাছে ।
যেখানে তোমার উপস্থিতিময় অনন্ত উৎসব ।
পথের দুপাশে উচ্চকিত সহস্র হাতছানি
শিখর ছোঁয়ার প্রলোভন-
এমনকি দুর্দান্ত দাঁতাল ভীতি
নিতান্ত অবহেলায় উপেক্ষার ঢেউয়ে
ভাসিয়ে দিয়ে-
সম্মোহিত আমি-
নিরন্তর যাত্রা বড় বেশী একমুখী ।
একেকটি দীর্ঘ কালো রাত
অপেক্ষার চাদরে নিজেকে অষ্টেপৃষ্ঠে বেঁধে
পৌছে গিয়েছে কারুকার্যময়
সোনালী প্রভাতে ।
সোনালী প্রভাতগুলো সব
দীপ্ত চোখ মেলে তাকিয়ে থেকেছে-
আলো আধাঁরের মায়াবী সম্মিলনে
অনুরূপ একটি সম্মিলন উদযাপনের
উদগ্র বাসনায় ।
অপরূপ চন্দ্রমগ্ন রাতে
নর্তকী নদীর বিস্তৃত বুকজুড়ে
জ্যোৎস্না অশ্লেষে মিশিয়ে দিয়েছে নিজেকে
আমারো বুকের মধ্যে জ্বলে উঠেছে আলো
জেনে গেছি -
অমন দ্রবীভূত হবার কাল সমাগত ।
এমনতর অনুপম অনেক মুহূর্তে
প্রার্থিত সময়ের প্রবেশমুখ থেকে
অক্লান্ত ফিরে এসেছি-
আরেকটি যাত্রার প্রবেশমুখে-
কোন এক ঐন্দ্রজালিক সময়ে
সমর্পিত আমাকে-
তোমার কাছে পৌছে দেব বলে ।
_____**_____
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


