অসম্ভব ভূমিকম্প যেন অস্তিত্বের মূলে
পা ফেলা একচিলতে মাটি থেকে-
দুচোখের সীমানায় যা কিছু ।
কেঁপে ওঠে -
ভীষন জরুরী কাজে ব্যস্ত টেবিল,
চেনা পথের বাঁক ধরে ঘরে ফেরা,
প্রিয়মুখ,পূঁজিবাদ ,খোলাবাজার,
সাফল্য,পুত্র-কন্যা সংসার,
গভীর অন্ধকারে আকাঙ্খা আগুন
এমনকি কবিতার সুরম্য প্রাসাদ ।
টালমাটাল এমন ঘনদুর্যোগে
দৃঢ় দাঁড়িয়ে থাকে
পৌষের রিক্ত বিকেলে
নিরাসক্ত বাতাসের মৃদু আহবানে
জীবন পেরিয়ে শূন্যে ফেরা
একটি ঝরাপাতা ।
উপলব্ধির সবটুকু গিলে খায়
একটিমাত্র সত্যি ঝরাপাতা ।
জীবনজুড়ে রং-তুলি-খড় নিয়ে খেলা
পরম মমতা দিয়ে আত্মকে গড়া-
কিছুই নিজের নয় ।
এমনকি নিজেও !
বৃক্ষের অধিক কারো আপন প্রয়োজনে
কিছুকাল সংলগ্ন থাকা
মেঘ বৃষ্টি আলোর সাথে কথা,
নির্দেশিত নিপুণ রান্ন্নাবাটি
অতঃপর একটি ঝরাপাতা ।
অনির্দিষ্ট শূন্য থেকে শুরু-
অন্তহীন শূন্যে ফের ফেরা-
আমি তো একটি শুধু পাতা !
..........................................................
(প্রথম পাতায় একসেস পাবার পর কবিতাটি রিপোষ্ট করা হল।)
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


