দরজার ছিটকিনিতে বহুদিন ধ'রে
জং হয়ে লেগেছিলো একচিমটি কষ্ট -
অনবধানে রক্তপাত ঘটিয়েও,
ভাঙা রেলিংয়ে বিসদৃশ্য
ঝুলতে থাকা পর্দাটিতে
খানিকটা কষ্ট মাঝেমধ্যেই
দুলে ওঠে- বাতাসের দোলনায়।
চাবির অভাবে যে তালাটি
খোলা যাচ্ছে না আর, অথচ
নিপুণ চাবিওয়ালার
প্রতিশ্রুতিও তালাবদ্ধ কষ্টে ধুঁকছে,
ইঁদুরে কাটা অতিপ্রিয় বইটির
কাল অক্ষরগুলোর কষ্ট
প্রতিরাতে নির্ঘুম সংগত হয়,
জোস্নার ফুঁসে ওঠা প্লাবনেও
ঘুটঘুটে চারদেয়ালে কষ্টকালো
লোডশেডিং, কিংবা-
আমাদের অনিবার্য অনিশ্চয়তাও
টুকরো টুকরো কষ্ট-
ছোট, বড়, মাঝারী-
ছড়িয়ে ছিটিয়ে, যত্র-তত্র ।
কিন্তু অসংগঠিত।
তাই শক্তিহীন আর অক্ষম ।
বহু মানুষের অসংগঠিত শুভকামনা
যেমন অক্ষম -
ফুলের মত কিশোরীটিকে
আদিম হিংস্রতা অন্যনামে
"ইভটিজিং" এর থাবা থেকে
আগলে হাত ধরে পৌছে দিতে
জীবনের ভয়শূন্য রাজপথে ।
কষ্টগুলো-অনাদি কর্মঘন্টা নষ্ট করা
জ্যাম-এ ঝিমোতে থাকে ,
অফুরান প্রানশক্তির মর্মান্তিক
অপচয়ে ফুঁসে উঠে-পরক্ষনে
পুঁজিবাদী পসরা সাজাতে ব্যর্থ
প্রেমিক যুবকের দীর্ঘশ্বাস বুকে
আগুন জ্বালানোর বদলে
মিইয়ে পড়ে চুপচাপ-
একাকী ও বিচ্ছিন্ন ।
কষ্টরা কখনও মিছিলে নামেনি রাজপথে -
যেমন মিছিলে মুখরিত হবার স্মৃতি
আজ নিছক বিভ্রম বলে মনে হয় ।
অথচ মিছিল করে নেমে আসা ছাড়া
আপাত: শান্ত চরাচরে
কষ্টদের মুক্তির কোন পথ নেই ।
আজ সহসা ছড়িয়ে ছিটিয়ে থাকা
গেরিলা কষ্টগুলো সংগঠিত
হবার পাঁয়তারা শুরু করেছে ।
এদিক সেদিক থেকে এসে
জমায়েত হচ্ছে
চেতনার সদর দুয়ারে,
হাতে হাত রেখে
গড়ে তুলছে বিপ্লবী প্রতিরোধ
আমার ডুব-সাঁতারে
পার হয়ে যেতে চাওয়া
আত্মপ্রবঞ্চিত আকাঙ্খার বিরুদ্ধে ।
আজ আমার সংগঠিত কষ্টরা
আমাকে দাঁড় করিয়ে দিতে চাইছে
আমারই পরাক্রান্ত প্রতিপক্ষ করে।
আকষ্মিক বিপ্লবের মুখোমুখি
আজ আমি - একা ও বিপন্ন ।
লড়ছি .............
****************
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২২ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



