বেশ কিছুদিন আগে আমি আর আমার এক সহপাঠি ভার্সিটি থেকে বের হয়ে মোহাম্মদপুর যাব বলে বাসের জন্য আগাতে থাকলাম ঝিগাতলা বাস স্টান্ডের দিকে। এর মধ্যেই দেখলাম যে একটি মেগাসিটি বাস আসছে। আমি দৌড়ে গেলাম টিকিট কাটার জন্য। কিন্তু আমার ঐ সহপাঠি জোরে বলল যে তার জন্য টিকিট কাটা লাগবে না। আমি ভেবেই নিয়েছিলাম যে তার কাছে টিকিট কাটা আছে। (ঐ সময় মেগাসিটির টিকিট আগে থেকে কেটে রাখা যেত)।
আমি যথারিতি ৮টাকা দিয়ে টিকিট কেটে বাসে উঠলাম, এবং ও আমার সাথে উঠল। ওঠার সময় লক্ষ্য করিনি, কিন্তু একটু পর দেখলাম যে হেল্পার এগিয়ে এল, আর ওর কাছ থেকে ৫টাকা নিল।
তখন আমার ঐ সহপাঠিটি হেসে বলল যে, "বোকার মত টিকিট কাট কেন? টিকিট কাটলেতো ৩টাকা বেশি খরচ। আর মাঝে মধ্যে ভুলে টাকাই নেয় না, তাতে পুরাটাই লাভ।"
বেশ অবাক লাগল। তাকে বললাম যে বিষয়টি অন্যায়। কারণ বাস কর্তৃপক্ষের এটিতে লস। সে হেসে বলল যে বাস নাকি টাকা এমনিতেই বেশি রাখে। আমার যুক্তি ছিল যে এটি দেখার দায়িত্ব সরকারের, এবং এর জন্য বিচার করার দায়িত্বও সরকারের। আমাদের হাতে না। কিন্তু তার কথা যে সে যা করেছে ঠিক করেছে।
কথার এক পর্যায়ে আমি তাকে বললাম যে সে যে কোন দুর্ণীতিবাজের থেকে কম দুর্ণীতি করেনি। কিন্তু কথাটা সে মেনে নিতে পারলনা। আমি তাকে উদাহরণ দিলাম। বললাম যে , ধর একজন দুর্নিতি বাজ লোকের সুযোগ আছে যে একটি কাজের জন্য ১০,০০০ টাকা নেওয়া। এবং সে জানে যে তোমার কাছ থেকে যদি সে ১০,০০০ টাকা দাবিও করে, তাও তুমি দিবা। কিন্তু সে যদি ৯,০০০ টাকা দাবি করে। তাহলে তুমি তার থেকে বড় দুর্নিতি করলা।
সে জিজ্ঞাসা করল কি ভাবে? আমি মারলাম ৩টাকা, আর সে মারল ৯,০০০ টাকা।
তাকে বুঝালাম, তার ক্ষমতা ছিল ১০,০০০ টাকা মারার, কিন্তু মেরেছে ৯,০০০ টাকা। অর্থাৎ সে তার ক্ষমতার ৯০% মেরেছে। আর এখানে তোমার ক্ষমতা ৩টাকা মারার, আর তুমি মারছ ৩টাকাই। সুতরাং তুমি ১০০% মারছ।
এর পর সে অনেকটা ক্ষেপে গিয়ে আমার সাথে কথা বলাই বন্ধ করে দিল। প্রায় ৫ মিনিট পর বলল যে "মিয়া, তুমি যে এত লেকচার মারলা, তুমি নিজে কি ১০০% সৎ?"
আমার উত্তর ছিল, "না। আমি ১০০% সৎ না। তবে যতটুকু সম্ভব চেষ্টা করি।" সে বলল যে "যেইদিন ১০০% সৎ হইতে পারবা, সেইদিন এসে লেকচার দিও। তার আগে না।"
লেখাটি আগে ইংরেজিতে আমার নিজের ব্লগে প্রকাশিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



