রাতের ঘুম, সকাল পেরিয়ে দুপুরে গড়ালেও
তুমি পায়চারি কর ঐ আকাশচুম্বীর শততম কুঠুরীতে
যেখান থেকে বাক্স করে নামা যায় সমতটে
সেকেন্ডে দেড় তলা গতিতে
অথচ তুমি নামলেনা কোনদিন
খুব খুব উঁচু বড় বাক্সটা থেকে
দরজার ওপাশের অশরীরি ছায়াগুলোকে
কখনো জানালেনা নিমন্ত্রণ
তোমার বাথটাবে
তোমার ওয়ার্ডোবে
কি এক ব্যক্তিগত বিশুদ্ধতায়
তুমি সরে রইলে
ন্যুনতম শারীরি নির্যাস থেকে
প্রদত্ত সম্পর্কগুলোকে
আলগোছে শততালা থেকে উড়িয়ে দিয়ে
ডুব দিলে আরো উঁচুতে
আরো সুনির্দিষ্ট কুঠুরিতে
অন্তজ প্রাণী বলে
বহুদূর থেকে আমি শুনতে পেলাম
তোমার ডুবে যাবার সুর
সর্বদা ক্ষুধার্ত বলে
আমার ইন্দ্রিয়ে হানা দিল
তোমার পচনের ভুরভুর
মহানগরের গোপন পথে
আমি হেঁটে চললাম
তোমার গন্ধের পিছুপিছু
ক্ষুধার্ত শ্রদ্ধায়,
আমার বিনয়ের আগুপিছু
অবশেষে আমি ঢুকে গেলাম
তোমার শততলার ছোট্ট কুঠুরীতে
পচনের গন্ধ-মাতাল
লাগোয়া ব্যালকনির পাশে
তুমি নেই তাই চেয়ে রইলাম
তোমার শান্ত জীবাশ্ম দেহ
এখন আমি নিশ্চিত জানি
পিপিলিকা ছাড়া এখানে আর আসবেনা কেহ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


