তুমি যদি খুব আত্মবিশ্বাসী বোধ কর
তাহলে নিশ্চিতভাবে তুমি বুড়োদের কাছে যাবে
সেইসব জমজমাট বুড়োদের কাছে
যারা আড্ডাগুলো কেড়ে নেয় অন্যসব মানুষের কাছ থেকে
আর তরুণদের মুগ্ধ আনুগত্যে
নতুন করে রক্ত সঞ্চারিত হয় যাদের জীর্ণ তরূনাস্থীতে
যদিও বিছানায় তুমি হতাশ হবে
একই সাথে মুগ্ধও হবে
তোমার মনে হবে
এত স্বল্পায়ু রতিক্রিয়ায় এত অভাবিত সুখ লুকানো ছিল
তা তুমি কখনোই অনুধাবন করতে পারনি
অথবা শৈশবের লুকানো অস্থিরতা তোমাকে গ্রাস করলে, তুমি অপেক্ষাকৃত তরূনদের কাছে যাবে
তাদের প্রাথমিক মুগ্ধতা, প্রাথমিক জড়তা অত:পর দীর্ঘ রতি
তোমাকে কিছুটা আত্মবিশ্বাস দেবে
যদিও তাদের চড়ুই অভিমানে তুমি অচিরেই বিরক্ত হয়ে উঠবে
এরপরও কিছুদূর পর্যন্ত তুমি স্নেহ দেবে
আর খানিকটা আনুগত্যের স্বাদ উপভোগ করবে
যদিও বালকেরা এরই মাঝে হিংস্র হয়ে উঠবে
প্রতিটা সঙ্গমে তোমাকে বোঝাতে চাইবে
পেশী সবসময়ই ধূসরের চাইতে কার্যকরী নিরাময়
কিন্তু নিরাময় তো তুমি চাওনি, উপশমও নয়
কোন ক্রনিক রোগের মোড়কে নিজেকে দেখার বাসনা তোমার কখনোই হয়নি
তাই এই পর্বও তোমাকে কোন গভীর আনন্দ দেবে না
ঠিক এ সময়টাতেই তুমি সহমর্মীতা চাইবে
আর খুঁজতে থাকবে তোমার মতই আরেকজন
এবং পেয়ে গেলে, মমত্ব বোধ করবে;
খুব গভীর মমত্ব, প্রায়শ নিজের প্রতি যেটা তুমি বোধ কর
তাই অনেকদিনের পরে তুমি সম্পূর্ণ বোধ করবে
আর একটু অসতর্ক হলে, সেটাকেই অবধারিত বলে মানতে চাইবে
কিন্তু একটা উত্তেজনাকর সুখস্মৃতির মত এটাও সমাপ্ত হবে
কেননা তুমি কিংবা সে, যে দীর্ঘ সহযাত্রার কথা ভেবেছিলে
তা তোমাদের আধুনিককালে আরোও কঠিন
তাই এবার তুমি একটা গভীর দু:খ পাবে
এবং সেটাকে যত্ন করে বুকে বয়ে বেড়াবে
কিন্তু একালে কেই বা দু:খ নিয়ে বেঁচে থাকতে চায়
তাই সম্ভাবনা আছে
তুমি খুব বুদ্ধিমান বোকার মত পুরোনো বুড়োই হতে চাইবে
অথবা তাদেরও ছাড়িয়ে...
আশারাখি তুমি সেই বুড়োদের মত লোভী হয়ে উঠবে না
অনেক মমত্বপূর্ণ আর কোমল থাকবে
যদিও মমত্ব তোমার ঐতিহাসিক শৃঙ্খলের সবচেয়ে উদযাপিত গাঁথুনি
এটাই শৃঙ্খলা কোষের সবচেয়ে জোড়ালো বাঁধুনী
আমি কল্পনা করি, তুমি এই গাঁথুনী বাঁধুনীগুলো একদিন ছিঁড়েখুঁড়ে ফেলবে
আমি কল্পনা করি একদিন এই কবিতাটির দিকে তাকিয়ে তুমি খুব ভিন্ন রকম করে হাসবে....
.......................
একজন পুরুষের পক্ষে তোমাকে নিয়ে এটাই কল্পনা সীমার ক্লেশসাধ্য দৌড়..
একজন শরীরী পুরুষের কাছে তুমি কিছু নির্বোধ দৌড় ছাড়া আর কিই বা আশা করতে পার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

