সুগন্ধিবোতল মানুষগুলো নেমে যাচ্ছে, উঠে যাচ্ছে
চলন্ত সিঁড়ি দিয়ে
মুখোমুখি পাশাপাশি
আর হাত ভর্তি সুখ
উৎসবের আমেজে কথা বলছে
প্রতিবেশী ব্যগগুলোর সাথে
সুগন্ধিবোতল মানুষগুলো জড়ো হচ্ছে
জোড়ায় বেজোড়ায়
দোকানে, বিপণনে
আর সুগন্ধী ছড়িয়ে পড়ছে
প্রতিটা ফ্লোরে, প্রতিটা লিফটে এ
ক্রেতাবিক্রেতার হাসিতে, ক্রেতাবিক্রেতার বুক পাছায়
সুগন্ধিবোতল মানুষগুলো বসে পড়ছে
ফুডকোর্টে, ক্যাফেতে
কিডস কর্ণারের আসনে
কামড় দিচ্ছে পরিবেশিত খাদ্য সন্ধ্যায়
আর মেয়নিজের মত আলতো আদুরে হয়ে যাচ্ছে
চারপাশ
উপচে পড়া, কামজ স্পর্ধায়
সুগন্ধিবোতল মানুষগুলো আড়াল নিচ্ছে
একটু অন্ধকার আর একফালি ব্যস্ততায়
আলগোছে ঘামমুছে ঠিক করছে বিস্ত্রস্ত পোশাক
একটা দুটো অ-সভ্য উত্থান
একগুচ্ছো অ-মার্জিত ভাঁজ
আর একটা করে স্পন্দন হারিয়ে
পুনরায় জীবন্ত হয়ে উঠছে ক্লান্ত দোকানগুলো
সবল হচ্ছে বিপণন কারুকাজ
সুগন্ধিবোতলগুলো অবশেষে
ক্লান্ত ফিরে যাচ্ছে
গৃহে, অফিসকক্ষে, কর্পোরেটে অথবা তারামার্কা অন্য কোন সুগন্ধি দোকানে;
সুগন্ধি যানে চেপে ঝিমুতে ঝিমুতে
সুগন্ধিবোতলগুলো দু:স্বপ্ন দেখছে
দূর্গন্ধে ভরা বাইরের পৃথিবী
তাদের সুন্দর সুগন্ধিবোতলগুলো একে একে ভেঙ্গে ফেলছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

