কিছু সংক্রামিত বিষ্ময়ের পর
আমি সম্ভবত আদিম কোন কিছুর জন্য মারা যাব
যেমন নি:শ্বাস, যেমন অভিমান
যেহেতু কোন ঐশ্বরিক প্রকল্পের বাসিন্দা আমি নই
এবং বেঁচে থাকা ভিন্ন অন্য লোভ আমাকে সেভাবে তাড়ণা করেনা
সেহেতু আমি সম্ভবত একটুকরো খাবার
একটা ছোট বুলেট
এসবের কারণেই মারা যাব
তবে আমি পরিষ্কার করতে পারি না
আমার মৃত্যু চরিত
আমি সম্পন্ন করতে পারি না এর শেষ খন্ডাংশ
বিদ্যমান অক্ষরগুলো যখন আমাকে লেখতে থাকে
তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমার হয়ে ওঠে না
সম্ভবত এই ভয়টুকুর জন্যই মারা যাব
তবে আমি বুঝতে পারি
মৃত্যুকে ঘিরে আমার এই শংকাচরিত
সংক্রামিত করবে অনেককেই
ফলে আর সবার মতই আমার মৃত্যু হবে গুচ্ছো
সম্পূর্ণ একলা হয়ে কেউ মরতে পারে না কখনোই
সম্পূর্ণ গুচ্ছো হয়ে কেউ বাঁচতে পারে না যেমন
তুমি তোমরা আমার মতই ভিন্ন
এবং আমার মতই গুচ্ছো
তাই মীথ-বিহীন যেকোন মৃত্যুতে আমি স্বস্তি পাব
তাই ঈশ্বরহীন যে কোন মৃত্যুতে আমি সুখ পাব
তবে ঈশ্বরসমেত মৃতদের জন্য আমার সবসময়ের সমবেদনা থাকবে
আমি হয়ত তাদের ভাতৃ-গোষ্ঠীর কান্না দেখে ঈর্ষান্বিতও হব
গোপন কল্পনায় আমি আশা করবো এই ধরণেরই কোন উদযাপণ
তবে আমি বোধহয় খুব আদিম কোন কিছুর জন্য মারা যাব
এই যেমন মানুষ হওয়ার কারণেই
তবে আমি বোধহয় খুব আদিম কোন কিছুর জন্যই বেঁচে থাকব
এই যেমন মানুষ হওয়ার কারণেই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


