হরতালে ব্যাংক লেনদেন পেছনের দরজা দিয়ে
ঢাকা, ১৪ নভেম্বর (শীর্ষ নিউজ ডটকম): হরতালে ব্যাংকে লেনদেন হয়েছে পেছনের দরজা দিয়ে। রোববার কিছু কিছু ব্যাংক সামনের দরজা খোলা রাখলেও অধিকাংশ ব্যাংককে পেছনের দরজা দিয়ে লেনদেন করতে দেখা গেছে। একই সঙ্গে গ্রাহক উপস্থিতিও ছিল কম। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মতিঝিল ব্যাংক পাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকার ব্যাংকগুলোতে এ চিত্র দেখা যায়। সকালে মতিঝিলে অগ্রণী ব্যাংক খোলার সাথে সাথে উপচে একটু ভিড় লক্ষ্য করা গেলেও বেলা ১২টার দিকে তা ভাটা পড়ে। মতিঝিলের স্ট্যান্ডার্ড এন্ড চাটার্ড ব্যাংক, কাকরাইলের প্রাইম ব্যাংক, মিরপুর ১০ নম্বরে ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকে উপস্থিতি ছিল মাঝারি ধরনের।
তবে মতিঝিল এলাকায় শাহ জালাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংকে দুপুর ১২টার দিকে তেমন ভিড় দেখা যায়নি। ব্যাংকগুলোতে নারী গ্রাহকের উপস্থিতি ছিল না বললেই চলে। কর্মকর্তারা জানান, হরতালে হয়ত নিরাপত্তার ভয়ে নারীরা আসেন নি। এছাড়া যাতায়াতের অসুবিধার কারণে দূরের অনেক গ্রাহক আসেন নি।
হরতালের কারণে ব্যাংকগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিতে দেখা যায়। কয়েকটি ব্যাংকের সামনে পুলিশের পাহারা বসে। সরকারি ও বেসরকারি উভয় ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতি ছিল স্বাভাবিক। তারা সকাল থেকেই কর্মস্থলে পৌঁছান।
(শীর্ষ নিউজ ডটকম/ এসএইচ/ ডিএইচ/ এআই/ ১৪:৫০ঘ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



