ভারতে প্রতিদিন ৮ শিশু আত্মহত্যা করে!
ঢাকা, ২২ নভেম্বর (শীর্ষ নিউজ ডটকম): গতবছর ভারত জুড়ে প্রতিদিন গড়ে প্রায় ৮ শিশু আত্মহত্যা করেছে। এদের সবার বয়স ১৪ বছরের নিচে। হতভম্ব হবার মতো এ তথ্য দিয়েছে খোদ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের হিসাব অনুযায়ী ২০০৯ সালে ২ হাজার ৯৫১ শিশু যাদের মধ্যে ১ হাজার ৪৫০ জন কন্যাশিশু আত্মহত্যা করেছে। এর মধ্যে মধ্যপ্রদেশে এমন ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। এখানে ২৬৬ ছেলে শিশু এবং ২৪২ জন মেয়ে শিশু বিভিন্ন কারণে আত্মহননের পথ বেছে নিয়েছে। অন্যান্য প্রদেশের মধ্যে পশ্চিমবঙ্গে ৪৫৩, কর্ণাটকে ৩৬৬, তামিলনাডুতে ২৮০, ছত্তিশগড়ে ১৮০, রাজস্থানে ১৬১, উড়িষ্যায় ১৩৬ এবং উত্তর প্রদেশে ১১৩ জন। তবে, মনিপুর রাজ্যে কোন আত্মহত্যার খবর পাওয়া যায় নি। এদিকে, জম্মু-কাশ্মীর ও নাগাল্যান্ডে গড়ে প্রতিদিন ২ জন করে ওই একই বয়সের শিশুর আত্মহত্যার খবর পাওয়া যায়। ভারতে বেশির ভাগ আত্মহত্যার ঘটনা ঘটে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে। এরপরই আছে ৩০ থেকে ৪৪ বছর বয়সী ব্যক্তিরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত বছর ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যা করেছে ৪৩ হাজার ৯২০ এবং ৩০ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ৪৩ হাজার ৪৮৮ জন আত্মহত্যা করেছে।
গত বছর (২০০৯ সাল) সারা ভারতে মোট আত্মহত্যা করেছে ১ লাখ ২৭ হাজার ১শ ৫১ জন। এর মধ্যে ৮১ হাজার ৪৭১ জন পুরুষ এবং ৪৫ হাজার ৬৮০ জন নারী। সেই হিসাবে প্রতিদিন গড়ে ৩৮৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
(শীর্ষ নিউজ ডটকম/জেএ/ ০৩:৫০ ঘ.)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



