মহান বিজয় দিবস ২০১০। ৪০ বছর পেরিয়ে আজ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য এগিয়ে চলেছি আমরা বাঙালিরা। যতই দিন যাচ্ছে আমাদের দেশাত্ববোধ যেন জাগ্রত হচ্ছে ততই। শিক্ষার হার বাড়ার সাথে সাথে দেশের সঠিক ইতিহসের উন্মোচের হারও বেড়েছে। প্রতি বছর ২৬ শে মার্চ কিংবা ১৬ ডিসেম্বরে শহরের বুকে মানুষের ক্রমবর্ধমান ঢল দেখলেই ভাবি দেশের জন্য মানুষের বোধ জাগরিত হয়ছে কতটা!
উৎসব পার্বণে বাঙালিরা বরাবরই মুখোরিত জাতি। কিন্তু ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর কিংবা ২১ ফেব্রয়ারি কি কেবলই উৎসবের দিন? এর কি নেই আর কোন তাৎপর্য? উৎসবের নামে আমরা কি আটকে যাচ্ছি কেবল মাত্র মিডিয়ার জমকালো আয়োজনে, ফ্যাশন হাউজের চাক্চিক্কে, অথবা মার্টিন্যাশনাল কোম্পানীর সাময়িক গোলক ধাঁধায়?
আজকের কথাই ধরা যাক। মানুষ শ্রদ্ধা জানাতে বেরুবে তাতে আমার আপত্তি নেই। কিন্তু এই শ্রদ্ধা নিবেদনের নামে কতো উৎসব আয়োজন, সারা দেশে সাজসজ্জা, খানাপিনা, এলাহি কান্ড! এই একটা উৎসব পালনে সর্বমোট কতটা খরচ হতে পারে ভাবা যায়? ধরে নিলাম হাজার, লক্ষ কিংবা কোটি! অথচ ৪০ বছর পেরিয়েও এখন এদেশে অসংখ্য মুক্তিযোদ্ধা রিকশাচালক! অসংখ্য পঙ্গু মুক্তিযোদ্ধা ভিখারী, খেটে খাওয়া দিনমজুর। অনেক শহীদ মুক্তিযোদ্ধার সন্তানরা আজ সামান্য খেটে খাওয়া মানুষের চেয়েও মানবেতর জীবনে অভ্যস্ত। এসব জানা কথা, এ আমিও জানি। এসব ভাবলে উৎসব ঠিক জমেনা তাও বুঝি কিন্তু মানতে পারিনা।
আজ দেখলাম দেশের স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে কম বয়সী বীর প্রতীকের পরিবারকে। মাত্র ১০বা ১২ বছর বয়সে যিনি যুদ্ধে গিয়েছিলেন। আজ তিনি বেঁচে নেই। তার দুটো সন্তান নিয়ে তাঁর স্ত্রী কেমন আছেন, কেউ জানিনা আমরা। আমরা জানিনা সে বয়সে এই বীর জীবন বাজি রেখেছিলেন, তাঁরই সন্তান আজ সেই বয়সেই জীবনের যুদ্ধে সামান্য বাসের হেলপার!! এর চেয়েও লজ্জার আছে আরও অসংখ্য ইতিহাস। যার খবরও রাখিনা আমরা। সবচেয়ে বড়ো কথা স্বাধীনতার ৪০ বছরেও যে দেশে টিকে থাকে স্বাধীনতা বিরোধীরা, যুদ্ধাপরাধীরা যে দেশে মুক্তিযোদ্ধার চেয়ে বেশি সম্মান নিয়ে বাঁচে, সেই দেশে লোক দেখানো এই উৎসবের মানে কি? কতটাই বা যোগ্যতা রাখে সে উৎসবের?
৬শ টাকার পাঞ্জাবি বা ১২শ টাকার শাড়িতে লাল সবুজে সেজে সবাই ছুটছি উৎসবের মাঠে। কিন্তু একবারও কি ভেবেছি যার রিক্সায় করে যাচ্ছি তিনিই হয়তো কোন একজন মুক্তিযোদ্ধা! যে উৎসব নিয়ে এতো মাতামাতি আমাদের তিনিই একদিন জীবন বিপন্ন করে এই দিনটি এনে দিয়েছেন আমাদের। হয়তো আমাদের বাড়াবাড়ি দেখে মনে মনে ভাবছেন রবীন্দ্রনাথের সেই কবিতা - ... তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!
সত্যি বলুন তো কতোটা যোগ্য আমরা এই উৎসবের??
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


