কাকে বলি
নেই মন ভালো নেই আজ।
গলা জড়িয়ে কার কাঁধে রাখি ভেজা চোখ।
এমন একা একা কত আর ভাঙা যায়
কত আর ক্ষত বুকে শুকিয়ে ফেলা যায় বিনম্র অসুখ।
কাকে বলি
অচেনা পৃথিবী আজ ভীষণ লাগছে বিষকাঁটা
পায়ে; পথ চলা সাঙ্গ করে
কার দোরে আজ বাঁধি রথ।
নিঃশ্বাসে কত আর পুষে রাখা যায় বিরহ বৈশাখ
চৈত সংক্রান্তি; কোজাগরী পূর্ণিমা; বেমালুম?
ঝরে গেলে কৃষ্ণচূড়া কাল প্রতিবার
ক্রমশঃ বৃদ্ধতর বসন্ত কি আসেনা ডালে?
কাকে বলি
প্রতীক্ষা গলে গেলে কান্না জলে
মরুভূমি তেপান্তর বুক জুড়ে
কি নিদারুন হাহাকারে মাতে।
কাউকে বলিনা।
আমাকে বুকে চেপে আমি তাই
এইসব প্রলাপন লিখি; কাঁদি-
চৌকিদার হেঁকে গেছে কখন
দোরে নষ্টপাতা এক ঘেঁয়ে গড়াগড়ি খায়।।
১০/০২/২০০৭
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


