তৃতীয় পর্ব
গা...
বেহুলার ক্রন্দন
একদিন
ভেলায় ভেসে যায়
দূর...
কলমীলতার দেশে
এবং সব আলো মেশে আঁধারে। হয়তো তখন কৃষ্ণপক্ষ নয়, নয় গ্রহণ। হয়তো জোৎস্না মুখে হিজলের ঘন ঝোপ আর মেঘ। ফণিমনসার বনে তাই কাঁদে অমাবশ্যা। কান্নার জল পৌঁছায় মেঘে, মেঘ থেকে মেঘে, অনেক আকাশে, জলের স্মৃতি বাতাসে, আরো ঝেঁকে আসে আঁধার। আঁধার ভালো তবু, ঢেকে দেয় জল। এই সব আরতি দিবা-রাত্রি জুড়ে। আলো লাগি চাতক তৃষ্ণা - তৃষা সর্ব অংগ জুড়ে।
আঁধারও দহন জানে। যেমন জানে কৃষ্ণচূড়া। দাউ দাউ উদ্বাহু নৃত্য সমগ্র বৈশাখ জুড়ে। মানুষের মনে তার রেশ, মানুষীর মনে তার রেশ, রেশ তার কোকিল গলায়। তাই এত হুতাশন।
নীল নীল ছায়া পদ্মা জুড়ে। পদ্মা তো নদী। তারও সাধ নীল ছোঁবার। তার ঢেউয়ে লাল পাল, নীল পাল, পালে বেভুল বাতাস। বাতাসে ইচ্ছে ভাসে - এক, দুই, তিন, চার ... অপার অপার। পানকৌড়ি তাকে শুনায় দূর আকাশের গল্প, ঐ যে যেখানে থাকে ব্যঙ্গমা-ব্যঙ্গমী, যারা সারাদিন শোনায় রাজকুমারের গল্প, রাজকুমারীর গল্প।
গল্প জুড়ে ইচ্ছে ফানুস।
গল্প শুনে নদী ঘুমোয়,
জল ঘুমোয়,
ঘুমোয় কলমীলতা।
বেহুলা কান্না একাকী দূর সমুদ্রের পানে ধায় ...
একাকী...
দূরে...
(পরবর্তী পর্ব: মা...
(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত)
"বাসর নৈবদ্যগুচ্ছ - গদ্যছাঁচে পদ্যলীলা ,প্রথম পর্ব : সা..." এখানে
"বাসর নৈবদ্যগুচ্ছ - গদ্যছাঁচে পদ্যলীলা , দ্বিতীয় পর্ব : রে..." এখানে
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


