মা...
কনে দেখা আলোয় মাখা
রাঙা ধূলোর পথ
আসবে নাকি অধীর চাওয়ার
মন পবনের রথ।।
তুমি দ্বার খুলে ভেতরে নিয়েছো রোদ, আমি অনাথ রৌদ্রের পাশে, খেয়াল করনি। তুমি সুর করে পড়েছো শ্লোক, নামতা ধারাপাত, ছড়ায়েছ ঘাসে খই, খালি পায়ে মেখেছো শিশির, পাঠশালার পথ ধরে সহপাঠীর কাঁধে হাত রেখে গল্পে মেতেছো, মেতেছো একাদোক্কায়, কানামাছি রাংতায়, তুমি ঝাল টক নুন তেতুঁলে বিভোর ছিলে দুপুর, তুমি স্নান ঘরে গেয়েছো রাজপুত্রের গান, কলতলায় উদাস দাঁড়িয়েছিলে বহুদূর ছড়ানো মাঠ দেখে, তুমি সন্ধ্যা প্রদীপ জ্বেলে ঘুরেছো এঘর থেকে ওঘর, তুমি জোৎস্না ফিকে হলে পর ঘুমে বুজিয়েছ চোখ...
...তখনও আমি প্রভাতের রোদের পাশে এক চিলতে অনাথ - এক ঠায় দাঁড়িয়ে, তুমি ঘরে তোলনি। আমি তোমার জন্য তুলে এনেছি বৈঁচি, শাপলা শালুক, এনেছি কাশফুল, সাদা বকের পালক। তোমার জন্য কোঁচড় ভরে এনেছি বেথুন, হিজলের ফুল ...
কিন্তু তুমি ঘরে জল তুলেছো, তুলেছো রোদ্দুর, আঁধার নিয়েছো তুলে সযতনে, আমাকে তোলনি। আমি গাছে গাছে ফিরিয়ে দিয়েছি বেথুন, হিজলের ফুল, রেখে এসেছি শাপলা শালুক, কাশফুল, বকের পালক।
শুধু আমাকে ফেরাতে পারিনি-
তাই;
গ্রহ নও তুমি, জেনেও
উপগ্রহ, ঘুরছি তোমার আবর্তনে-
আমি , সেই আমি।
তাকাও, মন পবন।
(পরবর্তী পর্ব: পা...
(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত)
"বাসর নৈবদ্যগুচ্ছ - গদ্যছাঁচে পদ্যলীলা ,প্রথম পর্ব : সা..." এখানে
"বাসর নৈবদ্যগুচ্ছ - গদ্যছাঁচে পদ্যলীলা , দ্বিতীয় পর্ব : রে..." এখানে
"বাসর নৈবদ্যগুচ্ছ - গদ্যছাঁচে পদ্যলীলা , তৃতীয় পর্ব : গা..." এখানে
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


