তার দু'চোখ ব্যাকুল
দু'পা রোমাঞ্চিত।
যেন মিশরীয় সম্রাজ্ঞী কোন;
গ্রীবা উচুঁ করে
দু'পাশের রাস্তায় চোখ ফেলতো সে বিহঙ্গ দৃষ্টি।
মেয়েটির রাঙা দু'পা
দু'পায়ে রিনিঝিনি নুপুর বাজতো
আর স্পর্শে সজীব হয়ে উঠতো
মাটি; যেনবা জীয়ন কাঠি।
মেয়েটি যেন গঁগ্যার ভাস্কর্য
সহজ আর ছন্দময় তনু ঘিরে
জড়াতো সে লালপেড়ে কালো শাড়ী।
খোঁপাতে গোঁজা কাঁঠালীচাঁপা
গন্ধ তার বাতাসে খেলতো অধরা খেলা।
মেয়েটির দু'চোখ ঘিরে কাজল
কাজল ঘিরে স্বপ্ন;
ইচ্ছে তার উন্মাতাল বাতাসে আঁচল ওড়াবে
হরিদ্রাভ নেশায় মাতাবে মন,
ইচ্ছে তার জোনাকি হবে
আলো ছুঁয়ে দিবে অন্ধকারে।
মেয়েটি যেন দেবী হবে-
সে মেখে দিবে অঞ্জন আর মানুষেরা স্বাপ্নিক হবে।
মেয়েটি ভালোবাসতো মেঘ।
গোধূলী আলো যে মেঘে হাহাকার ছড়াতো
মেয়েটি সে মেঘ হতে চাইতো,
মচ্ মচে ঝরাপাতা মাড়িয়ে
মেয়েটি হেঁটে যেতে চাইতো অনন্তে,
একটি গুনগুনিয়ে উঠা সুরের জন্য
মেয়েটি মৌমাছির পিছনে ছুটে যেতো।
একটি শব্দের সৌন্দর্যে
মেয়েটি দীর্ঘক্ষন আত্নহারা হয়ে থাকতো।
মেয়েটি ছিল স্বপ্নপারের মেয়ে।
একদিন
সে স্বপ্ন পারের মেয়েটি
এক আধুনিক শহরে বেড়াতে এলো
শহরটি ছিল নোংরা
সে শহরে ঘাতকেরা সাবলীল
নিপুন দক্ষতায় নীতি সেখানে সুদূর পরাহত।
মেয়েটি শহরের অলিতে গলিতে হাঁটতো।
যে মাতাল ভুল রাস্তায় গোঙাচ্ছে
মেয়েটি তার জন্য মমতা বোধ করতো;
যে শিশুটি শৈশবে হারিয়ে ফেলা মা মনে করে
খুব কুঁকড়ে রাস্তা আঁকড়ে ঘুমিয়ে থাকতো
মেয়েটির তার জন্য অঝর অশ্রু ফেলতো
পৃথিবী এক লহমায় তার চোখে ঝাপসা হয়ে যেতো;
যে মেয়েটি গাঢ় কাজলে
জীবনের দায় ঢেকে প্রতি সন্ধ্যায় সাজতে বসতো
মেয়েটির বুকে তার জন্য সমুদ্রের মমতা নামতো।
শহরের রুদ্ধ গলিতে দুরন্ত বাতাসের ঠোকর খাবার আঘাত
মেয়েটিকে ব্যথিত করে তুলতো
শহরটির নোংরা মেয়েটিকে ছুঁতো না
কিন্তু নোংরায় দৃষ্টি তার ঝাপসা হয়ে যেতো।
মেয়েটি পণ করেছিলো আনন্দ ছড়াবার
কিন্তু শহরটি তাকে কাঁদাতো
সর্বাংগে ক্ষত ভিখারীর কাৎরানী
তাকে পাগল করে দিতো।
মেয়েটির গভীর দু'চোখ
তারো গভীরে স্বপ্ন
মেয়েটির ছিলো দু'ডানা: স্বপ্ন আর আলো।
মেয়েটি ছিলো স্বপ্নের মেয়ে
সে স্বপ্ন বিলাতে লাগলো মুঠি মুঠি
মেয়েটি ছিলো আলোর মেয়ে
সে আলো ছুঁয়ে দিলো অন্ধকারে।
শহরের আনাচে কানাচে
গলিতে পাড়ায় মহল্লায়
সে আলো আর স্বপ্ন বিলাতো রাশি রাশি।
কিন্তু শহরটি ছিলো সর্বগ্রাসী
শহরটি তার স্বপ্ন খেয়ে নিলো একলহমায়
এবং আলো হজম করে
মেয়েটির দু'ডানা ভেঙে দিলো-
হায় মেয়ে!
সে মেয়েটির স্বপ্ন পারের দেশ হতে বহুদূরে
নির্মম রুচিহীন জলকণাহীন
সে শহরে অসহায় বন্দী হলো।
ওগো স্বপ্ন মেয়ে,
তুমি বন্দী থাক!
ওগো আলোর মেয়ে,
তুমি বন্দী থাক!
উজানে ঠেলে যেতে হবে এত পাপ
এত পাপ! যেন কভু স্বপ্ন ছিলে না
এত পাপ! যেন কভু আলো ছোঁয়নি অন্ধকার
স্বপ্ন আর আলো নিরুদ্ধ শহরে
স্বপ্ন পারের মেয়েটি আর স্বপ্ন দেখেনা।
স্বপ্ন মেয়েটি আর স্বপ্ন দেখেনা।।
১৭ ফাল্গুন ১৪০৯
(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত
Espana by
Salvador Dalí)
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


