না অভিমান না প্রতীক্ষাকথা; যে পোড়ে পুড়ুক
যে বাসে বাসুক; পিঠে ক্রুশ কাঠ নিয়ে আমি
যাই নেমে ভাটিতে টাঙানো নায়ের দিকে।
সটান পিঠ ফিরিয়ে ঘোরলাগা বেমালুম।
গলুইয়ে সূর্য বেঁধে এ নগরে নেমে আসার যে বেলা;
কিছুকাল ভিড়ে ছিলো রক্ত আর মাদুলীচিহ্নে সে মোহকাল;
ওদিকে শাপলা তোলার ভোর ফুরোবার আগে তবে
এবার ছুটি। যে বাসে বাসুক । আমি তবে গুটিয়ে নেই
গালিচা ; ঝিনুকে সমুদ্রগান; মৃদু হৈচৈ অতঃপর।
কখন যে রণপায়ে শিখে গেছি হাঁটা। আহা! কখন যে।
মৃদু দুর্বার কাছে নতজানু হবার আগে বিঁধে নিতে চাই
কাঁটাগাছ ; এখনো রক্ত ঝরে নিপুন সে কথা
জানানোর দায় মুছে যাবার আগে বৈঠায় ক্রন্দন
চাই সে কথা জানুক লাউ ডগা ফড়িং উড়া বিকেল।
এ নগরে আমার বসত নেই।
এ নগরে আমার বসত নেই।
ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত
Christ of Saint John of the Cross (১৯৫১)
by Salvador Dalí
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



