বরাবর,
মাননীয় (কর্তা ও) কতৃপক্ষ
সামহয়ারইন ব্লগ
বাংলাদেশ
বিষয়ঃ পিডিএফ আর্কাইভ চাহিয়া আবেদন
মাধ্যমঃ ডাইরেক্ট একশন
জনাব/জনাবা,
সবিনয় নিবেদিন এই যে, আমরা সামহয়ারইন ব্লগ মতান্তরে সামু ব্লগ নামক ব্লগের স্থায়ী ও অস্থায়ী ব্লগার। দিনের পর দিন আমরা খাইয়া না খাইয়া (অথবা খাইতে খাইতে), বসিয়া দাঁড়াইয়া (অথবা শুইয়া) , পিসি হইতে অথবা ল্যাপটপ কোলে লইয়া (অথবা মোবাইল দিয়া), হাসিয়া কাঁদিয়া (অথবা রাগিয়া) এই ব্লগে দিন রাত্রী যাপন করি। দিবা রাত্রীর এমন কোন সময় নাই যখন আমরা কেহ না কেহ ব্লগে উপস্থিত থাকিনা। সামু ব্লগে আমরা না না ধরনের পোষ্ট পড়িয়া ও লিখিয়া নিজেরা ও অন্যান্য ব্লগারদের চরম বিনোদন প্রদানে চেষ্টার ত্রুটি রাখিনা। ইন্টারনেটের হাজারটা বিনোদনের ঠিকানা থাকা সত্বেও আমরা সামু ব্লগ খুলিয়া বসিয়া থাকি নিজের মাতৃভাষায় লিখিতে ও পরিতে পারি বলিয়া। আমাদের মাঝে কেহ কেহ নিয়মিত, কেহ অনিয়মিত, কেহ সিজনাল, কেহ বা ক্যাচাল সন্ধানী টাইপ ব্লগার বা ব্লগ পাঠক। আমাদের সমাজের এই বার রকম মানুষ লইয়াই আজিকের সামহয়ারইন ব্লগ।
আমি জনাব ~স্বপ্নজয়~ মতান্তরে "পাক্না জয়" এই ব্লগে রহিয়াছি বিগত তিনটি বসন্ত হইতে। ২০০৯ সনের মে মাসে আমি প্রথমবারের মত ব্লগারদের "মা দিবস" উপলক্ষে লেখার সংকলন পিডিএফ আকারে প্রকাশ করি। তাহার পর আমার নিজের খাইয়া বনের মোষ তাড়ানোর ফল স্বরুপ আরও ৪/৫ টি পিডিএফ ইবুক জন্ম নেয়। এ ছাড়া সামু ব্লগে ফিরে দেখা একাত্তর, মুক্তলেখা, বৈজ্ঞানিক কল্পগল্প সংকলন - ২০০৯, ব্লগারদের প্রিয় কবিতা, ১'ব্যাগ কবিতাঃ ব্লগারদের লেখা কবিতার সংকলন, একাত্তরের চিঠি প্রভৃতি অসাধারন মানের সংকলন প্রকাশীত হইয়াছে।
কালের বিবর্তনে সামু ব্লগে হাজার হাজার ব্লগার এসেছেন, চলেও গেছেন। অনেকের লেখা আজও তার ব্লগে আছে, অনেকের কোন লেখাই আর নেই। নতুন ব্লগাররা জানতেও পারছেননা কত ভাল ভাল ব্লগার, লেখক, সাহিত্যিক, সাংবাদিক তাদের সোনা ঝরা কলমের সাক্ষর রেখে গেছেন এই ব্লগের পাতায় পাতায়। ব্লগের প্রকাশনা অপরবাস্তবের কথা নতুন কয়জন ব্লগার জানেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। অপরবাস্তবের পিডিএফ কোন দিন উন্মুক্ত হবার আশাও করিনা। একটার পর একটা অপরবাস্তব আসে, কিছু লোকে কিনে পড়েন, আমরা শুধু বাইরে বসে দেখে যাই, বইটি হাতে পাওয়া হয়না কোন বারেই। এভাবেই হারিয়ে যায় অনেক মুল্যবান লেখা। কিন্তু ব্লগারদের লেখা নিয়ে তৈরী এই ইবুকগুলোও সামু ব্লগের ঐতিহ্য বহন করে। অলঙ্করন বা সম্পাদনা কে করলেন, ইবুকটি দৃষ্টিনন্দন হলো কি না, সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয়টি হচ্ছে প্রতিটি ইবুক সামু ব্লগের একটি বিশেষ সময়ের কিছু স্মৃতী, ব্লগারদের হৃদয়ের বিশেষ কিছু অনুভুতি ধারণ করে। সময়ের সাথে সাথে সেগুলিও আজ হারিয়ে যেতে বসেছে।
অতএব, বিধায় নিবেদন, সামু ব্লগে একটি পিডিএফ আর্কাইভ করিয়া আমাদের বাধিত করিতে কতৃপক্ষের আজ্ঞা হয়।
নিবেদক;
খাকছার (মানে কি?) পাক্না ওরফে ~স্বপ্নজয়~
সামহয়ারইন ব্লগ
কপিঃ সকল মডু মামা ও মামী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


