আমার মনে পড়ে, জাম গাছ থেকে লাফ দিয়ে নিজের পা মচকে ফেলেছিস আমার পায়ে কাঁটা ফোটার এক আত্ম চিৎকারে, অসুস্থ্য শরীর নিয়ে যুদ্ধ করেছিস তোর এই দুষ্টু ভাইকে মারার জন্য ধেয়ে আসা মানুষটার সাথে, তোর এই অসম্ভব শয়তান ভাইয়ের জন্য তুই পড়শীর মাথা ফাটিয়ে জেলেও গিয়েছিস... আমার খুব কান্না আসছেরে...
কাঁদতে তবু পারিনা, মানুষের মাঝে। আঁধার রাত আমার প্রিয় তাই। তোর মনে পড়ে? পাহাড় থেকে যখন আমি লুকিয়ে শুকনো কাঠ আনতাম আর তোর চোখে ধরা পড়লে তুই হাত ধরে বলতি, দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন... আমি কিন্তু একটুও ভয় পেতাম না, বরং খিলখিল করে হেসে উঠতাম, আরে আমিতো তখন জানতাম, তুই আমাকে কখনোই মারবি না। আমিযে তোকে খুব ভালোবাসতাম...। খুব...।
আজ যখন মানুষ খুব আঘাত দিয়ে যায়, তখনো কিন্তু আমি খুব র্নিভাবনায় থাকি, জানিতো তুই মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছিস, সেই ছোট বেলাকার মত। যখন হোঁচট খেয়ে পড়ে যেয়ে আহলাদে খুব কাঁদতাম তখন তুই এসে প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে হাটু গেড়ে বসে বলতি- "ছিঃ তুই বড় হয়েছিস না?" আমি খুব লজ্জা পেতাম তখন
তোর নাঙল টানার দিন শেষ, তোর পাহাড়ে পাহাড়ে দৌড়ানোর দিন শেষ, তোর নিজেরে কষ্ট দেবার দিন তবু শেষ করিসনি যে? তুই কবে অবসর নিবি...? তোর এই জন্মদিনে তোকে দেবার মত কিছুই নেইরে ভাইয়্যা। তোকে কখনোই মুখ ফুটে বলতে পারবো না, তবু আজ সময়ের পাতায় লিখে রাখলাম, তোর জন্যই আমার এই বেঁচে থাকা। যতদিন বেঁচে থাকবো, তোর নাঙলের ফলা আমি মাউসের ডগায় নিয়ে চাষ করে যাবো সবুজের...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

