ছিনতাই প্রুফ সিএনজি
ঢাকার সিএনজি ওয়ালারা নিজেদের সবসময় লোহার খাঁচায় পুরে রাখেন। যদিও কারনটা নিরাপত্তার জন্যে। চালকদের চারিদকে মোটা ইস্পাতের জাল বিছানো। ছিনতাইকারীরা যাতে সহজে “ঠ্যাক” দিতে না পারে।
আজ সকালে সিএনজিতে উঠার আগে দরদাম করছিলাম। উঠতে যাবার আগ মুহুর্তে দেখলাম এই সিএনজিতে কোন দরজা নাই। সিএনজি ওয়ালা কোথায় একটা তার টান দিল তার পরে দরজার হুক খুললো। আগে সিএনজি চালকরাই খাঁচার ভিতরে থাকার নিরাপত্তার সুযোগ পেতেন। এই সিএনজিতে দেখি আরোহীও খাঁচার ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছে।
সিএনজি ওয়ালা বললো, প্রায়ই জ্যামে আটকা পড়লে বা অন্যকোন কারনে গতি কমালে রাস্তায় ওঁত পেতে থাকা মলম পার্টি বা ছিনতাইকারী টুক করে দু পাশ থেকে দুজন উঠে যায়। মাঝখানে নিরিহ আরোহীকে স্যান্ডউইচ বানিয়ে পেটে ছুরি-পিস্তল ঠেকিয়ে সবকিছু কেড়ে নেয়। যাবার সময় খামোখাই চোখে মলম দিয়ে কিংবা আরোহীর কপাল খারাপ হলে ছিনতাইকারী যদি হিরুইঞ্চি বা গাঞ্জুট্টি (অর্থাৎ ড্রাগ এডিক্টেড) হয় তাহলে বাধা না দিলেও ক্ষুর দিয়ে একটা পোচ দেয়। এডিক্টেডদের ব্রেন কাজ করে কি না সন্দেহ। এরা ভিক্টিম বাধা না দিলেও এমনি এমনি স্ট্যাব করে বলে শুনেছি। সিএনজি ওয়ালা বললো এক সপ্তাহ আগে রাত আটটার দিকে বিশ্বরোডে সে একলা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলো। হঠাত দু দিক হতে দুজন ছিনতাইকারী উঠে পেটে চাকু ঠেকিয়ে প্যাসেঞ্জারের সর্বস্ব লুটে নেয়। চালক নিজে নিরাপত্তা খাঁচার ভিতরে ছিলো তাই তাকে কিছু করতে পারে নি। কিন্তু যাবার সময় প্যাসেঞ্জার ভদ্রলোকের চোখে মলম ঠেসে দিয়েছিল। পরেরদিনই এক গ্যারেজে এই জিনিস দেখে সে এটা তার সিএনজিতে ফিট করে। মোটা লোহার তারের জাল দিয়ে দুটো দরজা সিএনজির বডির সাথে ওয়েল্ডিং করে জুড়ে দেয়া। দরজার হুকের সাথে স্প্রিং এর সহজ মেকানিজম। লম্বা তার গেছে চালকের কাছে। টান মারলে ভিতরে থেকেই দরজা খুলে দিতে পারে চালক। যাত্রী উঠে টেনে লাগিয়ে দেয়। আবার বের হবার সময় হুক খুলে বেড়িয়ে আসতে পারে। কিন্তু চালক বা যাত্রী দরজা না খুললে বাইরে থেকে খোলা সম্ভব না। এখন নাকি কাস্টোমারেরা তার সিএনজিতে উঠে অনেক নিশ্চিন্ত হয়ে।
আমিও নিশ্চিন্ত মনেই উঠলাম। ব্যাপারটা আসলেই দারুন। মোবাইল দিয়ে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। আমার মতো বিশাল অংশের লোককে রাত বিরাতে সিএনজিতে উঠতে হয়। সিএনজিতে এই খাঁচা লাগানোর নিয়ম বাধ্যতামুলক করলে বেশ হয়।
ওর মুখে শুনলাম ঢাকা শহরে এমন সিএনজি গোটা দশেক মাত্র।
দরজার মেকানিজম।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


