আমার প্রিয় পোস্ট

...ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাচিয়া,সদাই ভাবনা,
যা কিছু পায়, হারায়ে যায়, না মানে স্বান্তনা...

টেলিকম বিলিং সিস্টেমের টুকিটাকি

২১ শে জুন, ২০০৯ রাত ৩:৫১

শেয়ারঃ
0 3 0


বিশ্ববিদ্যালয়ে শেষ দিন পরীক্ষা দেয়ার পর পরই এক সপ্তাহ শেষ হতে না হতেই চাকরী পেয়ে গেলাম। তাও আবার টেলিকমে। র‌্যাংসটেলে। কিছুই জানি না কিছুই বুঝিনা। হাজির হলাম এক অন্য জগতে। সেখানে আমার বস হলেন এক সেলিব্রেটি। জাকারিয়া স্বপন। যার লেখা পড়েছি। যার অটোগ্রাফের জন্য বিশ্ববিদ্যালয় জীবনে তিনি যখন আমাদের ক্যাম্পাসে গিয়েছিলেন তখন দাড়িয়ে থেকেছি। মুহম্মদ জাফর ইকবালের সাথে তার সম্পর্ক বেশ ভালো। দু’জন মিলে বই ও লিখেছেন। এই কারনে হয়তো তিনি প্রায়ই আমাদের ক্যাম্পাসে যেতেন। সেই সেলিব্রিটি আমার বস। আমার সৌভাগ্য হয়েছিলো তার সাথে পুরো দুই বছর কাজ করার। কোন কাজ করতে দেরী হলেই তিনি যেটা বলতেন, জায়েদ তোমাকে র‌্যাংগস ভবনের চৌদ্দ তলা থেকে ফেলে দেবো। সেই ভয়েই কিনা কে জানে, আমি মনে হয় ভুল টুল তেমন করতাম না। তবে তার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগতো, এখনো লাগে, সেটা হলো তার বন্ধুত্ব আর তার কাজ শেখানোর কৌশল। খুব ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করিয়ে তিনি হয়তো দেখা যাবে খুব বড় একটা দায়িত্ব দিয়ে বসে আছেন। র‌্যাংসটেলে তিনি সম্পূর্ণ নিজেদের তৈরী একটা বিলিং সিস্টেম দিয়ে কাজ শুরু করেছিলেন। আমার সৌভাগ্য আমি সেই বিলিং সিস্টেমে কাজ করতে পেরেছি। আমি এখন মোটামুটি বিশ্ববিখ্যাত একটি আন্তর্জাতিক টেলিকম বিলিং ভেন্ডরে কাজ করি। পৃথিবীর ত্রিশটির মতো অপারেটর আর বিশটির মতো দেশে যাদের বিলিং সিস্টেম চলে। তাই টেলিকম বিলিং এর অনেক কিছুই আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমার মতে আমাদের র‌্যাংসটেলের সেই বিলিং সিস্টেম কোন অংশে খারাপ ছিলো না।

একটি মোবাইল কোম্পানিতে প্রতিদিন অগনিতক কল হয়। পোস্টপেইড সিস্টেমে সেই কলগুলোকে ঠিকমতো চার্জ করাই একটি বিলিং সিস্টেমের কাজ। অবশ্য বিলিং সিস্টেমের আরো অনেক কাজ আছে। যেমন কেউ যখন একটি মোবাইল সিম কিনে থাকে, তাকে একটা ফর্ম ফিলআপ করতে হয়। যেটাকে আমরা সাবস্ত্রিপসন ফর্ম বলে থাকি। একজন কাস্টমার রিপ্রেজেন্টেটিভ বা সেলস কর্মচারী নেই ডাটা গুলোকে একটা অটোমেটেড সিস্টেমে এন্ট্রি দিয়ে থাকে। এই ডাটাগুলো থেকেই গড়ে উঠে একটা কাস্টমার ডাটাবেজ। যেখানে প্রতিটা মোবাইল সিম হোল্ডারের তথ্য থাকে। বিলিং সিস্টেমের কাজ হলো এই সুযোগটা করে দেয়া। একজন কাস্টমারের ডাটা এভাবে এন্ট্রি দেয়ার সাথে সাথে আরো একটা জিনিস করা হয়, সেই কাস্টমার কোন প্রোডাক্টটি নিচ্ছে, সেই তথ্যটিও দিয়ে দেয়া হয়, আর সেই সাথে সাথে একটি অটোমেটেড সিস্টেম সেটাকে এক্টিভ করে। এক্টিভ করা মানে হলো, সেই নাম্বারটিকে কথা বলার উপযোগী করা

এরিকসন,হুয়াউই,সিমেন্সের মতো কোম্পানীগুলো থেকে মোবাইল কোম্পানীগুলো ইন্ফ্রাস্টাকচার গুলো কিনে থাকে। বিলিং সিস্টেমের কাজ হলো এন্ট্রি দেয়ার পর এই ইন্ফ্রাস্টাকচারে নাম্বার গুলোকে কল করার উপযোগী করা। এবং যদি কোন কাস্টমার তার লিমিটের চেয়ে বেশী বলে থাকে তাহলে তার নাম্বারটিকে কথা বলতে না দেয়া।

বিলিং সিস্টেমের আরো একটি কাজ হলো কাস্টমার কেয়ার ইউনিটগুলোকে সাহায্য করা। একজন কাস্টমার যখন হেল্পলাইনগুলোতে ফোন করে কোন একটি সেবা চেয়ে থাকে, তখন সাথে সাথে সেই কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টিটিভের সামনে কম্পিউটার স্ক্রীনে সেই কাস্টমারের যাবতীয় তথ্য সয়ংক্রীয়ভাবে চলে আসে। তখন সেখান থেকে কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ কাস্টমারকে সেবাটি যাতে প্রদান করতে পারে এবং তার যেন একটা রেকর্ড থাকে, তারও ব্যাবস্থাও করে থাকে বিলিং সিস্টেম গুলো।

বিলিং সিস্টেমের আরো একটি কাজ হলো সেলস, মার্কেটিং, ফিনান্স এইসব ইউনিটগুলোকে বিলিং সিস্টেমের সাথে যুক্ত করা। এছাড়া সময়মতো প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত দিয়ে মার্কেটিং ইউনিটকে সাহায্য করা, যাতে নতুন নতুন মার্কেটিং প্ল্যান করা যায়।

একটি বিলিং সিস্টেমের কাজ এতোই ব্যাপক যে একটি লেখায় তার সমস্ত কাজকর্ম বর্ণনা করা সম্ভব নয়।তবে এর প্রধান কাজই হলো প্রতি সেকেন্ডে লাখ লাখ তথ্য নিয়ে কাজ করা আর সেই সাথে অন্যান্য সিস্টেমের সাথে ইন্টিগ্রিটি বজায় রাখা। সবচেয়ে বড় যেটা, তা হলো নিঁখুত ভাবে কাজ করা। কোটি কোটি তথ্যকে সঠিকভাবে প্রসেস করা।

আমার সৌভাগ্য যে এখন পর্যন্ত মোট চারটি মোবাইল কোম্পানীর বিলিং সিস্টেমে কাজ করার সুযোগ হয়েছে। দু’টো দেশে, আর দু’টো দেশের বাইরে। তবে দুঃখের কথা আমাদের দেশের নিজেদের তৈরী বিলিং সিস্টেম তেমন নেই। যেটা আমাদের পাশ্ববর্তী দেশ ভারতের আছে। আমাদের দেশের মোবাইল কোম্পানীগুলো মূলত ভারত,চীন বা দুবাই বেসড বিলিং সিস্টেম গুলো ব্যাবহার করে থাকে। আর যেসব কোম্পানীগুলোতে আমাদের দেশেরই অনেকে কাজ করছে। আমি স্বপ্ন দেখি, একদিন সত্যিকারেই স্বপন স্যারের স্বপ্ন পূরন হবে, আর আমাদের দেশও একদিন এমন বিলিং সিস্টেম তৈরী করে নিজেরা তো বটেই , অন্য সব দেশেও তা বিক্রী করতে পারবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিলিং সিস্টেম ;
প্রকাশ করা হয়েছে: সহজ কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২১ শে জুন, ২০০৯ ভোর ৪:০৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২. ২১ শে জুন, ২০০৯ রাত ৩:৫৭
এন এইচ আর বলেছেন: এতো দেখি বিরাট হেপা..........।

কেমন কাটছে দিনকাল নাইজারে?
২১ শে জুন, ২০০৯ ভোর ৪:১০

লেখক বলেছেন: হ্যাপার উপ্রে হ্যাপা। বহুৎ ঝামেলা। ভিনদেশে এই ঝামেলা সামলাতে হচ্ছে।

৩. ২১ শে জুন, ২০০৯ ভোর ৪:০৬
রথে চেপে এলাম বলেছেন: আমরাও আশা করি... একদিন আমাদের বিলিং সিস্টেমই আমরা ব্যবহার করব। ++
২১ শে জুন, ২০০৯ ভোর ৪:১১

লেখক বলেছেন: স্বপ্ন দেখি।

৪. ২১ শে জুন, ২০০৯ ভোর ৪:৩২
একাকী বালক বলেছেন: অফটপিক: জাকারিয়া স্বপন rankstel ছেড়ে চলে গেলেন কেন? এরা যদি দেশী কোম্পানীগুলোকে তুলতে না পারে তাইলে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মত টেলিনর, ওরাসকমরাই ব্যাবসা করব।
২১ শে জুন, ২০০৯ ভোর ৫:১৪

লেখক বলেছেন: স্বপন স্যার কেন র‌্যাংসটেল ছেড়ে গেছেন সেটা বলতে পারবো না। তবে স্বপন স্যারের মতো মানুষগুলো বিদেশের জীবন ছেড়ে কিছু একটা স্বপ্ন নিয়ে নিজ দেশে ফিরেন। কিন্ত আমাদের দেশের কোম্পানীগুলো তাদের ধরে রাখতে পারে না। সেটা যতটা না টাকার জন্য, তার চেয়ে অনেক বেশী ইন্টারনাল সমস্যার জন্য।

৫. ২১ শে জুন, ২০০৯ ভোর ৫:০৭
এরশাদ বাদশা বলেছেন: জানা গেলো, আপনি রেংকসটেলের হয়ে কাজ করছেন। একটা প্রশ্ন, বাংলাদেশে সিম বানায় এমন কোম্পানি কয়টা আছে?
২১ শে জুন, ২০০৯ ভোর ৫:১৫

লেখক বলেছেন: আমাদের দেশে সিম বানায় এমন কোন কোম্পানী সম্ভবত নেই। তবে সিলকার্ড নামে একটা কোম্পানী আছে যারা বাংলাদেশে সিম নিয়ে আসে মালয়শিয়া থেকে।

৬. ২১ শে জুন, ২০০৯ ভোর ৫:৪৮
সূর্য বলেছেন: নতুন করে চাকা বানানোর দরকার কী বুঝলাম না। বিলিং সিস্টেম ডেভেলপ করা আছে, সেটাকে কাস্টমাইজড করে নিয়ে ব্যবহার করে অন্যান্য ফোন কোম্পানীগুলো। শুধু আমার দেশের জন্য আবার নতুন করে বিলিং সিস্টেম ডেভেলাপ করা কী অর্থ, সময়, আর মেধার অপচয় নয়?
২১ শে জুন, ২০০৯ ভোর ৬:০২

লেখক বলেছেন: একটা বিলিং সিস্টেমের পেছনে আমাদের দেশের মোবাইল কোম্পানী গুলোর প্রতি বছর কি পরিমান টাকা খরচ করতে হয় সেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। বিনে পয়সায় কেউ আপনাকে না দেবে বিলিং সিস্টেম, না দেবে সাপোর্ট।

৭. ২১ শে জুন, ২০০৯ ভোর ৬:৫১
শয়তান বলেছেন: জেনুইনিটি সিসটেমস এ একবার দেখেছিলাম বিলিং সফটওয়্যার নিয়ে নাড়াচাড়া করতে ।

২১ শে জুন, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: চীন যদি হুয়াউই এর মতো কোম্পানী দিয়ে সারা পৃথিবীর টেলিকম গুলোকে শাসন করতে পারে তাহলে আমাদেরও পারা উচিৎ।

২১ শে জুন, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: কি হলো ভাই??!

৯. ২১ শে জুন, ২০০৯ সকাল ৮:৫২
শ।মসীর বলেছেন: আমাদের দেশও একদিন এমন বিলিং সিস্টেম তৈরী করে নিজেরা তো বটেই , অন্য সব দেশেও তা বিক্রী করতে পারবে।

সেই প্রত্যাশায়।
২১ শে জুন, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: স্বপ্ন দেখার মানুষ গুলোই তো নেই।:(

২১ শে জুন, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১১. ২১ শে জুন, ২০০৯ সকাল ৯:১৪
আলী আরাফাত শান্ত বলেছেন: একটা দারুন জিনিষ জানাইলেন
ধন্যবাদ ভাইয়া
ভালো আছেন তো?
জাকারিয়া স্বপন এখন কোথায় আছে?
২১ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: স্বপন স্যার এখন ক্যালিফোর্নিয়ায়। একটা স্বপ্ন নিয়ে দেশে এসেছিলেন। কিছু মানুষ সেটাকে পূরণ হতে দেয় নি।

১২. ২১ শে জুন, ২০০৯ সকাল ৯:৩০
জাফর বায়েজীদ বলেছেন: ভালো লাগলো
জাকারিয়া স্বপন এখন কোথায় আছে?
২১ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: তিনি এখন ইউ এস এ তে আছেন।

১৩. ২১ শে জুন, ২০০৯ সকাল ৯:৫০
লংকার রাজা বলেছেন: @সূর্য
একটা সফটওয়্যার বাইরে থেকে কিনে আনলে যে খরচ পড়ে দেশে বানালে তার চেয়ে অনেক কম খরচ হয়।পাশাপশি তখন সাপোর্ট দেশ থেকে দেওয়া হয় ফলে সাপোর্টেও খরচ কম পড়ে।এবং দেশের টাকা দেশেই থাকে।আবার এই সিস্টেম দেশে পুরোপুরি সফল হলে বাইরেও বিক্রি করা সম্ভব।
এগুলো বুঝার জন্য বিবিএ পড়তে হয় না,একটু চিন্তা করলেই ধরতে পারবেন।
২১ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: সহমত।

১৪. ২১ শে জুন, ২০০৯ সকাল ১০:০৭
আহমেদ রাকিব বলেছেন: সাইফাই টা ভালো লাগলো। ;)

আমাদের দেশও একদিন এমন বিলিং সিস্টেম তৈরী করে নিজেরা তো বটেই , অন্য সব দেশেও তা বিক্রী করতে পারবে।

সেই প্রত্যাশায়।
২১ শে জুন, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: এটা হইলো ব্যাতিক্রমী সাই ফাই।

১৫. ২১ শে জুন, ২০০৯ সকাল ১০:০৮
মেঘলা মানুষ বলেছেন: ভাল লিখছেন।
আরেকটু ডিটেইল বললে সবাই আরও একটু মজা পেত যেমন, সিডিআর সম্পর্কে আলোভনা করতে পারতেন।
২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: সবার বোঝার মতো করে লেখার চেষ্টা করেছি। সিডিআর, মেডিয়েশন এসব বোঝাতে গেলে অনেক জটিল হয়ে যাবে। তাই এগুলো বর্ণনা করি নাই।

১৬. ২১ শে জুন, ২০০৯ সকাল ১০:১৪
আমার জন্য লেখা বলেছেন: satel নামক ফোন কম্পানির বিলিং সিসটেম made in Bangladesh. ;)
ঐটার AAA+VAS লইয়া আমি কাজ করছি।
২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: একমাত্র এস এস ডি টেকই কিছুটা চেষ্টা করেছে নিজেদের প্রোডাক্ট তৈরীর। এটা খুবই আনন্দের কথা। না হলে এখনকার ভাস এপ্লিকেশন গুলোও আমাদের বাইরের ভেন্ডর থেকে কিনতে হতো। আমাদের দেশের বড় বড় টেলিকম গুলোর উচিৎ এধরনের উদ্যোগকে সহায়তা করা।

১৭. ২১ শে জুন, ২০০৯ সকাল ১০:১৫
জুনাইদ কবীর তন্ময় বলেছেন: আমাদের দেশে মেধার রয়েছে অনেক, কিন্তু তাদের লালন করার উদ্যোগ নেই। একটেলের বিশাল বিলিং সিস্টেমের মেডিয়েশনের প্রধান একটা অংশ পুরোটাই নিজেদের তুখোর প্রোগ্রামারদের ডেভেলপ করা। দারুন একটা ব্যপার! ক্রমবর্ধমান ইউজারের চাপে এইচপি এর সরবরাহকৃত ও.এস. এর যখন জরাজীর্ন অবস্হা তারা তখন নিজেরাই ডেভেলপ করলো নতুন মেডিয়েশন সিস্টেম। নিয়তির পরিহাস হলো, সেই কারণে এইচ.পি. কে পরবর্তীতে একটা বিশাল অংকের ভর্তুকি দিত হ্য়। কারণ তারা ক্রেতাকে তাদের সিস্টেম ব্যবহার করার অনুমতি দিয়েছিল, মডিফাই করার অনুমতি দেয়নি। পরবর্তিতে তাদের কাছ থেকে সেই অনুমতি কিনে নিতে হয়েছিল নগদ অর্থে।

সুন্দর একটা পোষ্টের জন্য+
২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: আমরা পারি। কিছু মানুষ সাহস করে সেটা দেখিয়ে দিয়েছেন। আবার কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য আমরাও যে পারি, সেটাকে উৎসাহ না দিয়ে নিজেদের লাভটুকু দেখেন। আর এজন্যই আমরা আবার পিছিয়ে পরি।

১৮. ২১ শে জুন, ২০০৯ সকাল ১০:৪০
রোহান বলেছেন: সাইফাই আছো কেমন? কাল অনেক রাতে মোবাইলে সামুতে ঢুকে কেন যানি মনে হচ্ছিলো আজ তুমি একটা সাই ফাই পোষ্ট দিবা... কেমন মিলে গেলো দেখলা ;) তয় সাইফাই থিকা ফাই ডিলিট কইরা দিলা কেন???

স্বপন স্যার যাওয়ার পরে এখানে স্বপ্ন ডেখার লোকের যে কি অভাব... :( সবাই সবার ধান্দায়, দেশের একটা স্বতন্ত্র টেলিকম কোম্পানী গড়ে তোলার স্বপ্ন পূরণে কেউ নাই... এতো প্রমিজিং একটা কোম্পানী ঠেলে ঠেলে চলবে ভাবতেই কেমন জানি লাগে... স্রেফ দু তিন জনের জন্য :(

২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: র‌্যাংসটেল হতে পারতো আমাদের রিলায়েন্স এর মতো একটা টেলিকম।স্বপন স্যারের নখেরও যোগ্য নয় এমন কিছু মানুষ সেটা হতে দেয় নি। এদের জন্যই আমরা বারবার পিছিয়ে পরি।

১৯. ২১ শে জুন, ২০০৯ সকাল ১১:২৯
পারভেজ বলেছেন: @আমার জন্য লেখা , আপনি কি এসএসডিটেক এ জব করেন?
২১. ২১ শে জুন, ২০০৯ সকাল ১১:৫৯
রোহান বলেছেন: ঐ বেটা সাইফাই র‌্যাংকসটেল বানান ঠিক করো ;)
২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: আমার এখানে ফন্টে কি যেন সমস্যা হচ্ছে। তাই পারছি না।

২২. ২১ শে জুন, ২০০৯ দুপুর ১:২১
কুয়াশা বলেছেন: আমি ওয়ারিদ পোষ্ট পেইড সিম ব্যববহার করি। প্রথম যখন এই সিম ব্যবহার শুরু করি তখন ৩০/৩১ তারিখ রাত্র ১২টায় বিল তৈরী হয়ে যেত। কিন্তু বর্তমানে ৩/৪ তারিখ না যাওয়া পর্যন্ত বিল তৈরী হয়না। আমার জানা মতে বিল তো অটোমেটিক তৈরী হয়। কিন্তু ওয়ারিদের এই সমস্যার পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন।
২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: বিল তৈরী আর বিল হওয়া দু'টো দুই জিনিস। কোন একটা কোম্পানী সাধারন তার বিল পিরিয়ড শেষ হবার পর বিল তৈরী করে। এক্ষেত্রে ওয়ারিদ হয়তো একটু দেরী করছে অথবা আপনার হাতে বিলটি পৌছতে দেরী হচ্ছে। যে কোনটা হতে পারে।

২৩. ২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫৩
লুকার বলেছেন:

আপনার স্বপন স্যার অবৈধ ভিওআইপি ও কল টার্মিনেশনের সাথে জড়িত ছিলেন, যখন র‌্যাংকসটেলে ধরপাকড় শুরু হয়, তখন তিনি আমেরিকা পালান। এইরকম শুনেছিলাম, ঠিক কিনা জানিনা।
২১ শে জুন, ২০০৯ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: সব জানার পেছনে আরো অনেক কিছু থাকে। একটা হলো সেটা , যেটা সবাইকে জানানো হয়, আর একটা হলো সেটা যা আসলে ঠিক। ভি আই পি কে অবৈধ বলা যাবে কিনা সেটাও একটা প্রশ্ন। আপনি টেকনোলজি ব্যাবহার করবেন। সেটা কেন অবৈধ হবে। আপনি কি ইয়াহু মেসেঞ্জারে ভয়েস চ্যাট করেন না? সেটাও তো ভিওআইপি। সমস্যা হলো বেশীরভাগ মানুষই ইন্টারনেট বা মেসেঞ্জারে কথা বলার সুযোগ পায় না। তাদের কাছ থেকে এই সুযোগের বিনিময়ে কাড়ি কাড়ি টাকা নেয়ার নাম যদি হয় বৈধ ভিওআইপি, তাহলে সেটাকে আমি টেকনোলজির অপব্যাবহারই বলবো। আমাদের সরকার তখনো সেটা বুঝতে পারে নি। তাই ভি ও আই পি কে অবৈধ বলেছে। এখন নিজেরাই আবার কিছু কোম্পানীকে লাইসেন্স দিয়েছে। এখানেও আছে টাকার খেলা।

২৪. ২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫৭
রোহান বলেছেন: @ লুকার -- বাইরে থেকে সব জানাই শেষ জানা নয়... আরো কিছু কথা বাকি থাকে ;)
২১ শে জুন, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: সহমত।

২৫. ২১ শে জুন, ২০০৯ বিকাল ৪:৩২
পারভেজ বলেছেন: বস কি র‌্যাংকসটেলের শামীম ভাইরে চিনেন? আইটির।
মোটামতন.....
২১ শে জুন, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: আমি র‌্যাংসটেল ছাড়ার মাস খানেক আগে তিনি ম্যানেজার হিসেবে র‌্যাংসটেলে ম্যানেজার হিসেবে জয়েন করেন।

২৬. ২১ শে জুন, ২০০৯ রাত ৮:১৮
অলস ছেলে বলেছেন: স্বপ্নটা খুবই ভালো লেগেছে।
২১ শে জুন, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২৭. ২১ শে জুন, ২০০৯ রাত ৮:১৮
অলস ছেলে বলেছেন: স্বপ্নটা খুবই ভালো লেগেছে।
২১ শে জুন, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: হুমম..

২৮. ২১ শে জুন, ২০০৯ রাত ১০:১৪
লুকার বলেছেন:

সূত্র: মন্তব্য-২৩

যাক, তাইলে স্বীকার করলেন যে ঘটনা সত্য।
থ্যাংকু।
এখন কইবেন কি,
উনি র‌্যাংকসটেলে কত বেতন পাইতেন?
র‌্যাংকসটেল এইসব অকাম কইরা কত মুনাফা আয় করছিল?
২১ শে জুন, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ আছে। তবে এখানে তার যারা শত্রু ছিলো তারা এভাবেই ঘটনাটা ছড়িয়েছে। আপনাকে চেনা চেনা লাগছে।

২৯. ২১ শে জুন, ২০০৯ রাত ১১:১৩
শয়তান বলেছেন: আমি তো আরও অনেক কিছু জানি । তবে কি আমিও স্বপন সাহেবের শত্রু ? ;)


লুকাররে ঝাজাবাদ । :)
২২ শে জুন, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: আপনাকে তো চিনছি না। কোন নামের আড়ালে কে। নিজের নাম না লুকিয়ে আসল নামে আসুন।

৩০. ২১ শে জুন, ২০০৯ রাত ১১:১৬
ধূসর মানচিত্র বলেছেন: ভালো লাগল পড়ে। ++ ভারত টেলিকমের অনেক কিছুই নিজেদের কোম্পানি বানায়(
যেমন-ফ্লেক্সিলোডের মত জিনিস) তারপর অনেক কোম্পানি
আছে যারা টেলিকম জায়ান্টদের জন্য সফটওয়্যার বানাই দেয়।
তবে ভাই ভারত বহুদুর চইল্যা গেছে।তারপরেও চলুন
স্বপ্ন দেখি হয়তো স্বপ্ন গড়ে দিবে আগামী স্ব'ণালী দিন।
আবারো ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টের জন্য
২২ শে জুন, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: উপরের লুকার আর শয়তানের কমেন্ট দেখুন। এদের দেখলেই বুঝবেন, কেন ভারত এতদুর এগিয়ে আর আমরা এতো পেছনে।

৩১. ২১ শে জুন, ২০০৯ রাত ১১:৪৫
আইরিন সুলতানা বলেছেন: টেকি-পোস্ট ভালই হয়েছে....টেকি-অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ ।
২২ শে জুন, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: মাথা পুরা খালি আপু। সাই ফাই কিছুই আসছে না মাথায়। দেশ ছেড়ে এতোদূরে ভালোও লাগছে না। তাই যা নিয়ে এখন ব্যাস্ত আছি, তাই নিয়েই পোষ্ট দিয়ে দিলাম।

৩২. ২২ শে জুন, ২০০৯ রাত ১২:৪৪
শয়তান বলেছেন: আরে সমস্যা কৈ । আমি আমিই । আর ভার্চুয়াল কেউও নই । অনেকেই চেনে এবং জানে আমহকে । আপনি না চিনলে সেটায় আমার দোষ কৈ ।

শালার সত্য বলার এই এক সমস্যা । ভিওআইপি বিজনেসের সাথে যেহেতু সখ্যতা ছিল একসময় অনেক কিছুই জানতে হয়েছে । কেউই ধোয়া তুলসিপাতা নয় এখানে । যতই সুগারকোটিং দেয়া হোকনা কেন ।

২২ শে জুন, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: একটা স্বপ্নের কথা বলতে এসেছিলাম। আপনারা শুরু করলেন মারামারি।
এজন্যই আমাদের দিয়ে কিছু হবে না।

৩৩. ২২ শে জুন, ২০০৯ রাত ১২:৪৫
শয়তান বলেছেন: বাই দ্য ওয়ে জেনুইনিটি সিসটেমস এ স্বপন এর কে আছেন তা নিশ্চই অজানা নয় :)
২২ শে জুন, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: আপনারা এতো বড় বড় মানুষ কেন এখনো পুরানো খোঁচাখুচির স্বভাব ছাড়তে পারলেন না? ফাইবার অপটিক লাইনের সাথে যুক্ত হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে এটা যে দেশের সরকারের চিন্তা সেই সরকার ভি ও আইপি কে অবৈধ বলতেই পারে। কারন তাদের কে উল্টা সিধা বুঝানোর জন্য সুবিধবাদীর অভাব এদেশে নেই।

৩৪. ২২ শে জুন, ২০০৯ রাত ১:৩৯
শয়তান বলেছেন: এরপরও কিন্তু হোয়াইট রাউট আর গ্রে রাউট নামকরন হয় । এবং সেটা করি আমরাই । :)

এনিওয়ে নো হার্ড ফিলিংস । তবে আপনার 30 নং কমেন্টের রিপ্লাইটা উইথড্র করলে খুশি হব । অন্যরা কিছুই জানে না এমন ভাবাটা অন্যায় ।
সাদা কে সাদা আর কালো কে কালো বলতেই হবে ।
২২ শে জুন, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: সাদা আর কালোর বিচারটা কিভাবে হবে? যেটা সাদা সেটাকে জোর করে কালো বলিয়ে আবার কয়েকদিন পর সাদা বলার কি মানে? সরকারই তো এখন ভি ও আই পি কে লাইসেন্স দিয়েছে। তাহলে এতো হৈ চৈ করলো কেন এটা নিয়ে।

৩৫. ২২ শে জুন, ২০০৯ রাত ২:৫৫
একাকী বালক বলেছেন: হুমমম। জাকারিয়া স্বপনের নাম আসছে । তারপর ভি.ও.আই. পিও আসল। ভাই প্লীজ একটা আলাদা পোষ্ট দেন এই সব নিয়। আমরা আম জনতা একটু বুঝি।
২২ শে জুন, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: আগে আপনাকে বলতে হবে ভি ও আই পি অবৈধ বলা যাবে কিনা। আমি এখন দেশের বাইরে থাকি। প্রতিদিন দেশে, বাসায় কথা বলি ইয়াহু মেসেঞ্জারে বা স্কাইপে। আমি কিন্তু আই পি নেটওয়ার্ক ব্যাবহার করছি। আর আই পি নেটওয়ার্কে ভয়েস কল করছি। মানে আমি ভি ও আই পি করছি। সে অর্থে আমার বাসার সবাইও ভি ও আই পি করছে। তাহলে তারা অবৈধ। আমার বাসায় একটা ভালো পিসি, একটা ভালো ইন্টারনেট কানেকশন আছে। তাই এই সুযোগটা তারা নিতে পারে। খুবই অল্প খরচে। কিন্তু তাদের কথা ভাবুন যারা গ্রামে থাকে, অনেকেরই অনেক আত্মীয় বিদেশে থাকে। তারা তাদের রক্ত পানি করা টাকা দেশে পাঠায়। তাদের স্বজনরা তাদের সাথে কথা বলতে গেলে কথা বলতে হয় এখন ভি ও আই পি গেট ওয়ে গুলোর মাধ্যমে। কিছু টাকা যায় অপারেটরের পকেটে, কিছু যায় গেটওয়েগুলোতে, কিছু যায় সরকারের পকেটে। সব মিলিয়ে খরচ অনেক। একই কথা কল টার্মিনেশনের ক্ষেত্রে। আশা করি আপনাকে ভি ও আই পি কি তা বোঝাতে পেরিছি। পৃথিবীর বেশীর ভাগদেশেই ভি ও আই পি বৈধ। ভি ও আই পি অবৈধ জিনিস না।

৩৬. ২২ শে জুন, ২০০৯ সকাল ৯:৪৫
রোহান বলেছেন: একটা কথা বলি.... ভিওআইপি কি? একটা টেকনোলজি তাই না? মানুষকে কথা বলানোর একটা সস্তা ব্যবস্থা হতে পারতো আমাদের দেশে। এখন আমরা ভিওআইপি কে অবৈধ বলছি, কারণ সরকার তাই বলছে। কাল সরকার হয়তো এর লাইসেন্স ফ্রী করে দিবে, তখন আমরা একে সাদা বললেই আমাদের সব দোষ মাফ হয়ে যাবে? এমন একটা সহজলভ্য প্রযুক্তিকে যদি আমরা ব্যান করে মানুষকে বন্চিত করে রাখি তো সেই দায়ভার কে নেবে? হা হা এখন আমরা এই হাই স্পীড ইন্টারনেট নিয়ে এতো পেচাল পাড়ি, আগে তো ইন্টারনেট দুনিয়ার সাথে যুক্ত হতেই ভয় পেতো সরকার, কি নাকি সব তথ্য পাচার হয়ে যাবে... হাহাপগে...

@ লুকার: আর সবাই যে আকাম করে, হের তুলনায় র‌্যাংকসটেল তো নাদান দুই - তিন দিনের দুগ্ধপোষ্য শিশু ;)

আরেকটা কথা, স্বপন স্যারের যাওয়ায় কেউ কেউ হয়তো তৃপ্তি পেয়েছেন -- কর্পোরেট দুনিয়ায় যাদের কাছে মেধার মূল্য নেই, অর্থ আর সাময়িক আয় উন্নতি ছাড়া যাদের কাছে দেশের জন্য বৃহত্তর কোনো স্বপ্নের মূল্য নেই.... ভিওআইপি বাদ দেন, র‌্যাংকসটেল গড়ে উঠেছিলো স্রেফ ব্যবসার জন্য নয়, দেশের নিজস্ব একটা টেলিকম হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য... জাকারিয়া স্বপন হয়তো নিজের স্বপ্নের সাথে মিল খুঁজে পেয়েই এখানে এসেছিলেন... ডাইনামিক পার্সোনালিটি যে কি জিনিস উনাকে না দেখলে বোঝা যায় না... র‌্যাংকসটেলে উনার সাথে আমার এক ঘন্টার যে ইন্টারভিউ হয়েছিলো সেই দিনই উনার ক্যালিবারের যে ঝলক দেখেছিলাম, দিন দিন সেটা মুগ্ধতার দিকেই এগিয়েছে। উনাকে অনেকে অপছন্দ করতেই পারে, অপদার্থেদের জন্য উনার কোনো সহানুভূতি ছিলো না যে কখনো... ফালতু কাজ কিংবা কথার জন্য ম্যানেজার থেকে সিস্টেম ইন্জিনিয়ার সবাই ঝাড়ি খেতো ;) সেটা হোক আইটি, হোক ইন্জিনিয়ারিং কিংবা সেলস - মার্কেটিং....

আমাদের দেশে সবাই খালি অন্যেরটা নিয়ে বেঁচে থাকতে চায়, কয়টা পয়সাই তো খরচ সেটা তো জনগনের বুকে পাঁড়া দিয়ে তুলে আনাই যাবে... খামাখা সেল্ফ ডেভেলপমেন্ট খাতে শ্রম দিয়ে কি লাভ... আমাদের মানুষ এতো এতো কথা বলে, সব টাকা চলে যায় অন্যের পকেটে... আমরা এতো ডিজিটালাইজড, সফটওয়ার কিনি বিদেশী... হাহ... আবার দেশের কেউ উঠে দাঁড়াতে চাইলে নাক সিঁটকাই, ঐ টা তো দেশী রদ্দি মাল...

গ্রামীন - সিটিসেল - বাংলালিংক - একটেল থেকে অধুনা ওয়ারিদ ----- এদের সবার একদিনের ভিওআইপি রেভিনিউ কত এটা কি সাহস করে জিগাইতে পারবেন? উত্তর না পেলে বলতে পারবেন আমাগো দেশে তোমাগো আর ডাকাতি করতে দিবো না??? এখন ফুটো....

যত ঝাড়ি পল্টি সব গরীব লোকাল কোম্পানীগো উপ্রে, চারপাশের এতো এতো আক্রমনে আমাদের স্বপ্ন গুলো কিভাবে বেঁচে থাকে বলেন তো...
২২ শে জুন, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: ভাইরে এই দেশে ভালো মানুষের ভাত নাই। কোকো, সোহেল তাজ হইতে পারলে অনেক দাম। মানুষ সাপোর্টও করে আবার ভোটও দেয়।

৩৭. ২২ শে জুন, ২০০৯ সকাল ৯:৪৬
রোহান বলেছেন: হায় হায় ক্ষেইপা মেইপা বিশাল কমেন্ট কইরা ফেলছি দেখি ;)
২২ শে জুন, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ক্ষেপার কি আছে। মুহম্মদ জাফর ইকবালকে নিয়া একটা পোষ্ট দাও, দেখবা কত মানুষ বিরোধিতা করে।

৩৮. ২২ শে জুন, ২০০৯ রাত ১০:৫৮
দখিনা বাতাস বলেছেন: জাকারিয়া স্বপন সাহেবের অনেক কিছুই ভালো লাগতো, আলাদাভাবে মনে পড়ে, উনারা ছিলেন বুয়েটের সিএসই বিভাগের প্রথম ব্যাচের ছাত্র। একবার পত্রিকায় দেখলাম, উনি বললেন, একটা দোতলা বিল্ডিং আর ইন্টারনেট কানেকশন দেন, শুধু ডাটা এন্ট্রি কাজ দিয়ে কোটি টাকা আয় করা সম্ভব। যদিও ঐ সময় দেশে ইন্টারনেট বলতে সারা দেশে হাতে গোনা গুটিকয়েক লোকের ডায়াল-আপ কানেকশন। এমন আরো অনেক আশা জাগানিয়া সম্ভাবনার কথা বলতেন।

ঐসব পড়ে পুলকিত হতাম। মনের অজান্তই জাকারিয়া স্বপন নামটা "আইডল'র মত জায়গা করে নিয়েছিল মনের মাঝে।

অনেক পরে, দেখলাম ২০০৭এ অবৈধ ভিওআইপির জন্য র‌্যাংকসটেলকে ধরা হলে উনি চলে গেলেন সিংগাপুর। যদিও ঐ সময় পরিস্কার ছিলনা, ঐ কাজটা বৈধ নাকি অবৈধ। তাই জাকারিয়া স্বপন সাহেব পালিয়ে সিংগাপুর চলে গেলেও তেমন খারাপ লাগেনি। কিন্তু, খুব খারাপ লাগলো যখন উনি সিংগাপুর থেকে এক পত্রিকায় টেলিফোন সাক্ষাতকারে বললেন, আমরা আসলে ভিওআইপি করিনি, দেখেছিলাম ঐ টেকনলজিটা ঠিক ভাবে কাজ করে নাকি রাংকসটেলে। তার জন্য "test purpose" কিছু ভিওআইপি কল টার্মিনেট করা হয়েছিল। তারপরে বললেন, তারা নাকি মাত্র(!!!!) ২ কোটি মিনিট টেস্ট পারপাস টার্মিনেট করেছিলেন।

যারা আমাদের মত, টেলিকম সেক্টর নিয়ে নাড়াচাড়া করেন, অথবা লুকার/ শয়তানের মত একটু খোজ খবর রাখেন, তারা সহজেই বুঝে নিয়েন ২কোটি মিনিটের মাজেজা ;) ;)

আমরা আসলে এইভাবেই নিজেদের মনের মাঝে গড়ে তোলা "আইডল" দেরকে ভন্ডামি করতে দেখি, তারপরে নিজেরাও ভন্ডামিতে নাম লেখাই।
২৩ শে জুন, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: আপনার অবগতির জন্য জানাচ্ছি, র‌্যাব যেদিন র‌্যাংসটেল অফিসে আসে সেদিন আমিও ছিলাম। র‌্যাব কর্মকর্তা আমার পাশে বসে আমাকে দিয়েই রিপোর্ট করিয়ে নেয়। সেটা দু'কোটি মিনিট ছিলো না। দু'কোটি মিনিট যারা বানিয়েছে তাদের আমি চিনি। আপনি টেলিকম নিয়ে নাড়াচাড়া করেন , তাহলে আপনার জানা উচিৎ ভি ও আই পি কি। আপনার আইডল কাকে করবেন তা আপনার ব্যাপার। তবে একজন কে আইডল চয়েস করে পরে সত্যি বিচার না করে তাকে সেখান থেকে সরিয়ে দেয়ার মতো মানুষের আইডল খুজে পেতে সমস্যা হবার কথা না।

৩৯. ২২ শে জুন, ২০০৯ রাত ১১:২৬
লুকার বলেছেন:

র‌্যাংগস ভবনে ধরপাকড়ের আরো পরের ঘটনা। ওখানে একটা বড় মোবাইল কোম্পানীর সেটআপও ছিল। ভাঙার পর হঠাৎ বিটিটিবির বৈদেশিক কল বেড়ে গিয়েছিল কয়েক কোটি মিনিট। সবাই খুব অবাক হয়েছিল তখন।
২৪ শে জুন, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: ওখানে গ্রামীন ফোনেরর একটা বিএসসি ছিলো। আপনি তো টেলিকমের অনেক কিছু জানেন। বিএসসি থেকে কল টার্মিনেশন এর বিজনেস কিভাবে করা যায় তাতো আরো ভালো জানবেন। ;)

৪০. ২৩ শে জুন, ২০০৯ ভোর ৫:৩০
একাকী বালক বলেছেন: জাকারিয়া স্বপন স্যারের একটা নাটক দেখছিলাম। এক যুবক বিদেশ থেকে আসছিল আই.এস.পি দিতে। তারও কি এমন হয়েছিল? যারা ভিতরের সব জানেন দয়া করে একটা আলাদা বড় পোষ্ট দেন।
২৪ শে জুন, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: তারও এমনি হয়েছিলো। স্বপন স্যার প্রশিকানেটের প্রতিষ্ঠালগ্নে ছিলেন। তাই তিনি জানেন আমাদের দেশে একটা নতুন সম্ভাবনাময় কিছু শুরু করতে গেলে কেমন ভোগান্তিতে পড়তে হয়। এরপর তিনি টেক্সাস থেকে মাস্টার্স করতে ইউ এস এ চলে যান। সেখান থেকে সিলিকন ভ্যালিতে কাজে যোগ দেন। র‌্যাংকসটেল এর শুরুতে একটা দেশীয় টেলিকমের স্বপ্ন আর দেশের টাকা দেশে রাখার স্বপ্ন নিয়ে দেশে ফিরেন। তিনি ছিলেন পিওর টেকনিক্যাল পার্সন। একটা কোম্পানীর সিওও হয়েও তিনি রাত জেগে আমাদের সাথে কোডিং করতেন। ভিত্তিটা ছিলো পুরোই ওপেন সোর্স। পিএচপি, মাই এস কিউ এল আর সিস্টেম ছিলো লিনাক্স। আমার মতে খুব দারুন একটা বিলিং সিস্টেম দাড় কারান তিনি। তিনি ভিওআইপি করেছেন কিনা জানি না। তবে তার লক্ষ্য ছিলো নিজেদের বিলিং সিস্টেমে চলা, যতটা সম্ভব নিজেরা কাজ করা। আমার মনে আছে, আগে র‌্যাংসটেলের প্রিফিক্স ছিলো ০৬০৭। পরে বিটিআরসির নির্দেশ মতো সেটাকে ০৪৪ করতে হয়। হুয়াউই কে বলা হয়েছিলো সেটা করে দিতে। হুয়াউই তিন লাখ ডলার চেয়েছিলো। পরে আমরা নিজেরাই সেটা করি। কোন টাকা চার্জ ছাড়াই। এবং নির্ভুল ভাবে। কারন স্বপন স্যার ছিলেন সাহস যোগানোর জন্য। একবার জিপির সাথে আমাদের ইন্টার কানেকশনে কিছু মিসম্যাচ হয়। জিপি হেসেই উড়িয়ে দেয়। বলে আমাদের সিস্টেম নিজেদের তৈরী বলে সেখানে ভুল হয়েছে। পরে আমরা একদম সিডিআর ডাটা পাঠাই তাদের কাছে। তখন তারা স্বীকার করতে বাধ্য হয়, যে ভুলটা তাদের ছিলো। আর মিসম্যাচের কল গুলো ছিলো জিপি থেকে আসা ভিওআইপি কল।

স্বপন স্যারকে কেন যেতে হলো সেটা তিনি ভালো বলতে পারবেন। কবে আমরা দেখেছি, অনেকেই চায় নি স্বপন স্যার থাকুক। কারন টপ ম্যানেজমেন্টে তিনি ছিলেন একমাত্র টেকনিক্যাল পার্সোন। আর র‌্যাংসটেলের পুরো সিস্টেমের সব কিছু তিনি জানতেন। যেটা অনেকের জন্যই সমস্যার কারন হয়ে যায়। স্বপন স্যার কিন্তু চলে গেছেন এবং ভালো আছেন।ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি আবার তাকে লুফে নিয়েছে। মাঝখান থেকে ক্ষতি হয়েছে র‌্যাংগস গ্রুপের, দেশের।আর লাভ হয়েছে কিছু মানুষের, হুয়াউইয়ের আর তাদের কাছ থেকে সুবিধাভোগী কিছু মানুষের।

৪১. ২৩ শে জুন, ২০০৯ ভোর ৫:৫৪
শয়তান বলেছেন:
ঐটা গেরামের ফুন আসিলো @ লুকার :)

দখিনা বাতাসরেও ঝাজাবাদ । দুধ কা দুধ পানি কা পানি হৈয়া গেল সব।
২৪ শে জুন, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: সারা জীবন পানি খাইয়া অভ্যাস তো, তাই দুধ দেখলেও ভেজাল খুজা খুজি করে।:)

৪২. ২৩ শে জুন, ২০০৯ সকাল ৮:২৩
রোহান বলেছেন: র‌্যাংগস ভবনে জিপির একটা সুইচ ছিলো... ওটার সাথে স্বপন স্যারের কোনো সম্পর্ক ছিলো না ;)

আর সিজার খামাখা এসব নিয়ে কথা বলে লাভ নেই। স্বপন স্যারের পেছনে কারা লাগছিলো আর ঐদিন র‌্যাব কি করেছে আর ঐ সময় আর সবাই কি কি করেছে সেটা আমরা তো জানি সেটাই যথেষ্ট।

ভিওআইপির সাথে জড়িয়ে জাকারিয়া স্বপনকে দেশ থেকে তাড়িয়ে দেশের কি লাভ হলো না ক্ষতি হলো এটা সময়ই বলে দিবে রে ভাই। আমাদের ছোট্ট একটা দেশ, বড়লোক দেশগুলোর ভিক্ষা নিয়ে চলি আর বড় বড় ফুটানি দেখাই এখানে আমরা সবাই... দেশকে নিয়ে স্বপ্ন দেখার লোকের কত অভাব, যে দুএক জন স্বপ্ন দেখার এবং দেখানোর চেষ্টা করে তাদেরও আমরা টিকতে দেই না -- এটাই আফসোস...

আরেকটা কথা, জাকারিয়া স্বপন চলে যাবার পরে কি ভিওআইপি কমেছে একটুকুও??? এখন তো আইজিডব্লিউ থেকে আইসিএক্স সবখানে সেই একই বিদেশী দের আধিপত্য। স্বপন স্যার তো তাও স্বপ্ন দেখতো দেশের মেধাবী যুবকদের হাতে টেকনোলজির ডেভেলপ হবে...খুলনা আর বগুড়া জোনের আরএনপি এর সময় কোনো এক্সপেরিয়েন্স ছিলো না কারো... ডিপার্টমেন্টে এক্সপেরিয়েন্সড বস চাওয়াতে বলেছিলেন - তুমি কি নিজের ভবিষ্যত বন্ধ করতে চাও, তোমাদের মতো মেধাবী ছেলে পেলেরা যদি এই ছোট্ট ছোট্ট চ্যালেন্জ নিতে না পারো তাহলে দেশতো সারা জীবনই বিদেশী দের হাতে জিম্মি থেকে যাবে... এখনো মনে আছে উনার অনুপ্রেরণাগুলোর কথা... গভীর মনোযোগে প্রতিটি প্রেজেন্টেশন গুলো শোনা, নতুন কিংবা ফ্রেশ বলে তাচ্ছিল্য না করা.... এখন এতোদিনের এক্সপেরিয়েন্স নিয়ে প্রেজেন্টেশনে আগের মজা পাই না.. কথা শোনার যে কেউ নেই, কিছু হলেই বলে ভেন্ডররে ডাকো, ডিপ্লোমা পাস চাইনিজ ফ্রেশ ফ্রেস ছেলেপেলের পিকুলিয়ার ইংলিশ আর বোকার মতো এইচ কিউ কে ফলো করা দেখে স্বপন স্যারের কথা মনে পড়ে... হয়তো বলেই ফেলতো -- এই চিন্কু গুলারে চৌদ্দ তলা দিয়ে ফেলে দেবার দরকার.... ;)
২৪ শে জুন, ২০০৯ রাত ৩:১৬

লেখক বলেছেন: হুয়াউই সম্পর্কে একটা কথা বলি। ওরা চরম প্রফেশনাল। নিজেদের লাভ ওরা ষোল আনা বুঝে। কাকে কোন সুবিধা দিলে কত লাভ হবে সেটাও বুঝে। চীনা আর ইন্ডিয়ান এই দুই জাতীকে আমি সালাম জানাই, কারন তারা আমাদের জন্য খারাপ হলেও জানে কিভাবে নিজেদের উন্নতি করতে হয়, নিজেদের আধিপত্য তৈরী করতে হয়। এখানে ইন্ডিয়ান আর চীনাদের সাথেই আছি। আমাদের দুর্ভাগ্য আমরা এখনো নিজেদের ভালোটা বুঝি না। এখানে এই পোস্টের কমেন্টগুলো পড়লেই সেটা বুঝা যায়। শুরু করলাম একটা স্বপ্ন দেখার কথা বলে, সবাই শুরু করলো স্বপন স্যারের বদনাম, ভি ও আই পির বদনাম।এটাই দুঃখ।

৪৩. ২৩ শে জুন, ২০০৯ সকাল ১০:২০
পারভেজ বলেছেন: হুমম। বস টেলিকম বিলিং এর কিছু ডকুমেন্ট যদি দিতেন? আমার একটু আইডিয়া দরকার। প্লিজ।

parvez.mahmud@জিমেইল.কম
২৪ শে জুন, ২০০৯ রাত ৩:২০

লেখক বলেছেন: জেনারেলাইজ কোন ডকুমেন্টে নেই। এক এক বিলিং এর এক রকম ডকুমেন্ট।আর ভেন্ডরের জব করি বলে সেগুলো দেয়া বারন। তবে নিয়মগুলো সবজায়গায় একই। আমি আপনাকে গুগলে অ্যাড করে নিলাম। সময়করে একদিন কথা হবে।

৪৪. ২৩ শে জুন, ২০০৯ দুপুর ২:২৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
জাকারিয়া স্বপন রে নয়া ক্যাচাল বাদ দেই। এইটা অন্য জায়গায় ও করা যাবে।

আমার ও ইন্ডাস্ট্রী এক্সপেরিয়েন্স শুরু টেলিকম বিলিং,মেডিয়েশান আর পিআরএম নিয়ে। বিশাল এক জগত, আর অনেকটাই টেলিকম এর সাধারণ গন্ডীর বাইরে।




আমরা স্বপ্ন দেখতে পারি না ভাই, এইটাই আমাদের সমস্যা। সরকারি মালিকানাধীন এক অপারেটর এর ইন-হাউস কে একবার একটা স্কেমা দিয়েছিলাম,
প্রিপেইড ইন্টারন্যাশনাল রোমিং চার্জিং (থ্রু পোস্টপেইড পিআরএম); যেটা ঠিক রিয়েল-টাইম না (ক্যামেল৩ এনাবল্ড না বলে।) সে জিনিষ তারা ২ লাখ ডলারে কিনছে শুনছি, অথচ
তাদের এক প্রকৌশলী আমাদের আইডিয়ার প্রোটো বানিয়ে টেস্ট ও করে রেখেছিলো।।:(
২৪ শে জুন, ২০০৯ রাত ৩:২৯

লেখক বলেছেন: আসলেই আমরা স্বপ্ন দেখতে পারি না। কিছু মানুষ স্বপ্ন দেখাতে শুরু করলে তাদেরও আমরা সরিয়ে দেই। আজ যদি বাংলাদেশ নিজেরা একটা মহাকাশযান বানিয়ে ফেলে আর চাঁদে পাঠায়, তবে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা বলবে, আরে এটা তো ভারতের সাহায্য নিয়ে নিয়ে বানিয়েছে। অথচ সেটাই যদি ভারত বা যুক্তরাষ্ট্র বানায় তখন বলবে ব্যাটারা সেই রকম প্রতিভাবান।আমরা নিজেরাই নিজেদের সম্মান দেতে পারি না। নিজেকে সম্মান দিতে না পারলে বাইরে থেকে কেউ এসে সেটা আমাদের দিয়ে যাবে না।বাংলাদেশ চিরদিনই বন্যা কবলিত দেশ হয়ে থাকবে।(এখন নাইজেরিয়াতে এসে বার বার অন্যদের কাছে শুনতে হচ্ছে শুনতে হচ্ছে , বাংলাদেশ থেকে এসেছো,... ও সেটা তো বছরের বেশীর ভাগ সময়ই বন্যা কবলিত হয়ে থাকে..., এতো কষ্ট হয় শুনে। )

৪৫. ২৪ শে জুন, ২০০৯ রাত ৩:২৬
শান্তির দেবদূত বলেছেন: খুব ভালো লাগলো ...... হবে আমাদের দেশেও হবে ..... সময় নিয়ে আর কি, আসলে আমাদের শুরুটাই হয়েছে অনেক দেরিতে ......

শুভকামনা রইলো ......

নতুন সাই-ফাই কবে আসবে ? :) ......
২৪ শে জুন, ২০০৯ রাত ৩:৫৯

লেখক বলেছেন: ভাইরে, মাথা পুরা খালি। সাই ফাই মাথায় আসছে না। নতুন কিছু চিন্তা করার সময়ও পাচ্ছি না। দেখি কি হয় :( :(

৪৬. ২৪ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৪
রোহান বলেছেন: র‌্যাংসটেলের প্রিফিক্স ছিলো ০৬০৭। পরে বিটিআরসির নির্দেশ মতো সেটাকে ০৪৪ করতে হয়। হুয়াউই কে বলা হয়েছিলো সেটা করে দিতে। হুয়াউই তিন লাখ ডলার চেয়েছিলো। পরে আমরা নিজেরাই সেটা করি। কোন টাকা চার্জ ছাড়াই। এবং নির্ভুল ভাবে।
-----------------------------------------------------------------------------

আফসোস কি জানো এইসব লোকাল কোম্পানী গুনীর কদর করতে যানে না... যারা এই প্রিফিক্স চেন্জ এর সাথে জড়িত ছিলো, কোম্পানীর আড়াই কোটি টাকা সেভ করে তাদের কপালে স্রেফ এক মাসের বেতনের সমান বোনাস, সবারটা মিলিয়েও এক লাখ টাকাও হবে না... সেখানেও নানা ভেজাল :(
২৫ শে জুন, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: সহমত।

৪৭. ২৫ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৫
শয়তান বলেছেন:
লেখক বলেছেন: সারা জীবন পানি খাইয়া অভ্যাস তো, তাই দুধ দেখলেও ভেজাল খুজা খুজি করে।:)

---আপনার সমস্যাটা কৈ ব্রাদার ? আর কত লোক হাসাইবেন ? কৈলেন যে স্বপ্ন দেখতে নাকি জানে না কেউ । অথচ বারবার আপনার আইডলের আসল স্বপ্ন এখানে প্রকাশ করে গেসে অনেকেই :) । আপনারহয়ত ধারনাও নাই এরা কারা হৈতারে ।

একটা পরামর্শ দেই । ডোন্ট পুশ হার্ড এগেইন। নয়ত এক আমিই যা জানি তা বলে দিলে আপনার এইসব ফানুশ ধরনীতে পপাত হৈবো এক সেকেন্ডে।

অহংকার পতনের মুল ।
২৫ শে জুন, ২০০৯ ভোর ৫:০৫

লেখক বলেছেন: এরা একাধিক না হয়ে একজনেরই বিভিন্ন নিক হবার সম্ভাবনাই বেশী।

৪৮. ২৫ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৩
রোহান বলেছেন: Click This Link

তিন বছর পার কইরা দিলাম মিয়া :(
২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: হুমমম পড়ছি। র‌্যাংসটেল কে মিস করি।

৪৯. ২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৫
দখিনা বাতাস বলেছেন: আপনার পোষ্টটা ছিল বিলিং সিস্টেম নিয়ে, কিভাবে যেন জাকারিয়া স্বপনে সব আলাপ গেল, ঠিক বুজলাম না। যাই হোক, নিজের মনমত না হলেই যা তা বলার মত আপনার নীচু মানসিকতা দেখে একটু খারাপই লাগলো।

শয়তানের কমেন্টে আপনি আমাদেরকেও একই নিক বললেন, একটু যাচাই করে নিলে ভালো হতো না? আপনি নিজেই কি সু্ন্দর আমাকে সত্য মিথ্যা যাচাই করা নিয়া উপদেশ দিলেন "আইডল" খোজার জন্য, আর নিজেই কিছু যাচাই না করে বলে দিলেন একই নিক?

৩৮ নম্বর কমেন্টে:
(( .............তবে একজন কে আইডল চয়েস করে পরে সত্যি বিচার না করে তাকে সেখান থেকে সরিয়ে দেয়ার মতো মানুষের আইডল খুজে পেতে সমস্যা হবার কথা না....... ))

বিলিং সিস্টেম নিয়ে দেশে একটা কোম্পানী কাজ করেছে তবে ঐটা ভিওআইপি বিলিং সিস্টেম। আপনার ভাল লাগবে শুনে, ঐ কোম্পানী ঐ সিস্টেম বিক্রি করে কোটি টাকা অর্জনও করেছে, কিছু দিন আগে তারা স্পেনে মেলায় অংশগ্রহন করে ভাল সাড়া পেয়েছে। ইউরোপের মার্কেটে কিছু কিছু ক্রেতা অলরেডি নিয়েছে ঐ সিস্টেম।

টেলিকম সফটওয়্যারের কাজ আমরাও পাই, কিন্তু বাংলাদেশে টেলিকম সফটওয়্যারে কাজ করার মত ভালো লোক পাওয়া একটু কষ্টকর, কারন, যারা একটু কাজ শিখে তারে কিছুদিন পরেই দেশের বাইরে চলে যায় একটা জব নিয়ে, তারপরে দুরে বসে খালি স্বপ্ন দেখায়, এই হতে পারতো দেশে, ঐ হতে পারতো,,,,,,,,,,, বড় বড় কথা।

যেই কারনে জাকারিয়া স্বপনদের মত লোক যখন নিউইর্কে কলিংকার্ড কোম্পানী করে, সিংগাপুরের আরেক কোম্পানির মাধ্যমে বাংলাদেশে তার সব কল টার্মিনেট করতো আর তার মাধ্যমে নিউইয়র্কের বাংগালির পকেটের টাকা যেতো সব সিংগাপুরে। বাংলাদেশে আসতো না একটা টাকাও। তার যোগ্য উত্তরসুরী আপনি, বিদেশে বসে স্বপ্নের কথা বলছেন আমাদের।

দেশ প্রেম থাকলে আসুননা আবার দেশে, ড: জাফর ইকবালদের মত। আমাদের নিজস্ব সফটওয়্যার কোম্পনী থেকে একটা টেলিকম সফটওর‌্যার বানাই। আমেরিকার কিছু কোম্পানীর ব্যাবসার সাথে টেক্কা দেওয়ার মত আইডিয়া আছে। কিন্তু আইডিয়াকে বাস্তবে রুপ দেওয়ার মত যোগ্য টেকনিক্যাল লোক নাই।
আসবেন?
২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: আপনি নিশ্চয়ই রিভ সিস্টেমস এর কথা বলছেন। আপনার আহ্বানে সাড়া দিয়ে বলছি, আসবো। আপনার মেইল এড্রেসটা দিন।

২৭ শে জুন, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: আপনার ঠিকানায় আগামী এক সপ্তাহের মাঝে সিভি পাঠাচ্ছি।

৫১. ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১:২১
শয়তান বলেছেন: আমারটা dakbaksho এট হটমেইল ।
২৭ শে জুন, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: ২০১২ সালে তো দুনিয়াই ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরও আপনার ঠিকানায় সিভি পাঠাচ্ছি।

৫২. ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৩
রোহান বলেছেন: আমারটা

;)
২৭ শে জুন, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: আচ্ছা তুমারেও পাঠামুনে।

৫৩. ২৭ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৭
রোহান বলেছেন: আইচ্ছা দেখুমনে চাক্রী দেওন যায় কি না ;)
২৮ শে জুন, ২০০৯ রাত ২:১২

লেখক বলেছেন: দিবা চাক্রী? নিজের দেশে বইসা দেশের জন্য কিছু করতে চাই। আসলেই।

০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৫:৪৭

লেখক বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে আসা হলো যে?

 

মোট সময় লেগেছে ১.০৯৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মুহম্মদ জায়েদুল আলম, লোকে আমাকে সিজার বলেই ডাকে।পাঁচিলের উপর বসে মানুষের ভীড় দেখি আর ভাবি, মানুষ না হয়ে চড়ুইপাখি হলেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ