আমার কিছু বলার ছিল- অল্প কথা; ছোট্ট করে শেষ বিকেলে
আমার কিছু বলার ছিল- সত্যি করে রাতের কথা সবুজ-নীলে
ফুলের কথা, নদীর কথা, গাছের কথা, আলোর কথা প্রথম ভোরে
খুব বেশি নয়; অল্প কথা, ঘাটের কথা, দিঘির কথা- স্বাধীনতা
সত্যি করে নতুন পাতার ছায়ার কথা, গাছের ছায়ায় পাখির কথা
আমার কিছু বলার ছিল- আগুনঝরা মার্চকে নিয়ে- ডিসেম্বরে
যুদ্ধ নিয়ে বিজয়গাথা যুদ্ধপাপী- আল বদর আর সামসকে নিয়ে
শকুনকথা, কীটের কথা, সাপের কথা- ফণায় ফণায় ক্ষতের কথা
খুব বেশি নয়, খুব বড় নয়, অল্প কথা বুঝবে সবাই বলছি যা যা
এই মাটিতে ঘুমায় কারা জাগার দিনে কাদের কথা বলছে না কেউ
কাদের ত্যাগে জমিনভরে শস্য ফলে, দোয়েল নাচে, শাপলা ফোটে
সকাল-বিকেল বুকের ভেতর দোল দিয়ে যায় স্বাধীন বাতাস
আমার কিছু বলার ছিল, বলার ছিল- কষ্টরাঙা আগস্ট নিয়ে
অল্প হলেও বুঝবে সবাই বুঝতে হবে পিতার বুকের রক্তরণ
অল্প হলেও বুঝবে সবাই, ষড়যন্ত্র আছে আজও হাততালিতে
যুদ্ধপাপী স্বপ্ন দেখে স্বাধীনতার বুক মাড়িয়ে শাসক হতে
আমার কিছু বলার ছিল- ছোট্ট করে অল্প কথা, শুনছে কি কেউ!
নদীর তীরে বাজছে শুধু লেফট-রাইট-লেফট- সামনে বাড়ো
গাছের ডালে দুলছে শুধু লেফট-রাইট-লেফট- সামনে বাড়ো
ফুল-কুঁড়িতে ভাসছে শুধু লেফট-রাইট-লেফট- সামনে বাড়ো
ভোর জানালায় শব্দ ওঠে লেফট-রাইট-লেফট- সামনে বাড়ো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


