শ্লেট
আমাদের অনুকাগজ
প্রথম বর্ষ : প্রথম সংখ্যা
১৭ ভাদ্র ১৪১৫ বাং :০১ সেপ্টেম্বর ২০০৮ খ্রি:
ঘেরে আটকে পড়ছে আমাদের শিল্পসংস্কৃতি
বাংলাদেশে একদিন হাটতলা-বটতলায় গানের আসর জমতো। চাঁদের আলোয় বাড়ির একরত্তি উঠোনটা হয়ে উঠতো সুরের মজলিশ। বাউলের একতারা জুড়ে থাকতো মাটির ঘ্রাণ। মানুষের সুখদুখের হাজার সমীকরণ। অথচ এখন হিরকখচিত এই সব দিনগুলো তামাদি হয়ে গেছে বাঙালি-জীবনে।
আমাদের গানের পাখিরা এখন হাটতলা-বটতলা-বাড়িরছোট্টউঠোন ভুলে মিলনায়তন-ফ্যান্টাসিকিংডম-ফয়েজলেক গিয়ে বাক্বাকুম গায়।
ক্রমশ কিছু মিলনায়তনে, কিছু পুঁজি-প্রধান পার্কে বন্দি হয়ে যাচ্ছে আমাদের শিল্পসংস্কৃতির অঞ্চল। যেখানে শিল্পীর কন্ঠনালী সুর উৎপাদনের বদলে উৎপাদন করে দিরহাম। যেখানে আমাদের বাউলেরা একতারা ছুড়ে ফেলে হাতে তুলে নেয় গিটার; যা কেবল টাকার গন্ধ জানে।
আমাদের গানের মানুষগুলো যারা গান ছাড়া আর কোনো স্বপ্ন জানত না একদিন;অথচ এখন তাঁরা বন্দি হয়ে যাচ্ছে বিকিয়ে দিচ্ছে ভুলে যাচ্ছে মানুষ আর মাটির টান। আমরা যারা গরিব তাদের শিল্পসংস্কৃতিবিনোদন কেন্দ্রগুলোতে বড় বড় দেয়াল উঠছে, নির্মিত হচ্ছে ফয়েজলেক।
গান এখন কেবল শুনবে টাকাঅলারা। বিনোদন কেন্দ্র পার্ক সবুজ উদ্যানে ঘুরবে পুঁজিপতি। যারা টিকেট কেটে ফ্যান্টাসি কিংডমে যেতে পারে। ভালোর গীত গাওয়া প্রথম আলো আমাদের প্রজন্মের সবচেয়ে উজ্জল মুখগুলোর হাত ধরে নিয়ে যাচ্ছে ফ্যান্টাসি কিংডমে । ভবিষ্যতের রক্তে শেকড়হীনতার বীজকে দিচ্ছে ঢুকিয়ে।
আমরা গরিবেরা কেবল বন্দি হচ্ছি । আমাদের গান, গানের মানুষেরা, আমাদের একতারা বাউল কবিতা সবুজ উদ্যান পাখির পালকের সৌন্দর্য সবকিছুই বন্দি হচ্ছে।
নাসিমূল আহ্সান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

