আমার প্রিয় পোস্ট

দুঃখবিলাস

২৯ শে আগস্ট, ২০০৯ রাত ৩:০৭

শেয়ারঃ
0 0 0

গানগুলো কি করে মনের কথা বুঝতে পারে? আনন্দের কোন গানের কথা মনে পড়ছে না, কিন্তু দুঃখের গান ঠিক যেন প্রাণের কথা বলে। নানান রকম গান। একেকজনের জন্য একেকটা। একেক সময়ের জন্য একেকটা। একেক ধরণের বিষণ্ণতার জন্য একেকটা। মানুষের চরিত্রের মধ্যে দুঃখবিলাসী একটা প্রবণতা আছে। সুযোগ পেলেই সে ইনিয়ে বিনিয়ে মন খারাপের কোন প্রসঙ্গ টেনে আনে। তারপর খানিক্ষণ সেটাকে নিয়ে রগড়ে রগড়ে দীর্ঘশ্বাস ফেলে। চাই কি একটু চোখের পানিও ঝরানো। খারাপ লাগতে মনে হয় ভাল লাগে। কিভাবে কিভাবে যেন আমাদের কাছে ট্র্যাজিক সব কিছু প্রিয় হয়ে যায়। যেই সিনেমাটায় কোন কাছের কেউ মারা যায় যেই গল্পে বিচ্ছেদ থাকে যেই কবিতায় কান্না কান্না কথা সেসবই বেশি করে ভালবাসি আমরা। এমন কেন হবে? দুঃখকেই কেন আমরা বেশি কাছে টানি? মানুষের না সুখের পেছনে ছোটার কথা?

কোন তপ্ত দুপুর, বিবর্ণ গোধুলি বা নির্ঘুম রাতে অদ্ভুত ছন্নছাড়া লাগে। আমরা এক জীবনে কত কিছুই না হারাই। সেই সব হারানো বিষয়গুলো মিছিল করতে করতে একাকী সময়গুলিতে হানা দেয়। বুকের মধ্যে একটা ডিমের খোসা বা মচমচে শুকনো পাতা গজিয়ে যায় যেটাকে কেউ যেন মুঠির মধ্যে নিয়ে দুমড়াতে থাকে। গানেরা তখন সঙ্গী হয়। নিজেকে সবার থেকে আলাদা সবার থেকে দুঃখী ভেবে নিতে এক রকমের গোপন ভাললাগা কাজ করে। তা সত্যিও হতে পারে। কারণ নিজের কষ্টটাই অনুভূত হয়, অন্যেরটা তো কেবল সহানুভূত হওয়া পর্যন্তই।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৮

লেখক বলেছেন: ঠিকই বলেছেন। হুম।

২. ২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৩
অন্যরকম বলেছেন: হুমম..... ছ্যাঁকা খাইলে মনে হয় ঠিক এইরকমই কষ্টানুভুতি হয়!!!! ;) :P
২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২২

লেখক বলেছেন: বাহ খেয়েছেন নাকি? কেমন স্বাদ? তবে ছ্যাঁকা না খেলেও এমন হতে পারে। জগত সংসারে আরো কত কিই তো ঘটে।

৩. ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১৩
সব যদি আজ বদলে যেত বলেছেন: ভালো লিখছেন। কিসের এত কষ্ট আপনার?
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: সবারই যেমন কমবেশি থাকে তেমনই। :)

ধন্যবাদ আপনাকে।

৪. ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:২৮
আনিকা শাহ বলেছেন: 'মানুষের চরিত্রের মধ্যে দুঃখবিলাসী একটা প্রবণতা আছে। সুযোগ পেলেই সে ইনিয়ে বিনিয়ে মন খারাপের কোন প্রসঙ্গ টেনে আনে।' কথাটা সত্যিই বোধহয়।

ভাল লাগল।
৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: আমার তো তাই মনে হয়। জোর করে মন খারাপ করা।

আপনাকে ধন্যবাদ।

৫. ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১:০৮
শিশিরবিন্দু বলেছেন: কোন কোন লেখা পড়লে মনে হয় ঠিক যেন আমিও এভাবেই ভাবি, আমারো বুঝি এমনই লাগে। কেমন কেমন করে যেন মনের কথাটা মিলে যায়। এ লেখাটাও তেমন।

ভাল লাগল।
৩০ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: থ্যাংকস। :)

অনেকের সাথেই অনেকের ভাবনা মিলে যায়। হয়ত কেউ মুখ ফুটে বলে না। কেউ বলে ফেললে টের পাওয়া যায় ভাবনার মিলমিশটা।

৬. ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৪
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো মনের কথাগুলো।
৩০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২৬

লেখক বলেছেন: খারাপ লাগাটা ভাল লাগল দেখি। হা হা। ভাল থাকুন।

৭. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫১
উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজান, এগুলা হইলো বিরহের গান। যারা ছ্যাকু পার্টি তাগো লিগা এইগান!

যদি এই উদাস ভাব হইতে মুক্তি পাইতে চান তাইলে হেভী মেটাল শুনেন!;)
৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: আমি ভাইজান না, আমি আপুজান। আর উদাস ভাব থেইকা মুক্তি পাইতে চাই কেডা কইল? ;)

৮. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২১
ভেবে ভেবে বলি বলেছেন: আসলে মানুষের মধ্যে স্ববিরোধিতা জিনিসটা খুব বেশি। অনেক কনফিডেন্ট মানুষের মধ্যেও দেখবেন নিজের অজান্তেই কত স্ববিরোধিতা পুষে বেড়ায়। হয়তো সে কারণেই মানুষ সুখের পিছনে ছুটলেও দুঃখবিলাস ছাড়তে পারে না। :)
৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: হতেই পারে। আমার তো মনে হয় মানুষ অক্ষতিকর হলে অনেক রকম স্ববিরোধিতাই লালন করে।

৯. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১:১৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: সত্যিই সবাই এমন করে ভাবে ? দীর্ঘ সময় নিজের ভেতর যে দুঃখবিলাসটা সযতনে ধারণ করে চলেছি , তা একান্তই আমার নিজের বলে মনে হত ।

অনেক গুলো বেলা কেটে যাবার পর একটা সময় থেকে মনে হয় আমার দুঃখবিলাস থেকে বিলাস শব্দটা সত্যিই হারিয়ে গেছে ।

কেন ভীষণ কষ্টের গানগুলো আলাদা ফোল্ডার-ঘরে যত্ন করে সাজিয়ে রাখি । সময়ে অসময়ে কেনই বা ঠিক ঐ ঘরেই গ্রামোফোন বাজে ? নিজেকে কেনই বা এত কষ্টের ছকে জড়িয়ে ফেলি ? কষ্ট হবে জেনেও কেনই বা ঐ ঘরেই বারবার ফিরে যাই ?

অনেকদিন পুরনো একটা অভ্যেসের কথা বলি ..... কোন মুভি আমি দু'বার দেখতাম না । এপ্রিলে দেখা একটা জাপানিজ মুভি আমার পুরনো প্রতিজ্ঞা বদলে দেয় । মুভিটা দেখে আমার পাষাণ হৃদয় চুরমার হয়ে যায় । এপ্রিলের সে রাতের পর কতবার যে মুভিটা দেখেছি । শুধু জানি , ওটা দেখলে কয়েক ফোঁটা অশ্রু ফেলতে পারব, এতটুকুই যেন আমার মুভিটা দেখার প্রেরণা । কেন এমন হয় , উত্তর খুঁজে পাই না
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ২:২২

লেখক বলেছেন: কি আর বলব। সব তো বলেই দিলে একদম ঠিক ঠিক।

আর কেন এমন হয় এটার কারণ আমিও জানিনা। মানুষ সুখের চর্চা জনসমক্ষে করে আর বিষাদের চর্চা গোপনে। লুকানো সম্পদ নাড়াচাড়া করার প্রতি একটা আসক্তি থাকা বিচিত্র না।

মুভিটার নাম জানিয়ে দাও।

১০. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:০৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: মুভিটার নাম departures । একদম রিসেন্ট মুভি

তবে , মুভিটা দেখার শর্ত দিয়ে দিই :
খুব শান্ত মন নিয়ে এক বসায় দেখবে । রাতে হলে ভাল হয় ।

অনেক প্রিয় সিনেমা , তাই সবাইকে অনেক কিছু বলে কয়ে বিরক্ত করে দেখতে বসাই ।
৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: নামটা মাথায় রাখলাম। যোগাড় করতে পারলে দেখে ফেলব। তখন জানাব কেমন লাগল। :)

১১. ৩১ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০২
অ্যামাটার বলেছেন: কখনও কখনও অবচেতনে মনেহয় যেন অনও অতলে ডুবে যাচ্ছি কিংবা গহীণে হারিয়ে যাচ্ছি, তখন দুঃখবিলাস না সুখের আদিখ্যেতা, জানিনা; তবে সূরের মূর্ছনা খড়কুটোর মত আঁকড়ে ধরতে ইচ্ছা করে।

আর হ্যাঁ, দারুন ঝরঝরে লেখা, ভাল লাগল। সাবলীল ভাষা। পেছনের আরও কয়েকটা লেখা পড়লাম কি-না! আলাদা আলাদা করে আর মন্তব্য করতে ইচ্ছা করছে না, তাই এখানেই একবারে বললাম। ইদানিং আলস্যে ধরেছে:(
৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: "কখনও কখনও অবচেতনে মনেহয় যেন অনও অতলে ডুবে যাচ্ছি কিংবা গহীণে হারিয়ে যাচ্ছি, তখন দুঃখবিলাস না সুখের আদিখ্যেতা, জানিনা; তবে সূরের মূর্ছনা খড়কুটোর মত আঁকড়ে ধরতে ইচ্ছা করে।"
-ভাল বলেছেন অ্যামাটার।

আলস্যে নাকি রোজায় ধরেছে? মন্তব্য পেয়ে ভাল লাগল। মাঝে মধ্যে ঢুঁ মেরে যাবেন আশা রাখি।

১২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩২
সুখী মানুষ বলেছেন: আমার ২ টা ছেলে হলে এদের নাম রাখার শখ আছে শচীন (শচীন কর্তার নামে, শচীন টেন্ডুলকারের নামও কিন্তু শচীন কর্তার নাম অনুকরণ করেই রাখা!) এবং কিশোর (কিশোর কুমার এর অনুকরণে)।

শচীন কর্তার একটা গান আছে "বিরহ বড় ভালো লাগে.."
কিশোরের.. দুঃখী মন্ ম্যারে শোন্ মেরা কেহনা...

আপনি ভালো লেখেন, অনেক অনেক ভালো।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:০১

লেখক বলেছেন: ধন্যবাদ সুখী মানুষ। আপনাদের ভাল লাগাই আমার ভাল লাগা। ভাল থাকুন।

১৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৫
সুনীল সমুদ্র বলেছেন:


চমৎকার লিখেন আপনি ! আগে কখনো পড়া হয়নি আপনার লেখা।...

এ লেখাটি মুগ্ধ হয়ে পড়লাম। এতো সাবলীল সহজ সুন্দর লেখা আপনার! আপনাকে মোটেই নতুন ব্লগার বলে মনে হচ্ছে না।...

আপনার অনুভূতির সাথে আমার অনুভূতির অনেক মিল পেয়ে ভালো লাগলো।.... দুঃখবিলাসী গান বিষয়ক আমার একটি লেখা আছে এ ব্লগে। সে লেখাটির লিংক আপনার জন্য শুভেচ্ছাস্বরুপ উপহার দিলাম...

যে গান বৃষ্টির, যে গান একান্ত অনুভবের...

ভালো থাকুন।
আপনার জন্য অনেক শুভকামনা ।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সমুদ্র আপনাকে। আপনার কবিতা আমার খুব ভাল লেগেছে, তবে সব পড়া হয়নি এখনও। যাদের লেখা ভাল লাগে তাদের কাছ থেকে এমন মন্তব্য শোনা অনেক বড় পাওয়া।

আপনার উপহার গ্রহণ করলাম। আমার জন্য উৎসাহ হয়ে থাকবে তা। ভাল থাকুন।

 

মোট সময় লেগেছে ১.২৯৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছোট ছোট স্বপ্নগুলো ঘাসের মত হয়।
একটুখানি কোনভাবে বোনা হয়ে গেলে,
অচিরেই
হৃদয়ের সারাটা মাঠ ভরে যায়।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই