আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ। তিনি বলেন, জাতীয় সংসদের আগে উপজেলা নির্বাচন হবে। পৃথিবীর সব দেশে যেভাবে খাদ্যের দাম বেড়েছে তাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ভবিষ্যতে সম্ভব নাও হতে পারে।
সকাল ৮টা ৫০ মিনিটে শ্রীমঙ্গলের ১৪ রাইফেলস ব্যাটালিয়ানের মাঠে নির্মিত হ্যালিপ্যাডে প্রধান উপদেষ্টার হেলিকপ্টার অবতরণ করে।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ রোববার সকাল ৯ টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে গণতান্ত্রিক উত্তরণে স্থানীয় পর্যায়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'আমাদের সর্ব্বোচ নাগরিক অধিকার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা। তাই আপনাদের নিজের বিবেক বুদ্ধি দিয়ে সৎ, যোগ্য ও নিবেদিত প্রাণ ব্যক্তিকে নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার তথা সিলেটের কৃষকরা এবারের বোরো মৌসুমে বেশ সাফল্য দেখিয়েছেন। দেশের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হলে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, পৃথিবীর সব দেশে যেভাবে খাদ্যের দাম বেড়েছে তাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ভবিষ্যতে সম্ভব নাও হতে পারে। তবে খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দুর্নীতিবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দুদককে শক্তিশালী করে তোলা হচ্ছে যাতে তারা বিচার বিভাগের মত স্বাধীনভাবে কাজ করতে পারে।
তিনি স্থানীয় দাবি-দাওয়া প্রসঙ্গে বলেন, শ্রীমঙ্গলে শ্রম আদালত প্রতিষ্ঠা, শ্রীমঙ্গল পৌরসভার আয়তন বৃদ্ধি, চা-শ্রমিকদের মজুরী বৃদ্ধি, হাওর উন্নয়ন প্রকল্প, পর্যটন শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংলাপে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, বস্ত্র ও পাট এবং শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ আনোয়ারুল ইকবাল, আইন বিচার ও সংসদ বিষয়ক, ধর্ম ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা মেজর জেনারেল অবঃ গোলাম কাদের।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মুহাঃ আলকামা সিদ্দিকী। অনুষ্ঠানে স্থানীয়দের বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সনাকের আহবায়ক অধ্যাপক সাইয়িদ মুজীবুর রহমান, সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, পিপি এ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, শ্রীমঙ্গল পৌর সভার চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর নুর,ও দি বাডর্স রেসিডেনসিয়্যাল মডেল কলেজের অধ্যক্ষ এম এ মহিউদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি সিউধ্বনি কুর্মী প্রমুখ।
সংলাপে শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, মুক্তিযোদ্ধা, কৃষক, মৎস্যজীবি, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, নারীনেত্রীসহ প্রায় তিন শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
পরে প্রধান উপদেষ্টা হেলিকপ্টার যোগে সিলেটের উদ্দেশ্যে শ্রীমঙ্গল ত্যাগ করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



