আমাকে জিজ্ঞেস কোরো না চাঁদের সঙ্গে জরায়ুর কোনো সম্পর্ক আছে কি না
আমি বরং বলতে পারি কেমন করে চাঁদের আলো
কেড়ে নেয় মাঝখানের স্বচ্ছতা--
গড়িয়ে যাওয়া সাদা রহস্যের মতো চরাচরে মাখামাখি হয়
গোপনীয় বৃত্তান্ত--
নিশাচর ভিখিরির ভাঙা থালা ভাঙা মনে হয় না
তখন সে কী বিড়ম্বনা--
মাটিতে ছড়িয়ে পড়ে কুড়িয়ে পাওয়া ভাত
খুন হয়ে যায় রহস্যের ভ্রূণ--
আমাকে বোলো না চাঁদ মানে শুধুই কবিতা--
আসলে এ শুধুই উন্মাদ উবাচ
কেন না আউল বাউল পদাবলী আর উন্মাদের
সঙ্গেই তার সম্পর্ক গভীরতর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


