মেহেরজান সিনেমাটি আমি দেখি নাই।
পরিচালক রুবাইয়াত হোসেনের নামও জীবনে প্রথম শুনলাম।
তবে আজকে প্রথম আলোতে মেহেরজান সিনেমা নিয়ে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সমালোচনা ও তার বিপরীতে পরিচালকের 'ধান ভানতে শীবের গীত' টাইপ কৈফিয়ত পড়লাম।
কাহিনী বা প্লট যা পড়লাম এবং আন্দাজ করলাম তাতে এত কৈফিয়ত দিয়ে কোন লাভ হবে না। এটা একটা অবাস্তব কাহিনী বা প্লটের উপর নির্মিত যার সাথে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন কোন দৈব ঘটনারও সম্পর্ক নাই।
পরিচালক এখানে একটি যুদ্ধের ডামাডোলে শত্রু ও মিত্রপক্ষের একজোড়া নরনারীর প্রেম দেখিয়েছেন। সেই সাথে যুদ্ধে নিজের সম্ভ্রম হারানো নারীকে ব্যবহার করেছেন যাচ্ছেতাই ভাবে।
এই ধরণের কল্পপ্রেম প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তৈরি সিনেমা-উপন্যাসে আমরা দেখেছি যেখানে অনেকগুলো রাষ্ট্র বা জাতিসত্ত্বা অনিচ্ছাসত্ত্বেও যুদ্ধে জড়িয়ে গিয়েছিল। আক্রমণকারী রাষ্ট্র বা জাতির কাউকে মহান হিসেবে উপস্থাপন করে সিনেমাও তৈরি হয়েছে। যেমন- শিন্ডলার'স লিস্ট ইত্যাদি। বৃটিশ শাসন ও দেশভাগ নিয়েও এমন সিনেমা-উপন্যাস আছে। যেমন- লগান, গাদ্দার ইত্যাদি। আরও কিছু আছে যেগুলো সম্পূর্ণ পৌরণিক ও ইতিহাসের কিছু ঘটনার রঙচঙে রূপ। যেমন- ট্রয় ইত্যাদি।
কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু একটি অসম যুদ্ধই নয়- এটা নিরীহ ও নিরস্ত্র একটি ভুখন্ডের অধিবাসীদের উপর অতর্কিতভাবে চালানো গণহত্যা। এই গণহত্যার পক্ষে কোন যুক্তি নাই।
পাকিস্তানী বাহিনী দীর্ঘ নয়মাস এদেশের সাধারণ মানুষদের নির্বিচারে হত্যা করেছে। নারীদের সম্ভ্রমহানী করেছে। এই পাকিস্তানী জাতি ৪০ বছর আগে যেমন মাথামোটা, বর্বর ছিল আজও তেমন আছে। এরা কোনদিন ১৯৭১ এ তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে দুঃখপ্রকাশ করেনি। তাই এদের জন্য কোন সমবেদনা থাকতে পারে না- আছে শুধুই ঘৃণা।
সেই ঘৃণিত পাকিস্তানী বাহিনীর কোন সামরিক অফিসার যুদ্ধ চলাকালে কোন বাঙ্গালী মেয়েকে ভালবেসেছে- এমন উদ্ভট কাহিনী বা প্লটের উপর সিনেমা তৈরির দুঃসাহস পরিচালক রুবাইয়াত হোসেন কিভাবে পায়?
পাকিস্তান রাষ্ট্রটি যতদিন আনুষ্ঠানিকভাবে ১৯৭১ এ গণহত্যার জন্য ক্ষমাপ্রার্থনা না করবে- ততদিন সেই রাষ্ট্রের প্রতি ঘৃণা রেখে দিতে চাই। কিন্তু আজ থেকে ১০ বছর পর এই সিনেমাটি দেখে আমার সন্তান যদি পাকিস্তানের প্রতি সামান্যতম মমত্ববোধ করে তবে তার জন্য দায়ী হবে কে?
এই সিনেমাটির প্রদর্শন বন্ধ ও সম্পূর্ণ বাজেয়াপ্ত করার দাবি জানাই।
পরিচালকের নিজের ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনারও দাবি জানাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

