ছোটবেলা থেকে পত্রপত্রিকায় দেখতাম ঈদের ছুটিতে দলে দলে সবাই বাড়ী যাচ্ছে। বাস, ট্রেন, লঞ্চ এ ঠাঁই নাই ঠাঁই নাই ভিড়। অনেক সময় অনেক বিপর্যয়, দুর্ঘটনাও ঘটতে দেখেছি, সেটাও সংবাদ মাধ্যমে।
রাজধানীতে স্থায়ী নিবাস হওয়ার সুবাদে আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই ঢাকাবাসী। ফলে ঈদের আনন্দের সাথে সাথে বাড়ী ফেরার বাড়তি আনন্দ টি (অথবা ভোগান্তি ) আমরা কখনো ভোগ করতে পারিনি। যখন বিশ্ববিদ্যালয়ে ঢাকার বাইরে পড়তাম তখন ঈদের ছুটিতে ঢাকায় ফিরতাম।
একবার ঢাকার বাইরে আমার কর্মস্থলে ঈদের আগে আগে যাচ্ছিলাম, আমি যাচ্ছি আমার স্বভাবিক নিয়মে। বাসের সবার মাঝে দেখলাম বেশ একটা উৎসব উৎসব ভাব। একটি পরিবারের অনেকজন সদস্য যাচ্ছেন ঈদের ছুটিতে বাড়ীতে। সম্ভবত তারা ঢাকায় কাছাকাছি থাকেন না। সবার মধ্যে যে আনন্দ উচ্ছাস দেখেছিলাম, সবাই সবার কুশল বিনিময় করছেন, বাড়ী যেয়ে কি কি করবেন এসব গল্প করছেন। আমি মুগ্ধ হয়ে তাদের আনন্দ দেখছিলাম আর ভাবছিলাম যত ভোগান্তি ই হোক বাড়ী ফেরার আনন্দের কোন তুলনা হয় না; যেটা আমি অথবা আমার ভাই বোনেরা কখনো বুঝতেই পারিনি।
তাই যারা ঈদের ছুটিতে বাড়ি যান তাদের প্রতি আমার একটা ঈর্ষা বোধ হয়।
তবে যারা ঢাকায় পরবাসী, তারা যখন অপছন্দের এই শহরটিকে ছেড়ে চলে যান তখন আমার প্রিয় এই শহরটি একান্তই আমার হয়ে যায়। আমি বিপুল আনন্দ নিয়ে নীরব ঢাকার ভি আই পি রোড দিয়ে রিকশায় ঘুরে বেড়াই, মনের আনন্দে ঘুরে বেড়াই। দশ পনের বছর আগেও বেড়াতাম এখনো বেড়াই। এখনই এই আনন্দটা বোধ হচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

