কেউ দেখতে পারে না ওদের কে।
নিজেরাও নিজেদের কে না।
দেয়ালের ছবির বন্দী জীবন থেকে
ওরা প্রায়ই এসে পড়ে ।
না এসে কি থাকা যায়?
অনু পরমাণু হয়ে
ইথারে ভেসে বেড়ায়
অনুভবের গভীরতম বোধ।
না বলা কথা গুলো না বলাই রয়ে যায়।
সবাই যখন জাগতিকতায় মগ্ন থাকে।
ওরা ঘুরে বেড়ায় ছায়াহীন,কায়াহীন
নির্বাক হয়ে।
জীবনের পরম সত্যালাপে
মুখর সময়ের বাঁকে
ওরা এসে ঘুরে ঘুরে চলে যায়।
এভাবেই এক ,দুই করে অজস্র বছর
বংশানুক্রমিক ধারায়
রক্তের ধারাবাহিকতায়
কয়েকশো বছর চলে যায়....
ওরা আসে।
চেয়ে দেখে।
আসলে অপরিহার্য বলে কিছুই নেই সংসারে!
ওরা নেই বলে কই থেমে থাকে নিতো একটিও
সূর্য উঠা সকাল।
খুব প্রিয় মানুষের চোখের খুব কাছে এসে ওরা
খুঁজে ফেরা দেখে।
নিঃশ্বাসের খুব কাছে এসে
বুঝতে চায় কতগুলো দীর্ঘশ্বাস!
ঝাপসা চোখে জল এসে পড়ে কারো কারো।
হৃদয়ের খুব কাছে স্পর্শের মত কিছু বোধ
চেনা গন্ধের মত কিছু বাতাস বয়ে যায়।
বেঁচে থাকা মানুষ
এবং চলে যাওয়া মানুষেরা
এভাবেই খুঁজে ফেরে আপন মানুষ!
কেউ বোঝে ।
কেউ বোঝে না।
এরা ডাকে আয়। আয়
ওরা এসে ডাকে আয় ।আয়।
কে কার ডাকে সাড়া দেবে আজ?
কে কার বুকের খুব কাছে এসে বলবে
ভালোবাসি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

