টিভির রিমোটে ঘুরতে থাকে অস্থির সময়!
টেলিফোনে বিকাই এলোমেলো সংলাপ।
যে ভালোবাসা ছড়াতে থাকে
আগুন আলোর মত।
বলতে চাই কতকিছু একান্ত আপন!
সাংসারিক সংলাপে হারাই অনুভবের সুষমা।
সকালের চায়ের কাপের ধোঁয়ায়
যতটুকু হৃদ্যতা
সব ,সব জমা রাখি শুধু তোমার জন্য।
তুমি যখন সান্তা মনিকায় সমুদ্র দেখো,
উচ্ছসিত কথামালা তোমার
ঢেউএর মত আছড়ে পড়ে।
ক্যামেরার ফোকাসে পাখিদের উড়াউড়ি।
বালুতে বসে থাকা বন্ধু এক
বিষণ্ন ছায়ার মত একাকী!
তোমাকে নিরন্তর ছুঁয়ে থাকতে মন চায়।
মনেহয় তোমাকে ছুঁয়ে থাকি অজস্র জীবন।
এই এক জীবনের পাথরবাটি,গাছগাছালির ঘর।
খুব বেশি কিছু নয়!
তোমার দীর্ঘনিঃশ্বাসে মিশাই
আমার চোখের ঝুমবৃষ্টির ঢল।
আমাদের এই একা হওয়া তাকিয়ে দেখে বাতাস।
শুন্যতায় শিস দিয়ে যায় প্রান্তিক সময়!
জানালার দিকে তাকিয়ে আকাশ দেখি।
মেঘেদের সারি দেখি।
তোমার চোখ দু'টো মনে পড়ে যায়।
তোমাকে ভীষন ছুঁতে ইচ্ছা করে আমার।
তোমার হাতের কাঁটা আঙুলটা ছুঁয়ে থাকি।
যা খুব প্রিয় আমার।
হেলেপড়া সূর্য্যটাকে তোমার কথা বলি।
তোমার সৌরভ বিনা এক একটা দিন বড় দীর্ঘ মনে হয়।
মনে হয় একসাথে গিলে ফেলি কোন ঔষধ।
নিমেষেই চলে যাই অপেক্ষার অন্যপান্তে।
তুমি ফিরে এলে হাত ভরে ফুলের সুষমা দেবো।
আমাদের বিরহকালের মগ্নতায়
কোন কবিতা লিখতে ইচ্ছা করেনা আমার।
আমাদের যাপিত জীবনের যত সুখ।
সেই সুখটুকুর ছায়া ধরে ফিরে এসো।
আমি অপেক্ষায় আছি রাখাল।
তোমার চোখের পাতায় শিশির ছোঁয়াব বলে!
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



