অদ্ভুত সেই ভঙ্গিমাকে দেখছিলাম নিবিড় অন্ধকারেও।
আকাশ ভরা অজস্র তারাদের ভীড়।
এত তারা কোথা থেকে এসেছিল কে জানে!
বলেছিলে,
"তারা আর জোনাকীদের দারুন মিল।
যেমন করে তোমাতে আর আমাতে।"
বলেছিলে,
"ছাদের কার্ণিশে এসে চুপ বসি যদি
তারাদের থেকে এনে দেবে টুপটাপ আলোকপ্রহর।"
বলেছিলে,
"গাছের পাতাদের ঝির ঝির দোলায় ঘুম এলে পরে
মুঠো মুঠো জোনাকদের এনে দু'চোখে ছড়াবে।"
বলেছিলে,
"চুলের এলোমেলোতায় কামরাঙা ফুল দেবে
এবং অন্ধকারের কাছে আসাটুকু ভরিয়ে দেবে তোমার সৌরভে।"
তুমি বললেই শুধু এই রকম!
এখনো চোখের তারায় নাচে শ্রাবনের ময়ূর।
হাতের মুঠোয় ভরে থাকি শরতের শেফালী যতো।
বুকের খুব কাছে ঘন হয়ে বসে থাকে গ্রীষ্মের উদাস দুপুর।
আর খালি পায়ে আলপনা একে খুঁজে ফিরি ভোরের শিশির।
তুমি বললেই এখনো
হলুদাভ পাখি হই বসন্তের দিনে!
এবং এভাবেই আমি এবং তুমি
পৃথিবীর সব প্রেমময় মানুষের প্রেমের উপমা হই যখন তখন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

