কতোকাল তুমি ধরে রাখবে ওই মুখশ্রী?
এই রাতে আর কতোবার সরিয়ে রাখবে তোমার সংকুচিত রুক্ষ ঠোঁট?
কীভাবে উপেক্ষা করবে তুমি আমার লাল চোখের আকুতি?
সবুজ ঘাসের মতো আঙুলগুলো আর কতোক্ষণ গুটিয়ে রাখবে শাড়ির আঁচলে?
তুমি কি অন্ধ হয়ে গেছো, নাকি অমূলক পঙ্গুত্ব লালন করছো নিজেই?
একবার...অন্তত একবার হেঁটে দেখো আমার মনোপ্রান্তরে?
কতোভাবে আর সিদ্ধান্তহীনতার শেকলে বন্দি হবে?
শেকলটা ছিঁড়তে না পারো, সামান্য একটু টান দিয়ে দেখো।
ইতিহাসের আবরণ খুলে রাখো বর্তমানের বৃত্তে
দুঃখের জলে ভেজা আঁচলে পাল তোলো এই নুতন নৌকায়
কতো সময় আর স্থবীর থাকবে এটি তীরে শুয়ে?
বুকে একবার মাথা তো রাখো- আলিঙ্গণ নাইবা করলে
কতো রাত আর নির্ঘুম চোখে চেয়ে থাকবে ঘূর্ণায়মান পাখার দিকে?
তোমার জীবন যে ঘুরছে ঘুনে ধরা অপবিশ্বাসের চরকিতে, বুঝো না?
পাথরতা ভেঙে তরল হয়ে যাও
বৃষ্টির ধারার মতো ঝির ঝির করে ঝরে পড়ো আমার হৃদয়ের বারান্দায়
বিশ্বাস করো অদ্ভুত এক উষ্ণতায় জ্বলে উঠবে তুমি
পুড়ে যাবে- পুড়েই যাবে সংশয়ের সব সমুদ্র।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



