এই চোখে সমাধিত হয়েছে অনেক রাত
অন্ধকারের পর্দা ছিঁড়ে ছিঁড়ে কতোবার বেঁধেছি এই চোখ
কানামাছি ভোঁ ভোঁ খেলেছি ভালোবাসার সাথে
আর ক্রমেই চলে গেছি নিকষ অন্ধকারের অতল তলে।
এখন কালোবাসার বৃত্তে বন্দী আমি
সন্ধি করি সুবিধাবাদী সময়ের সাথে
প্রত্যাশার পাপড়িগুলো মরে গেছে আলোকের অভাবে
আর হামাগুড়ি দিয়ে পালিয়ে বেঁচেছে দুর্ভাগা স্বপ্নের দল।
এই চোখ
ভালো করে তাকিয়ে দেখ
এই চোখ
যেখানে আত্মহত্যা করেছে আলপনা আঁকা আত্মবিশ্বাসের রেনুগুলো
যেখান থেকে চলে গেছে সারি সারি কল্প-লাশের গাড়ী
তোমার হাতছানি? কিছু বলার অপেক্ষা রাখে না
ঠিক যেনো হিংস্র হায়েনার ডাক
রক্তাক্ত হই আঘাতে আঘাতে; বিরক্ত হই না কখনোই।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



