ছোট, ধাবমান একখণ্ড মেঘ, দ্বিধাজড়িত, একা
নিচু হয়ে উড়ে চলে, এণ্টেনাগুলো কাকশূন্য, ফাঁকা
ওকে খুঁজে বেড়াচ্ছে হিমালয়চূড়ার চিরচঞ্চল হাওয়া
স্বেচ্ছাসেবকের শীতল ও পবিত্র উর্দি-পরা হাওয়া
ভঙ্গিটি ব্যক্তিগত, মনে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী, অকিঞ্চিৎকর
কখনো সে লুকিয়ে যাচ্ছে বয়লারের ধোঁয়ার ভেতর
আকাশে তখন জোর প্রস্তুতি, তুমুল গমগম
সমতটে শ্রাবণ আজ শুরু, মেয়েটিকে প্রথম কদম
উপহার কে দেবে, বাঁশি একাই রাধা রাধা বলে
হায় চঞ্চল হাওয়া! ওকে ডাক, ও যে মেঘশিশু
ডেকে আন মাতৃমেঘে, কচুক্ষেতে করতে দিও না হিশু
১৯৯৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



