আমার প্রিয় পোস্ট

http://joyodrath.blogspot.com/

রসু খাঁ, তার খুনসমূহ এবং ক্রসফায়ারচিন্তা

১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৯

শেয়ারঃ
0 0 0


শাহরিক রূপকথা তৈরি হচ্ছে ঢাকার, গত শতকের য়ুরোপ-স্টাইলে। আমরা এবার পেয়ে গেলাম আমাদের "জ্যাক দ্য রিপার" রসু খাঁকে। সেই আমাদের প্রথম "সিরিয়াল কিলার", এতোই হতচকিত আমরা যে, ভুলে চক্করে কোনো কোনো পত্রিকা তাকে অভিহিত করছে "লেডি কিলার" বলে! সত্য বটে, রসু খাঁ ১১ জন মেয়েমানুষকে নির্যাতন করে হত্যা করেছে বলে স্বীকার করেছে। মওকা পেয়েছে পুলিশ। তারা সশব্দে অনুমান করছে, কমপক্ষে ৫০ জনকে হত্যা করে থাকতে পারে এই সিরিয়াল কিলার। অর্থাৎ যেসব হত্যাকাণ্ডের সুরাহা ইতোপূর্বে হয় নি, তার অনেকগুলোর দায় হয়ত নিতে হবে খাঁ সাহেবকে। আরো ভয়ানকভাবে ফোলানো-ফাঁপানো হতে পারে তাকে। আরো আরো রক্তহিম করা কাহিনী শুনতে হতে পারে আমাদের। ভয়ের বিনোদন কিন্তু ব্যাপক!

রসু খাঁর অতিদানবীয়করনের প্রকল্প মিডিয়া নিয়েছে, কাগজগুলো ঘাঁটলে এটা মনেই হয়। এমন এমন কাহিনী শোনাচ্ছে তারা, যেন একজন রশিদের খুনী রসু খাঁ হয়ে ওঠার কার্যকারণ আবিষ্কার করার দায় তাদেরই পড়ে গেছে। রসু-র বিকৃত যৌনরূচির গোড়া সন্ধানে এটাও আবিষ্কার করেছে তারা যে এই খুনী আপন দুই বোনকে বিয়ে পর্যন্ত করেছে! অথচ স্ত্রী-র মৃত্যুর পর শ্যালিকাকে বিয়ে করার একটা প্রায়-বৈধ চল বাংলাদেশের গ্রামাঞ্চলে কিন্তু আছে। সেসব এখন চলবে না। আমাদের একটা ফ্রাংকেনস্টাইন লাগবে। আমাদের একটা জ্যাক দ্য রিপার লাগবে। আমাদের শহর আমাদের চোখে আরো রহস্যময় হয়ে উঠুক। আমাদের আদর্শিক বিবেচনাবোধের পালে তেজী হাওয়া লাগুক, আমরা থুথু ছিটাব সেইসব খুনীদের মুখে।

আরো হাস্যকর লাগল মনোবিজ্ঞানীদের তোড়জোড়। সমাজে সহিংসতা বাড়ার ফলাফল এই রসু খাঁ, বেশ ঝেড়ে দিলেন তারা। একবারও ভাবলেন না, যে হারে সহিংসতা বেড়েছে তাতে বাংলাদেশের অর্ধেক লোকের রসু খাঁ হয়ে যাওয়ার কথা। আর রসু খাঁ-প্রতি ১১ টি লাশ গুনতে হলে গোটা দক্ষিণ এশিয়া নারীশূন্য হয়ে যাওয়ার কথা! এইটাকেই বোধ হয় ভালগার জেনারালাইজেশন বলে। যাক, পুলিশ, মিডিয়া এবং অপরাধ মনোবিজ্ঞান যুগপৎভাবে রসু খাঁর চরিত্র উদঘাটনের দায়িত্ব নিয়েছে। এতে করে পুলিশের খাতায় অমীমাংসিত লাশগুলোর হিল্লা হবে, পত্রিকার বাড়বে কাটতি, আর অপরাধ মনোবিজ্ঞান পাবে মনোহর কেস স্টাডি।

কেন এই ক্রনিক হত্যার নেশা রসু খাঁকে পেয়ে বসেছিল, এ নিয়ে প্রকল্পনার কি কোনোদিন শেষ হবে? নির্যাতন কিংবা ক্রসফায়ারের ভয়ে রসু তাইই বলবে, যা তাকে নিয়ে বলানো হবে। ফলে, রসু শুধু অমীমাংসিত হত্যাকাণ্ডের দায় নেবে না, অপ্রমাণিত কোনো তত্ত্বের দায়ও নিতে পারে। বিনা আয়াসে নিশ্চয়ই পার পাবে না এই মানসিক বিকৃতি, তার পেছনে কোন-না-কোন যুক্তি খাড়া করাতেই হবে!

তবু ভিলেন হিসাবে রসু খাঁ নানা কারণেই আরামের। এই নিম্নবর্গীয় খুনীর দৌড় গার্মেন্টস বালিকা থেকে ভিখারিনী পর্যন্ত। ফলে মিডিয়াভোগী শাহরিক মধ্যবিত্ত কাচের দেয়ালের ওপাশ থেকে কাহিনীটা উপভোগ করতে পারছে। ক্ষমতাবানের জানমাল রক্ষাকারী প্রতিষ্ঠানের কাছে কয়েদ থাকার সুবাদে রসু আরো উপাদেয় হয়ে উঠেছে, সন্দেহ নাই। অজানা আতংকে কেউ শিউরে উঠছে না এখন। ফলে আদর্শের চাপ বাড়ছে। রসুর গডফাদার নাই, রাজনীতিও নাই। ফলে সামাজিক ন্যায়বিচার ভেস্তে যাওয়ার সম্ভাবনাও শূন্যের কোঠায়। এত এত খুন জড়িত থাকার পরেও এমন নিরাপদ বিনোদন!

রসুর গলা যতটুকু শোনা গেছে, তাতে তার নিজেকে রাজনীতিকরনের চেষ্টাটা চিন্তার খোরাক জোগায়। "ক্রসফায়ার"এ মরতে চায় না সে। বিচারে তার ফাঁসি হবে, একথা নিশ্চিত জানার পরেও। কর্নেল ওয়েস্ট যেমন বলেন, মানুষের আইডেন্টিটি তৈরি হয় তার প্রত্যাশা এবং মৃত্যুভাবনা দিয়ে। রসুর এহেন মৃত্যুভাবনা তার আইডেন্টিটি তৈরি করে বৈকি। এরশাদ শিকদারের মৃত্যুভাবনাটির কথাও মনে হয় এই প্রেক্ষিতে। এমন ক্রুশিয়াল মুহূর্তগুলোতে তারা তাদের পরিচয়সংকটের সুরাহা করতে চাইল, ভেবে অবাক লাগে। এরশাদ শিকদার যেখানে জীবনের অনিত্যতার ব্যাপারে একটা দার্শনিক অবস্থান নিল, রসু সেখানে অনামা লাশ এবং বিচারবিহীন মৃত্যুকে নিজের নারকীয় কীর্তির চেয়ে আরো নারকীয় হিসেবে দেখল।

সেই অর্থে, রসু কি বলতে চাইল যে, রসু খাঁ নয় বরং ক্রসফায়ারই আমাদের সবচে নারকীয় সিরিয়াল কিলার?

 

প্রকাশ করা হয়েছে: পপুলার কালচার  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৪
লেখাজোকা শামীম বলেছেন: সেই অর্থে, রসু কি বলতে চাইল যে, রসু খাঁ নয় বরং ক্রসফায়ারই আমাদের সবচে নারকীয় সিরিয়াল কিলার?

এই প্রশ্নের উত্তর কি হ্যাঁ-বোধক না হয়ে পারে ?
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: তা পারে না। তবে এক সিরিয়াল কিলারের মুখে অন্য সিরিয়াল কিলারের প্রসঙ্গ আমরা হয়তো শুনতে চাইব না।

২. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৬
সৌম্য বলেছেন: ঠিক ক্লিয়ারলী মনে নাই। ৯০এর শেষ দিকে মানে ৯৭-৯৯এর দিকে মনে হয় পেপারে টেপারে খলিলুল্লাহ নামের এক পাগলের কথা আসছিলো। সে আজিমপুর-পুরান ঢাকা এরিয়াতে পাগলামী করতো আর ফেন্সিডিল খেত। রাতের বেলা লুকিয়ে আজিমপুর গোরস্তানে ঢুকে সদ্য কবর দেয়া লাশ খুড়ে লাশের কলিজা ফেন্সিডিলে ডুবিয়ে ডুবিয়ে খেত।
খবরটা 'মানব জমিনে' পড়ছিলাম। তাই কতোটা নির্ভরযোগ্য জানি না।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: খলিলুল্লাহ-র কথা আমারো মাথায় এসেছিল লিখবার সময়। সেই অর্থে সেই আমাদের প্রথম আরবান হরর।

৩. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯
রাফাত সাদাত বলেছেন: চিন্তার উদ্রেককারী পোষ্ট। সমাজের আনাচে কানাচে এরকম আরো কত রঁসু খার চেয়েও ভয়ানক অপরাধী লুকিয়ে আছে তার হিসেব কে জানে? রঁসুকে নিয়ে বানিজ্য হবে সন্দেহ নেই। প্রথম আলো এটাকে লীড নিউজ করল কেন বুঝলাম না! রঁসু খার মানসিক সমস্যা ছিল এতে সন্দেহ নেই। কিন্তু এসব মানসিক সমস্যার কারন কি সেটা আগে দেখতে হবে। এটা তো কোন জাতীয় সমস্যা না। এই লোক ধরা পড়ছে বলে সবাই জানতে পারছে। যারা প্রকাশ্যে এরকম অন্যায় করে বেড়াচ্ছে তাদের ব্যাপারে প্রশাসন নীরব।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: এটা কোনো জাতীয় সমস্যা না, তবে শ্রেণী-বিনোদন নিশ্চয়ই।

৪. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০২
ম্যাভেরিক বলেছেন: বিশ্লেষণটি সামগ্রিকভাবে ভালো লাগল।

"...সেই অর্থে, রসু কি বলতে চাইল যে, রসু খাঁ নয় বরং ক্রসফায়ারই আমাদের সবচে নারকীয় সিরিয়াল কিলার?" এ অংশটুকুর যথার্থ উত্তর কঠিন, হয়তো মনোবিজ্ঞানীগণ, এবং নিঃসন্দেহে রসু খাঁ নিজে, ভালো বলতে পারেন।

এ ছাড়া রাষ্ট্রযন্ত্রের ক্রসফায়ার এবং রসু খাঁর সিরিয়াল কিলিং-এর মধ্যে কোনটি অধিকতর খারাপ, এ ব্যাপারে "গার্মেন্টস বালিকা থেকে ভিখারিনী" এবং "কাঁচের দেয়ালের ভেতর মিডিয়াভোগী শাহরিক"-এ দু'য়ের মনোভাবে ভিন্নতাই পরিলক্ষিত হবে বলে আমার অভিমত।

ধন্যবাদ।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: কিন্তু আমাদের হাতে একপক্ষের মাইক্রোফোন, আর আমরা বানাচ্ছি দুইপক্ষের গল্প!

৫. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৩
মনজুরুল হক বলেছেন:

১৫ কোটি হা-ভাতে মানুষের দেশে হাজার হাজার খবর থাকার পরও এতিম মেরুদন্ডহীন মিডিয়ার হাতে স্ক্রুপ আইটেম থাকেনা! একটি রসু খাঁ-ই তাদের ফেনানো গল্প উপহার দেয়। কাঁচের দেওয়ালের এপাশের প্যারাসাইটরা পপকর্ণ ছুঁড়ে মারার জন্য মুখ খোলে আর সেই ফাঁকে খবর গিলে ফেলে!

ক্রসফায়ারের রক্ততিলক মাখা জাতির ললাট আরো রক্তিম হোক।
আর আমাদের মত অক্ষমদের ঘৃণা ফলানোর জন্য আমাদের তলপেট ভারী হয়ে পেশাবের বেগ আসুক!

অসামান্য লেখা। কংগ্রাটস।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৬. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৬
মুনশিয়ানা বলেছেন: ভাইসাব, হুনছি উপর মহলে আপনার খুব ঊঠাবসা আছে... আমারে একটু হেল্প করতে পারবাইন...?

আমি রসু খাঁ' ভাইসাবের লাইফ ইস্টোরির কপিরাইট কিনতাম চাই। তাইনের গপ দিয়া একটা ফিলিমের কাহিনি, গোটা দুই কিতাব লিখতাম...!!
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: কপিরাইট দিয়া কী করবেন, অলরেডি সিরিয়াল কিলাররে লৈয়া অন্তত তিনখানা মেগাসিরিয়াল লেখা হৈয়া গেছে মনে হয়। লেইট লতিফ হৈয়া গেছেন, আমি শিউর।

৭. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৪
আয়াত বলেছেন: রসু খাঁ'র সওয়ালটা কি রাজনৈতিক না দার্শনিক?
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: তার জন্য দার্শনিক, আমাদের জন্য রাজনৈতিক।

৮. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৫
আওয়াজ বা উচ্চারণ বলেছেন:

েদায়া রইল ভাল েলখার জন্য । তয় েকানটা পথে যাই ১ না দুই ?


১.

...........কর্নেল ওয়েস্ট যেমন বলেন, মানুষের আইডেন্টিটি তৈরি হয় তার প্রত্যাশা এবং মৃত্যুভাবনা দিয়ে। রসুর এহেন মৃত্যুভাবনা তার আইডেন্টিটি তৈরি করে বৈকি।.........

.........রসু কি বলতে চাইল যে, রসু খাঁ নয় বরং ক্রসফায়ারই আমাদের সবচে নারকীয় সিরিয়াল কিলার?


২.

...... রসু খাঁর অতিদানবীয়করনের প্রকল্প মিডিয়া নিয়েছে, কাগজগুলো ঘাঁটলে এটা মনেই হয়। এমন এমন কাহিনী শোনাচ্ছে তারা, যেন একজন রশিদের খুনী রসু খাঁ হয়ে ওঠার কার্যকারণ আবিষ্কার করার দায় তাদেরই পড়ে গেছে। রসু-র বিকৃত যৌনরূচির গোড়া সন্ধানে এটাও আবিষ্কার করেছে তারা যে এই খুনী আপন দুই বোনকে বিয়ে পর্যন্ত করেছে! অথচ স্ত্রী-র মৃত্যুর পর শ্যালিকাকে বিয়ে করার একটা প্রায়-বৈধ চল বাংলাদেশের গ্রামাঞ্চলে কিন্তু আছে। সেসব এখন চলবে না। আমাদের একটা ফ্রাংকেনস্টাইন লাগবে। ..........














১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: দুইটা তো একপথই, নাকি?

১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: দুইটা তো একপথই, নাকি?

৯. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১১
ওমর হাসান আল জাহিদ বলেছেন: আপনার বিশ্লেষণী লেখাটি বেশ ভালো লাগল।

আমার মধ্যেও এখন চিন্তার উদ্রেক হচ্ছে। বিশেষ করে, শেষের প্রশ্নটার উত্তরটাই হল আসল বিষয়।
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৩

লেখক বলেছেন: দ্য আনস্যার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড!

১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৩
'লেনিন' বলেছেন: অত্যন্ত সুলিখিত এবং গভীর অন্তর্দৃষ্টি পরিলক্ষিত।
সেই অর্থে, রসু কি বলতে চাইল যে, রসু খাঁ নয় বরং ক্রসফায়ারই আমাদের সবচে নারকীয় সিরিয়াল কিলার?
এর উত্তর, হ্যাঁ

ক্রসফায়ার করা হচ্ছে গড-ফাদারদের নাম ঢাকতে। এই গড-ফাদার, কুচক্রীরা আবারও সন্ত্রাসীর জন্ম দিয়ে যাবে। এরা নিজেরা সমাজ-সেবক, ধোয়া তুলসীপাতা, নীতির পরম পরাকাষ্ঠার ধারক।

যুক্তি দেয়া হচ্ছে, নিশ্চিতভাবেই জানা কোনো অপরাধীকে বিভিন্ন প্রমাণের অভাবে(ভয়ে সাক্ষি দেয়না) গ্রেফতারের পরই জামিন দিয়ে দিতে হচ্ছে তাই ক্রসফায়ার, তা খুব ধোপে টেকে না।

রসু খাঁ'র কাহিনীতেও আকাশ-কুসুম না ঢুঁকুক তা নিশ্চিত করতে হবে।
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ লেনিন।

১২. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৩৮
সাঈফ শেরিফ বলেছেন: এরকম আরেক কুখ্যাত সিরিয়াল কিলার ছিলেন এরশাদ শিকদার। মানুষ পাইকারী হারে খুন করে সিমেন্টের বস্তার সাথে বেধে নদীতে ফেলে দিত। এদেশে এক্স ফাইলস সিরিয়াল বানানো দরকার।
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৫

লেখক বলেছেন: তাইলে সেটা মেগা সিরিয়াল হবে।

১৩. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:২৭
শফিউল আলম ইমন বলেছেন: কিছু বলার জন্য লগইন করতে হলো। অনেক লেখায়তো পড়া হয়, কিন্তু কিছু লেখা আছে পড়া শেষে পাঠকের মনে বড় আকারের একটা কোয়েশ্চন মার্ক কিংবা প্রশ্নবোধক চিহ্ন রেখে যায়। আপনার লেখাটি পড়ে সেটাই মনে হলো। শেষ লাইনের উত্তর যদি দিতে হয় বলবো 'হ্যা'
অসাধারণ লেখা। লেখালেখি চলুক।ভালো থাকুন।
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৫

লেখক বলেছেন: প্রশ্ন করাটাই শিখলাম খালি।

১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: শুক্রিয়া :)

১৫. ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৮
ইয়ামিন বলেছেন: সেই অর্থে, রসু কি বলতে চাইল যে, রসু খাঁ নয় বরং ক্রসফায়ারই আমাদের সবচে নারকীয় সিরিয়াল কিলার?

- এককথায় চমতকার বিশ্লেষন।
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: থ্যাঙ্কু!

১৬. ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৩
নাজমুল আহমেদ বলেছেন:

চমৎকার বিশ্লেষন......
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৭

লেখক বলেছেন: থ্যাঙ্কস।

১৭. ১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৮
আয়াত বলেছেন: তাইলে,
রসু খাঁর দর্শন আমগো রাজনীতি!

বাহ বেশ,
তাতেই শক্তি তাতেই মুক্তি....
১৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪৮
পি মুন্সী বলেছেন: ক্রশফায়ার নিয়ে এর চেয়ে ভাল মন্তব্য শুনিনি কখনও।
রসুর দিক থেকে দেখলে, তাঁর ক্রশফায়ারে মৃত্যু হলেই বা কী, বিচারে তাঁর নির্ঘাত মৃত্যুদন্ড হলেই বা কী - দুটোতেই তার কপালে মৃত্যু, এটা সে জানে। কিন্তু তবু রসু এই দুটোর তফাৎ কোথায় জানিয়ে আমাদের একটা শিক্ষা দিয়ে গেল; শিক্ষাটা নেবার আমরা যোগ্য কী না - সে ভার আমাদের উপর ছেড়ে দিয়ে।

ফটোফ্লাশে আপনার ঘটনা গ্রেফতার, তুলনা দুর্ধষ। আর লেখার ষ্টাইল নিয়ে আগে অনেক বলেছি।
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৯

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ পি মুন্সী!

১৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:০১
হাসান মাহবুব বলেছেন: মিডিয়ার ভায়োলেন্স গ্ল্যামারাইজ করাটা নতুন কিছুনা। এইটা নিয়ে একটা দারুন ছবি দেখসিলাম। স্যাটায়ারিক। Natural Born killers. নব্বইয়ের দশকে মনির কতৃক রীমা হত্যাকান্ডের পরে কাগজওয়ালাদের রীতিমত ঈদ লেগে গিয়েছিলো।
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৯

লেখক বলেছেন: বটেই।

২০. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৪
সুবিদ্ বলেছেন: যেসব হত্যাকাণ্ডের সুরাহা ইতোপূর্বে হয় নি, তার অনেকগুলোর দায় হয়ত নিতে হবে খাঁ সাহেবকে।

রসু খাঁ নয় বরং ক্রসফায়ারই আমাদের সবচে নারকীয় সিরিয়াল কিলার
.......

সোজা প্রিয়তে....

২২. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
ব্রাইট বলেছেন:

"সেই অর্থে, রসু কি বলতে চাইল যে, রসু খাঁ নয় বরং ক্রসফায়ারই আমাদের সবচে নারকীয় সিরিয়াল কিলার? "

রসু খাঁর কি এরম গভীর তত্ব চিন্তা করার অবকাশ এখন আছে? ধরা পড়ার পর তার এহন মনে হৈতেছে সে ভুল করছে। এহন নাকি তার মৃত (তার হাতে) মানুষগুলির আকুতির কথা শুইনা খারাপ লাগে। মাঝে মাঝে নাকি ভয়ডরও লাগে এহন (পত্রিকার কথা)।

ধরা পড়ার পর রসু খাঁ কিন্তু একবারেই সুড়সুড় কৈরা সব স্বীকার করে নাই। যদিও পুলিশ নিশ্চিত হইছেলো আগেই। তো, রসু খাঁর কি হৈলো? যখনই ভয় দেখানো হৈলো ক্রশ ফায়ার করার, সুড় সুড় কৈরা সব স্বীকার গেলো। কারন একটাই তাৎক্ষনিক মৃত্যু ভয়। সে মরতে ভয় পায়। স্রশ ফায়ার হৈলে এখনই মৃত্যু। আর সব স্বীকার করলে, বিচার-আচার হৈয়া মৃত্যুদন্ড হৈলেও তা ৫/৭ বছরের মামলা। ৫/৭ বছর কে না বেশী বাচতে চায়!!

শেষ কথা হৈলো- ""সেই অর্থে, রসু কি বলতে চাইল যে, রসু খাঁ নয় বরং ক্রসফায়ারই আমাদের সবচে নারকীয় সিরিয়াল কিলার? " এইরম ভাবনার মতো গভীর ভাবনা মন রসু খাঁর আছে কিনা সেইটা একটা বিচারের বিষয়।


তয় লেখা ভালা হৈছে। +


১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: রসুর জন্য যেইটা স্বাভাবিক উপলব্ধি, আপনার জন্য সেইটা তত্ত্বচিন্তা। রসু নিশ্চয়ই ফিলসফি পড়ে নাই, তাই নিজের চিন্তার গভীরতা মাপা তার সম্ভব না!

২৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫২
ব্রাইট বলেছেন: "রসুর জন্য যেইটা স্বাভাবিক উপলব্ধি"!!!!!


যাক, আপনেরে কি কৈয়া গেছে, নাকি কি দেখা কৈরা খবর আনছেন?
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: রসু যা কৈয়া গেছে সেইটা কাগজের পাতাতেই আছে। বলতে চাইছিলাম, যা তার সহজাত অনুভূতির প্রকাশ, তাকে আমাদের তাত্ত্বিক কাঠামোর মধ্যে প্রকাশ করতে গেলে এভাবে বলা যায়। খবর আনানেওয়া করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।

২৪. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫
পলাশ সরকার বলেছেন: "সেই অর্থে, রসু কি বলতে চাইল যে, রসু খাঁ নয় বরং ক্রসফায়ারই আমাদের সবচে নারকীয় সিরিয়াল কিলার? "

-----এক কথায় এর চেয়ে ভালো বিশ্লেষণ আগে শুনিনি। ভালো লেগেছে।
++++++++
২৫. ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৪
সহীদুল হক মাণইক বলেছেন: ক্রসফায়ারের রক্ততিলক মাখা জাতির ললাট আরো রক্তিম হোক।
২৬. ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৫
সুদীপ চৌধুরী বলেছেন: :
কিছু টিভি রিপোর্ট দেখে হাসি চেপে রাখা কষ্টকর কাজ হয়ে দাঁড়ায়। বাংলাদেশে মনোবিজ্ঞানের নাকি নতুন ধারা সূচিত হতে যাচ্ছে। ভয়ের বিনোদন ব্যাপক!
চমৎকার লেখা।
২৭. ১৯ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৪
নষ্ট কবি বলেছেন: খুব ভালো লাগলো...................................।

 

মোট সময় লেগেছে ০.৯৯২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ