আমার প্রিয় পোস্ট

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

তুমি চলে গেলে এমন হয়...

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৭

শেয়ারঃ
0 1 0

তুমি চলে গেলে এমন হয়-

তুমি চলে গেলে বুঝি,
তোমাকে বিদায় দিতে মনে মনে অপ্রস্তুত
হয়তো আমিই ছিলাম, সবচেয়ে বেশী

হয়তো আমার বাগান জুড়েই ফুটে থাকলো সব
না বলা কথার গোলাপ
বিষন্নতায় বিব্রত খুব, আধোমুখী।

হয়তো তোমাকে দেবার জন্য সযত্নে রেখে দেওয়া
একটি পাখীর পালক
ভুল করে শেষতক, রয়ে গেছে এই বুকপকেটেই

হয়তো তোমার জন্যই
সোনালী ফিঁতেয় বেঁধে রেখে দেওয়া এক নীল খাম
সারাজীবন আমাকে মনে করিয়ে দেবে
কী ভীষণ ভুলোমন ছিল বলে-পারিনি পৌঁছাতে শেষমেষ
বিদায়ী ট্রেনের সেই বিমর্ষ দরোজায়।

তুমি চলে গেলে এইসব টুকরো টুকরো সব ব্যর্থতা আমার
আমি সারারাত জোড়া দেই
অনুক্ত কথার এক সুবিশাল সম্পাদনা টেবিলে

বারবার গুণে দেখি, কতোবার
একটি আলাদা বিকেল-
আলাদা খামের মধ্যে ভরে রেখেও শেষমেষ
পারিনি পৌঁছে দিতে সন্ধ্যায়
তোমার সখ্যতায়।

তুমি চলে গেলে এমন হয়-
তুমি চলে গেলে ভাবি, একটি গানের সুর
কতোবার শোনাতে চেয়েছি তোমাকে এই
অপারগ বেসুরো গলাতেই-

ভাবি, কতোবার রাত্রির নিঃস্তব্ধতা ভেঙ্গে
তোমার জন্য লেখা কবিতার আবৃত্তি আমার
ভেসে গেছে নির্জনতায়, নিস্পৃহ এক
অন্ধকার কালো মেঘে।

তুমি চলে গেলে ইতস্ততঃ এখানে সেখানে
তোমার ফেলে রেখে যাওয়া স্মৃতির রুমালগুলো
এইভাবে যত্নে জড়ো করি,

ভাবি, হয়তো অজানা অচেনা কোন কষ্ট নিয়েই
শেষমেষ ফিরে গেছো তুমি-
হয়তো শহর পারেনি সার্থকতায়
তুলে দিতে কিছু ফুল
যথাযথ সম্ভাষণে, ঐ হাতে-

হয়তো নিস্পৃহ নগর ব্যর্থ হয়েছে নিদারুণ
সাজাতে নৈর্বেদ্য তোমার, বিদায়ের পথে পথে।

হয়তো আমার উপর কোন অজানা অনুযোগ নিয়েই
শেষতক ফিরে গেছো তুমি-

হয়তো আমার কাছে, একান্ত অধিকার ছুঁয়ে
যেটুকু প্রাপ্তি ছিল তোমার
আমি তার কোনটাই, মেটাতে পারিনি!

তুমি চলে গেলে এইসব ব্যর্থতার তালিকা নিয়ে
এলোমেলো, ঠিকানাবিহীন সব পথ হেঁটে চলি-

কখনো অবাক হয়ে ভাবি-
যে শব্দমালা লিখেছি দিনের পর দিন, কবিতার খাতায়-
বুকের অলিন্দে,
না বলা কথার নির্জনতায়- নিঃশব্দে, নিরিবিলি-

আমি কি পেরেছি তা, অতঃপর
শুভেচ্ছার গালিচা বানিয়ে
একবারও বিছিয়ে দিতে, দ্বিধাহীণ দৃঢ়তায়
তোমার চলে যাওয়া, কান্নার পথে পথে?


..........................................................................................
(একই সাথে পড়া যেতে পারে আমার অন্য আরেকটি কবিতাঃ
তুমি ফিরে আসলেই শুধু এমন হয়... )



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৩
সহেলী বলেছেন: শত সহস্র বার কথাগুলো মনে হলেও তো কবিতা হতে পারেনি ! আপনার কবিতায় এমনি করে ধরা পড়লো যা আরো অনেকের মনে আসে । অসাধারন !
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০

লেখক বলেছেন:

এটাও কবিতা কী না কে জানে!

ধন্যবাদ।

২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৪
আইরিন সুলতানা বলেছেন: ব্লগে অনিয়মিত হলেও আপনার কবিতায় সেই নিয়মিত গভীর আবেগ ...


২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন:

ঠিকই বলেছেন, আবেগকে আর অনিয়মিত করতে পারলামনা।
আছেন কেমন?

৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩০
জেরী বলেছেন: ভালো লাগলো
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন:

ধন্যবাদ জেরী।

৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৯
কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো। এমন লেখা সুনীল সমুদ্রকেই মানায়। শুভ কামনা রইলো।
৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪২
রুমমা বলেছেন: এত্ত সুন্দর কবিতা ভাষা নাই কিছু বলার।যাকে বলে অন্ধ ভক্ত হয়েগেলাম বাকী সব ব্লগারদের মতই।
৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩
সহেলী বলেছেন: নীচে যেটার লিঙ্ক দিয়েছেন, তার তুলনায় এটি আমার বেশী ভাল লেগেছে । তবে এমন কবিতা পড়তে সুযোগ করে দেয়ায় ধন্যবাদ । বার বার পড়তে হবে এ কবিতা ।
৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৩
শত রুপা বলেছেন: কখনো অবাক হয়ে ভাবি-
যে শব্দমালা লিখেছি দিনের পর দিন, কবিতার খাতায়-
বুকের অলিন্দে,
না বলা কথার নির্জনতায়- নিঃশব্দে, নিরিবিলি-

আমি কি পেরেছি তা, অতঃপর
শুভেচ্ছার গালিচা বানিয়ে
একবারও বিছিয়ে দিতে, দ্বিধাহীণ দৃঢ়তায়
তোমার চলে যাওয়া, কান্নার পথে পথে?
৮. ০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৫:২২
অন্তিম বলেছেন: কবি,
ভক্ত হয়ে গেলাম আপনার।
চমৎকার লিখেছেন।

বেশ কয়েকটি কবিটা পরেছি, আরও পরব।

ভাল থাকবেন।
৯. ০৬ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২২
মাজুল হাসান বলেছেন: আমি কি পেরেছি তা, অতঃপর
শুভেচ্ছার গালিচা বানিয়ে
একবারও বিছিয়ে দিতে, দ্বিধাহীণ দৃঢ়তায়
.............
এখানকার কাব্যিক টোনটা ভাল লাগল বেশি।
১০. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ৮:৪১
জিনাত বলেছেন: হয়তো আমার কাছে, একান্ত অধিকার ছুঁয়ে
যেটুকু প্রাপ্তি ছিল তোমার
আমি তার কোনটাই, মেটাতে পারিনি!
বেশ লিখেন আপনি
১১. ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ৭:৪৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি দারুণ মায়াময় কবিতা ..........
আপনিই পারেন এভাবে এত সুন্দর করে লিখতে।
আপনার কবিতা যখন লিখে ফেলেন ,কেমন করে যেনো আমাদের হয়ে যায়............
আপনার থাকে না আর।

ভালো থাকবেন ।
অনেক শুভকামনা আর শুভেচ্ছা।
নতুন কবিতার অপেক্ষায়।
১২. ২৮ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: সুনীল দার বাসায় যেতে চাই। সুনীল দার তুমি কে দেখতে চাই। ;)

 

মোট সময় লেগেছে ২.০৪৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
sunil_samudra@yahoo.com

মননশীল মানুষ, পরমাশ্চর্য্য প্রকৃতি, আর সৃষ্টিশীল যে কোন কাজের প্রতি রয়েছে অলংঘ্য, দুর্নিবার এক আকর্ষণ।

রয়েছে গান, কবিতা, ফটোগ্রাফী আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ