আমার প্রিয় পোস্ট

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

অক্ষয় অব্যয় আপেল এবং ফ্রীজার-বিহীন আগামীদিনের বাংলাদেশ

২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪

শেয়ারঃ
0 0 0


ছবির আপেল দুটো আমার বাসার ডাইনিং টেবিলে রাখা আছে। প্রায় মাস দুয়েক আগে বাসায় দুকেজি আপেল কেনা হয়েছিল। সেখান থেকেই দুটো আপেল খাওয়া হয়নি বলে টেবিলের উপরে ঝুড়িতে রাখা ছিল। বেশ কিছুদিন পর খেয়াল করলাম- অনেকদিন পার হয়ে গেলেও আপেল দুটোর মধ্যে কোন পরিবর্তন নেই। অর্থাৎ পঁচে যাওয়া বা গলে যাওয়া কিংবা সামান্যতম নরম হয়ে যাওয়ারও কোন লক্ষণ নেই।

আমাদের আগ্রহ বেড়ে গেল। আপেল দুটো দিনের পর দিন একই অবস্থানে রাখা হল। এক এক করে পার হয়ে গেল দুমাস। কিন্তু আপেল দুটোর কোন পরিবর্তন নেই । যেন অক্ষয় অব্যয় দুই আপেল। মনে হচ্ছে এ আপেল ভালো রাখার জন্য রেফ্রিজারেটরে রাখার কোন দরকার নেই! উন্মুক্ত আকাশেই হয়তো অক্ষয় অব্যয় দুই জ্বলজ্বলে তারার মতো অমর হয়ে বেঁচে থাকবে এ আপেল। শুধু এক মাস, দু মাস নয়। .....হয়তোবা হাজার হাজার বছর। হয়তোবা অনন্তকাল!

আমরা আমাদের কূটবুদ্ধির রসায়ন দিয়ে আপেলকে অমর বানিয়েছি। আর শুধু কি আপেল? আমার আরেক বন্ধু জানিয়েছে অক্ষয় টমেটোর কথা। সেটিও ফ্রিজারের বাইরেই পাথরের মতো শক্ত থাকে বহুদিন । কোন পচন নেই। কোন বিনাশ নেই। পচন আর বিনাশ বিহীন এক অদ্ভুত অক্ষয় বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। শুনেছি রাজধানীতে প্রেরনের আগে রাজশাহীতে উন্মুক্ত স্থানেই স্তূপাকারে সাজানো টমেটোতে প্রকাশ্যে কেমিক্যাল স্প্রে করা হয়। সবাই তাকিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখে। ঢাকায় বসে টমেটোর সালাদ খাওয়ার সময় আমরা ঢাকার ভোক্তারা হা হুতাশ করতে থাকি- কেন লবন দিয়ে এক ঘন্টা আগে মাখানো সত্ত্বেও সালাদের টমেটো নরম হচ্ছে না...!

কয়েকদিন আগে পচন আর বিনাশবিহীন অদ্ভুত সাফল্য গাঁথার আরেক গল্প শুনলাম। এক ভদ্রলোক বাজার থেকে শৈল মাছ কিনে এনেছেন। হঠাৎ বাড়ী থেকে মা’য়ের স্ট্রোকের সংবাদ শুনে উনি দ্রুত পুরো ফ্যামিলি নিয়ে দেশের বাড়ীতে রওয়ানা হয়ে যান।.. যাওয়ার সময় তাড়াহুড়োর কারণে শৈল মাছ ফ্রীজারে রেখে যেতে ভুলে গেলেন।... দুদিন পর বাসায় ফেরার সময় তারা সবাই প্রায় শতভাগ নিশ্চিত যে, বাসায় ফিরেই তীব্র দুর্গন্ধ পাবেন মাছ পঁচে যাওয়ার।..... কিন্তু কীসের কী! দেশের আবহাওয়া-তো পচন আর বিনাশবিহীণ! তাই দুদিন পরেও তারা পেয়ে গেলেন অক্ষয় অব্যয় শৈল মাছ। পঁচা নয়, গলা নয়, তখনো পুরোপুরি খাওয়ার উপযোগী !!....

অতএব আগামী দিনের নতুন বর-বধূদের জন্য মহা সুসংবাদ! আগে যেমন নতুন সংসার পাতার পরপরই একটি রেফ্রিজারেটর/ডিপফ্রিজ কেনার চেষ্টায় সবাই তটস্থ হয়ে থাকতেন, সেটির প্রয়োজন বা অত্যাবশ্যকতা ফুরিয়ে যাচ্ছে অচিরেই।.. আগামী দিনের অক্ষয় অব্যয় নতুন আবহাওয়ার বাংলাদেশে রেফ্রিজারেটর বা ডিপফ্রিজার ছাড়াই চলতে পারবেন মহা উল্লাসে! কোনরূপ শীতলতার স্পর্শ ছাড়াই দিনের পর দিন টিকে থাকবে আমাদের দেশের সব শাক-সবজী, শষ্য ভান্ডার আর ফল-ফলাদী।


একটি সময় আসছে সামনে- অসাধারণ
যখন এই অক্ষয় অব্যয় সব খাদ্য
আর মহাপ্রাণ ফল-ফলাদীর ভারে
নত হয়ে যাবে আমার স্বদেশ...

একটি সময় আসছে সামনে- আনন্দের
যখন মাছেরা অমর হবে, বাড়ীতে বাড়ীতে সব
খাবারের টেবিলগুলো ভরে থাকবে পঁচন আর
বিনাশবিহীণ অপরূপ সব খাদ্য ভান্ডারে

একটি সময় আসছে সামনে- বেদনার
যখন শুধু মানুষেরা অমরত্ব পাবেনা কিছুতেই
মরবার বহু আগেই তারা মরে থাকবে সঙ্গীহীণ
কঠিন সব রোগে ভুগে, একা একা-

শুধু নিজেদের অমর বানাবার জন্য
কোন রসায়নদ্রব্য খুঁজে পাবে না তারা
তন্ন তন্ন করেও সারাদেশে.....
শুধু নিজেদের পঁচন আর বিনাশ তারা
ঠেকাতে পারবেনা শেষমেশ
নিজেদের কদর্য কূটকৌশলের অবশ্যম্ভাবী পরিণামে!

একটি সময় আসছে সামনে- লজ্জার!
যখন চিন্তামগ্ন চোখে একদিন খুব ভোরে
আবার আমাদের দিকে চেয়ে মৃদু হাসবেন
প্রিয় কবি শামসুর রাহমান..

একটি কবিতার বইয়ের দিকে অঙ্গুলী হেনে
নিশ্চিত বলে উঠবেন-
আমিতো বলেছি সেই কবেই-
উদ্ভট উটের পিছে চলেছে স্বদেশ!

................................................................

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিপন্ন সময় ;
প্রকাশ করা হয়েছে: আমার অনুভব  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩০
দ্বিজু বলেছেন: রাসায়নিক কারনে নয়। আপেলের ব্যাপারটা আসলে ভিন্ন। এর গঠন উপাদান এর কারনেই সম্ভবত এমন হয়ে থাকে। এ শুধু নিজেই না, অন্য সব্জিকেও দ্রুত পচন থেকে রক্ষা করে, আপনি আলুর বাক্সে একটা আপেল রেখে দিন, সহজে পচবে না আলুগুলো।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৫

লেখক বলেছেন:
আপেলের ক্ষেত্রে যদি এ ধরনের কোন কারণ থেকেও থাকে, তবুও অন্যান্য খাদ্য দ্রব্যের সাথে রাসায়নিক দ্রব্য মিশিয়ে সেগুলোকে পচনবিহীণ অক্ষয় বানানোর চেষ্টাকে আমরা সমর্থন করতে পারিনা! আমরা কঠিন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে বাচতে চাই।

৩. ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩০
শূন্য আরণ্যক বলেছেন: হায়রে বিজ্ঞান -- হায়রে অগ্রগতি ।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন:


বিজ্ঞানের দোষ নয়, দোষ এর ব্যবহারকারীদের!

৪. ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩১
রাতমজুর বলেছেন:
বোধহচ্ছে আমরা অমরতার দিকে এগুচ্ছি, আপাতত: পঁচনশীল খাদ্য বস্তু অমরতা পাচ্ছে কেমিক্যালের গুনে, কদিন পরে দেখা যাবে আমরা অমরত্বের প্রত্যাশায় বোতল বোতল ফরমালিন ইত্যাদি গলায় ঢালছি।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৭

লেখক বলেছেন:

সেটাই হবে হয়তো।

৫. ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩২
মন মানে না বলেছেন: দ্বিজু র সাথে একমত ।
৬. ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৪
কালপুরুষ বলেছেন: ভাল লেখা। জানা গেল অনেককিছু।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৭

লেখক বলেছেন:


ধন্যবাদ কালপুরুষদা।

৭. ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫২
ব্রাইট বলেছেন: আমরা মরার পরও অক্ষয় মমি হয়ে বেচে থাকবো!
৮. ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৯
ফালতু মিয়া বলেছেন: শুধু আপেলই নয় অন্যান্য সবজির বিষয়ে এক কথাই বলা যায়। আমি অবশ্য এথেকে পরিত্রাণের একটি উপায় দেখি। ব্যক্তিগত ভাবে এসব না খাওয়াই ভাল, অসময়ে টমেটো কেন খাবেন?
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন:

ঠিক বলেছেন, অসময়ে টমেটো কেন খাবো...?

১০. ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৮
এস বাসার বলেছেন: আপেল, আংগুর, আম, মালটা এগুলি আদিকালে পঁচতো, ডিজিটাল যুগে এগুলান অমর।

আফনে এখনো এনালগই থেকে গেলেন নাকি?
১২. ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৩
শেরজা তপন বলেছেন: আরো কত কিযে হচ্ছে আমাদের অগোচরে আল্লা মালুম!
কোন একদিন হয়ত দেখব মাসের পর মাস হজম হচ্ছে না-পেটের মধ্যেও ওগুলো অবিকৃত অবস্থায় আছে:(
১৩. ২৩ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৫
সহেলী বলেছেন: ভাল বলেছেন ।

 

মোট সময় লেগেছে ২.৩৮৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
sunil_samudra@yahoo.com

মননশীল মানুষ, পরমাশ্চর্য্য প্রকৃতি, আর সৃষ্টিশীল যে কোন কাজের প্রতি রয়েছে অলংঘ্য, দুর্নিবার এক আকর্ষণ।

রয়েছে গান, কবিতা, ফটোগ্রাফী আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ